তাঁরাই যখন'দেশের শত্রু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজা ও মরগানরা এখন ব্যাট ধরেন জন্মভূমির বিপক্ষে।ফাইল ছবি
রাজা ও মরগানরা এখন ব্যাট ধরেন জন্মভূমির বিপক্ষে।ফাইল ছবি

২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের এড জয়েসকে বোল্ড করেছিলেন আয়ারল্যান্ডের বয়েড র‌্যানকিন। পরশু আয়ারল্যান্ডের এড জয়েসকে হিট উইকেট করলেন ইংল্যান্ডের বয়েড র‌্যানকিন! মাঝে দুই বছর আবার দুজন একসঙ্গে খেলেছেন আয়ারল্যান্ডের হয়ে।
তালগোল পাকিয়ে যাচ্ছে সব? তাহলে আপাতত এখানেই থেমে চলুন যাওয়া যাক বিশ্বের আরেক প্রান্তে। জয়েস আর র‌্যানকিন যখন ‘শত্রু’ থেকে বন্ধু হয়ে আবার শত্রুতার নতুন অধ্যায় শুরু করছেন, হারারেতে তখন স্বপ্নের টেস্ট ক্যাপ পাচ্ছেন সিকান্দার রাজা বাট। জন্ম শিয়ালকোটে, শৈশবও কেটেছে ক্রীড়াসামগ্রীর জন্য বিখ্যাত পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের ওই শহরে। পাকিস্তানের ম্যাচেই পেলেন টেস্ট ক্যাপ, তবে পাকিস্তানের ক্যাপ নয়। জিম্বাবুয়ের হয়ে টেস্ট অভিষেক হলো রাজার জন্মভূমির বিপক্ষে! ১১ বছর ধরে জিম্বাবুয়েতে আছেন রাজার বাবা-মা; রাজার দেশও তাই এখন জিম্বাবুয়ে! কাল অভিষেক ইনিংসে জন্মভূমির বিপক্ষে করেছেন ৬০।
নানা বাস্তবতা আর বদলে যাওয়া বাঁকে ভিনদেশকে এভাবে আপন করে নেওয়ার নজির কিন্তু এমন অনেক আছে। পরশুর ওই ম্যাচেই ছিলেন এমন আরও চরিত্র। শুরুতেই বলা ২০০৭ বিশ্বকাপের ওই ম্যাচে আয়ারল্যান্ডের এউইন মরগানের সঙ্গে গায়ানার মাঠে রক্তচক্ষু বিনিময় হয়েছিল ইংল্যান্ডের রবি বোপারার। পরশু সেই বোপারার সঙ্গে বিশ্ব রেকর্ড জুটিতে আয়ারল্যান্ডকে হারিয়ে দিলেন ইংল্যান্ডের মরগান! সেটাও কিনা ডাবলিনের ম্যালাহাইড ভিলেজে, যে মাঠে খেলেই বেড়ে উঠেছেন মরগান, স্বপ্ন দেখেছেন একদিন আয়ারল্যান্ডের হয়ে খেলার!

এই ম্যাচেই শুরুতে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডকে কাঁপিয়ে দেওয়া আইরিশ পেসার টিম মারটাঘ আবার আদতে ইংলিশ! জন্ম, বেড়ে ওঠা থেকে শুরু করে জীবনের প্রথম ৩১ বছর ছিলেন পুরোপুরিই ইংলিশ। আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন ইংলিশ হয়ে থাকলেও তা পূরণ হওয়ার নয় বুঝতে পেরে গত বছর বেছে নিয়েছেন দাদার দেশ আয়ারল্যান্ডকে!

আধুনিক ক্রিকেটে পরদেশকে আপন করে নেওয়ার সবচেয়ে আলোচিত উদাহরণ অবশ্যই কেভিন পিটারসেন। জন্ম, বেড়ে ওঠা, ক্রিকেটে জড়ানো—সবই দক্ষিণ আফ্রিকায়। খেলেছেন সেখানে অনূর্ধ্ব-১৯ দলেও। কিন্তু ঘরোয়া ক্রিকেটে মাত্রাতিরিক্ত কৃষ্ণাঙ্গ কোটায় ক্ষুব্ধ হয়ে পাড়ি জমান ইংল্যান্ডে। দেশ ছাড়ার বছর পাঁচেকের মধ্যে আন্তর্জাতিক অভিষেক। জন্মভূমির বিপক্ষে ওয়ানডে সিরিজে বিধ্বংসী ব্যাটিং করেই নিজেকে জানান দিয়েছেন ক্রিকেট-বিশ্বে। সেই দক্ষিণ আফ্রিকান এখন ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন।

শুধু পিটারসেনই বা কেন, বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে বয়সভিত্তিক পর‌্যায়ে অন্য দেশের হয়ে খেলা ক্রিকেটারদের তালিকাটা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। একসময়ের সতীর্থের ‘শত্রু’ হয়ে ওঠার নজিরও তাই ভূরি ভূরি। ১৯৯৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে একসঙ্গে খেলেছিলেন মাইকেল ল্যাম্ব ও রবিন পিটারসেন। গত বছর সেই পিটারসেনের বিপক্ষে ল্যাম্ব খেললেন ইংল্যান্ডের হয়ে। দক্ষিণ আফ্রিকার ওই দলেই খেলা গ্রান্ট এলিয়ট এখন কিউই, ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর ব্যাটিং গড় (৩৫.৫০) ক্যারিয়ার গড়ের চেয়ে বেশি (৩১.৫৫)।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সতীর্থ শোয়েব মালিক, আবদুল রাজ্জাকদের বিপক্ষে অবশ্য এখনো খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের, তবে হতে পারে যেকোনো দিন। ইংলিশ কাউন্টিতে দীর্ঘদিন খেলা এই তাহির আবার খেলতে পারতেন ইংল্যান্ডের হয়েও!

২০০০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একসঙ্গে খেলা জোনাথন ট্রট আজ গ্রায়েম স্মিথ, ইয়োহান বোথা, আলবি মরকেলদের সামনে বাধার প্রাচীর হয়ে উঠছেন নিয়মিতই। ২০০২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রস টেলর, জেসি রাইডারদের সঙ্গে নিউজিল্যান্ড দলে খেলা পিটার বোরেন আজ নেদারল্যান্ডের অধিনায়ক। ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে খেলা কলিন ডি গ্র্যার‌্যান্ডহোমের আন্তর্জাতিক অভিষেক হয়েছে গত বছর নিউজিল্যান্ডের হয়ে, জিম্বাবুয়েরই বিপক্ষে! ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ওপেন করতেন ক্রেইগ কিসওয়েটার, বোলিং ওপেন করতেন ওয়েইন পারনেল। আন্তর্জাতিক ক্রিকেটেও দুজনের একই ভূমিকা, তবে দুজন এখানে মুখোমুখি। কিসওয়েটার যে এখন ইংল্যান্ডের! পাকিস্তানি ফাওয়াদ আহমেদ অস্ট্রেলিয়ান হয়ে শিগগিরই খেলবেন হয়তো পাকিস্তানের বিপক্ষে!

আন্তর্জাতিক ক্রিকেটেও দুই দেশের হয়ে খেলা ক্রিকেটারের সংখ্যা নেহাত কম নয়, ২২ জন! এর মধ্যে বিলি মিডউন্টার আবার অনন্য। অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট খেলার পর ইংল্যান্ডের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন চার টেস্ট। পরে আবার অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন ছয় টেস্ট!

আবারও নিশ্চয়ই জট পাকিয়ে যাচ্ছে সব? আপাতত তবে এখানেই থামা যাক। তাঁদের সবারই অবশ্য দেশ ছাড়ার পেছনে আছে অনেক অনেক গল্প। ওসব না হয় তোলা থাক আরেক দিনের জন্য!