‘দেখো, আমরা কীভাবে খেলি!’এটি কোনো ব্যানারে লেখা স্লোগান নয়। মাঠে নেমে ইরাকের তরুণ ফুটবলারদের সদম্ভ ঘোষণা। এমনই যে, চোখ সরানো যায়নি! বাংলাদেশের ফুটবলারদের নাচিয়ে ইরাকের ৬-০ জয়। এটিও বোঝাতে পারছে না ম্যাচের আসল ছবিটা।দুরন্ত গতি, স্কিল, নিখুঁত পাস। সঙ্গে পরিকল্পনা—কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ইরাকি তরুণদের রাজত্ব। শারীরিকভাবে বাংলাদেশের তরুণদের চেয়ে এগিয়ে ইরাকিরা। ফিটনেসও অনেক ভালো। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ তাই ‘নিয়তি’ লিখনই!অফসাইডে দুটি এবং হ্যান্ডবলে একটি গোল বাতিল হয়েছে ইরাকের। নইলে গোলের মালাটা আরও লম্বা হতো। বাংলাদেশ দলে এমনিতেই সামর্থ্যে পিছিয়ে। তার ওপর এই দলের জন্য বিদেশি দলের বিপক্ষে অনুশীলন ম্যাচও আয়োজন করতে পারেনি বাফুফে। কী-ই বা আর আশা করা যায়!এই কিছুদিন আগেই ইরাকের মাটিতে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে বাংলাদেশ এই ইরাকের কাছেই ৭-০ গোলে হেরেছিল। কাল দুই দেশের অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ শুরু হতেই ব্যবধানটা পরিষ্কার। গোলবন্যার ইঙ্গিত!আক্রমণে দিশেহারা বাংলাদেশ ১০ মিনিটে পেনাল্টি উপহার দিল। বক্সে ইরাকের ডিফেন্ডার আদনান কাদিমকে অহেতুক ফাউল করেন সজীব। পেনাল্টি থেকে ডিফেন্ডার ইসমাইল দাউদের গোল। ২২ মিনিটে বাংলাদেশের রক্ষণের ভুলে দুই ফরোয়ার্ড কারেম আর আলী কাশিমের যুগলবন্দীতে ২-০। কাশিমের দারুণ লক্ষ্যভেদি শটে পরাস্ত বাংলাদেশ গোলরক্ষক রাসেল।ডাগ-আউটে দাঁড়িয়ে বাংলাদেশের কোচ নিকোলা ইলিয়েভস্কি তখন বাস্তবের জমিনে। মালদ্বীপকে প্রথম ম্যাচে ৩-০ গোলে উড়িয়ে শুভসূচনা, এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন ইরাকের বিপক্ষে লড়াইয়ে প্রতিশ্রুতি ছিল তাঁর। প্রথম ম্যাচের একাদশ বদলে এ দিন পাঁচটি পরিবর্তন। দুই গোল করা স্ট্রাইকার মাসুদ রানাও নেই (৫৫ মিনিটে অবশ্য নামানো হয়েছে মাসুদকে)। নিজের সেরা একাদশ নামিয়েও ইলিয়েভস্কি দেখলেন, দুই দলে যোজন-যোজন ব্যবধান।অপ্রতিরোধ্য আদনান কাদিম ৫৪ মিনিটে ৩-০, ৭২ মিনিটে বদলি ফরোয়ার্ড আবদুল রহিম গোলরক্ষককে টলিয়ে দর্শনীয় শটে ৪-০ করেন। চার গোলেও খুশি ছিল না ইরাক। ৮৩ আর ৮৫ মিনিটে বদলি ফরোয়ার্ড আলী হোসেনের আরও দুটি গোল। শেষ বাঁশি শুনে যেন হাঁফ ছেড়ে বাঁচল বাংলাদেশ দল!২০০৯ সালে এই টুর্নামেন্টেই ৫-০ গোলে ভারতকে হারিয়েছিল ইরাক। রেকর্ড জানাচ্ছে, দলটি গত বছর বাহরাইন, উত্তর কোরিয়া আর উজবেকিস্তানের কাছে হেরেছে ২-১, ৩-০ ও ২-০ গোলে। কিন্তু দুর্বল বাংলাদেশের সাধ্য কী ইরাককে রোখার! যেমন বাংলাদেশের কাছে ৩ গোল খাওয়া মালদ্বীপ কাল ওমানের কাছেও হারল ৪-০ গোলে।‘নিজের ক্যারিয়ারে কখনো ছয় গোল খাইনি’ বলে দাবি করে বাংলাদেশ কোচ ইলিয়েভস্কি আসল সত্যটা কবুল করলেন, ‘সব দিক থেকেই আমরা ইরাকের চেয়ে অনেক পিছিয়ে। ভালো দলের কাছেই আমরা হেরেছি।’আগামীকাল প্রতিপক্ষ সৌদি আরব। সেটিতে কী অপেক্ষা করছে কে জানে!