তাঁরাও হতে পারতেন গুরু-শিষ্য
স্যার অ্যালেক্স ফার্গুসনের অনেক শিষ্য এখন পুরোদস্তুর কোচ। মার্ক হিউজ, স্টিভ ব্রুসদের মতো সাবেক ম্যানইউ তারকারা তো এরই মধ্যে নামও করেছেন। সেই সাবেক শিষ্যদের একজন হতে পারতেন পেপ গার্দিওলাও। ২০০১ সালে বার্সেলোনা থেকে গার্দিওলাকে ম্যানইউতে আনতে চেয়েছিলেন ফার্গুসন। শেষ পর্যন্ত অবশ্য গার্দিওলা বার্সা ছেড়ে যোগ দেন ব্রেসিয়ায়।‘যখন সে বার্সেলোনা ছেড়ে ইতালিতে গেল, তখন আমি ওর এজেন্টের সঙ্গে কথা বলেছিলাম। ওর ব্যাপারে আমরা বেশ আগ্রহী ছিলাম। কারণ আমার দৃষ্টিতে ও ছিল খুবই ভালো ফুটবলার, বল বেশ ভালো পাস দিত সে’—গার্ডিয়ানকে বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।‘হলেও হতে পারত’ এই শিষ্যের মুখোমুখি এর আগেও হয়েছেন ফার্গুসন। সেটি ২০০৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। সেবার কিন্তু গার্দিওলার বার্সেলোনাই জিতেছিল। ফার্গুসনের সামনে এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ। নাকি আবারও জয় হবে গার্দিওলারই!সে হিসাব পরে হবে। তবে আপাতত এই লড়াই ভুলে কোচ গার্দিওলার প্রশংসাই করলেন ৭০ বছর বয়সী ফার্গুসন, ‘বার্সেলোনার জন্য ও ভিন্ন এক দর্শন গড়ে তুলেছে। আমার ধারণা, আরও বৃহৎ পরিসরে খেলা, মাঠের পুরোটাই ব্যবহার করার এই চলটা শুরু হয়েছিল ক্রুইফের সময় থেকেই। ২০ বছর ধরে ওদের মিডফিল্ডারদের যদি দেখেন, ওরা প্রত্যেকেই শারীরিক আকৃতিতে খর্বকায়। তার পরও এটা তাদের জন্য সমস্যা হয়নি, কারণ ওরা সব সময় প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে। এবং মাঠের কোন জায়গাটায় সেই চাপ তৈরি করতে হবে ওরা ভালো করেই জানে। গার্দিওলা এটাই ভালোমতো নিয়ে এসেছে এই দলটায়।’বার্সার এই পাসিং ফুটবলের কাছেই ফার্গুসনের দীর্ঘ অভিজ্ঞতার পরাজয় হয়েছিল দুই বছর আগের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। এবার অবশ্য ভালোমতোই প্রস্তুত হচ্ছেন এই স্কটিশ। আগেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে বিশ্রামও দিয়েছেন। ফার্গুসন তাই আত্মবিশ্বাসী, ‘আমাদের খেলোয়াড়েরা তরতাজা হয়ে উঠেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তা ছাড়া দু-তিন মাস ধরে রুনি বেশ ভালো ফর্মে আছে। ভ্যালেন্সিয়া-পার্কও সতেজ আছে। হার্নান্দেজও বাকি সবার জন্য বাড়তি সুবাতাস এনে দিয়েছে।’কিন্তু গার্দিওলাও তো তাঁর শিষ্যদের বিশ্রাম দেওয়ার সুযোগ পেয়েছেন। শেষ দুই ম্যাচে মাঠেই নামেননি মেসি। ফার্গুসন অবশ্য মেসিদের নিয়ে বেশি না ভেবে নিজেদের খেলাটাই খেলতে চান, ‘মেসি কী করতে পারে, তা নিয়ে আমরা ভেবে দেখব। তারা তাদের মতো করে মাঝমাঠে পাসিং ফুটবল খেলে যাবে, আমাদের পায়ে বল দিতে চাইবে না। তবে আমরা যদি ওদের দিকে বেশি মনোযোগ দিয়ে ফেলি, তা হলে বিপদ হবে। এ কারণেই আমি নিজেদের খেলাতেই মনোযোগ দিতে চাই।’ ওয়েবসাইট।