কোনো অজুহাত নেই। এমন পারফরম্যান্সের পর আসলে অজুহাত দেখানোরও কিছু নেই। ব্রেন্ডন ম্যাককালামের প্রতিক্রিয়ায় থাকল ব্যর্থতার সরল স্বীকারোক্তি। তবে ব্যর্থতা মেনে নিয়ে পার পাচ্ছেন না কিউই অধিনায়ক। ‘৪৫’ লজ্জায় ক্ষোভে ফেটে পড়েছে নিউজিল্যান্ডের ক্রিকেটাঙ্গন। উঠেছে সমালোচনার ঝড়। টেস্টে নিজের প্রথম টসটা জিতে ব্যাটিং নিয়েছিলেন। দল খেলতে পারেনি ২০ ওভারও। অধিনায়ক আর কীই-বা বলবেন! ‘যেমন ব্যাটিং করা উচিত ছিল, তার ধারেকাছেও করতে পারিনি আমরা। আমরা সবাই বিষণ্ন। ড্রেসিংরুমে সবাই খুব কষ্ট পাচ্ছে। এমন পারফরম্যান্সের পর সবার হূদয় ভেঙে গেছে’—পরশু কেপটাউনে প্রথম দিনের খেলা শেষে বলেছেন ম্যাককালাম।নিজেদের ব্যর্থতার পাশাপাশি প্রতিপক্ষকেও কৃতিত্ব দিয়েছেন ম্যাককালাম, ‘ফিল্যান্ডারের স্পেলটি সম্ভবত টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা স্পেলগুলোর একটি। মরকেল ও স্টেইনও অবদান রেখেছে বিধ্বংসী বোলিংয়ে। বাজে ব্যাটিং পারফরম্যান্সের সঙ্গে দুর্দান্ত বোলিং মিলিয়েই এই বিপর্যয়।’তবে ‘ভগ্নহূদয়’ ড্রেসিংরুম কোনো সহানুভূতি পায়নি নিউজিল্যান্ডে। রেডিও স্পোর্ট বলেছে, ‘পুরোপুরি বিব্রত...আবারও।’ রস টেলর বিতর্ককে আড়াল করতে প্রয়োজন ছিল মাঠের পারফরম্যান্স, কিন্তু হলো উল্টো। নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকায় ডেভিড লেগাত সেটিই লিখেছেন, ‘প্রায় তিন যুগ ক্রিকেট কভার করছি, আজকের মতো বাজে কিছু এই চোখ দুটি আর দেখেনি। ব্যাটিং বিপর্যয়ের পর বোলিংও ভালো হয়নি, ফিল্ডিং ছিল স্কুলের বাচ্চাদের মতো। এ সময়টায় নিউজিল্যান্ডের ক্রিকেটারদের প্রয়োজন ছিল একতাবদ্ধ হয়ে লড়াই করে নিজেদের প্রমাণ করা। কিন্তু রৌদ্রতাপে আইসক্রিমের মতো ওরা গলে গিয়েছে।’ডানকান জনস্টনের কাছে এটা ‘চূড়ান্ত অপমান।’ ফেয়ারফ্যাক্স মিডিয়ার প্রতিনিধি সবশেষে বলেছেন যেন সবার মনে কথাটাই, ‘আমরা জানতাম, এ দলটা খারাপ, তবে খুব কম লোকই ভাবতে পেরেছিল ওরা এতটা খারাপ!’ এএফপি, রয়টার্স।