তাইওয়ানে তিনে সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইওয়ানে ধেয়ে আসছে টাইফুন ফিটো। সেটারই প্রভাব রাজধানী তাইপেতে। বাজে আবহাওয়ার মধ্যেই হচ্ছে মারকারিস তাইওয়ান ওপেন। প্রচণ্ড বাতাসে শট খেলাই মুশকিল। কাল তৃতীয় রাউন্ডে পারের চেয়ে কম শট খেলতে পেরেছেন মাত্র চারজন। সেই চারজনের একজন সিদ্দিকুর। বাংলাদেশের গলফার কাল পারের চেয়ে খেলেছেন ১ শট কম। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ২ শট কম, সিদ্দিকুর উঠে এসেছেন তিনে। তাঁর ওপরে আছেন শুধু অস্ট্রেলিয়ার স্কট হেন্ড (-৫) ও যুক্তরাষ্ট্রের স্যাম সির (-৪)। থাইল্যান্ডের পানুফল পিত্তায়ারাতও খেলেছেন সিদ্দিকুরের সমান শট।
দিনটা কতটা কঠিন ছিল সেটা পরিষ্কার সিদ্দিকুরের কথাতেই, ‘আজকের দিনটা খুব কঠিন ছিল। আমি আজ পারের সমান স্কোর করতে পারলেই খুশি থাকতাম। পারের চেয়ে এক শট কম, এ রকম দিনে এটাকে বোনাসই বলা যায়।’ তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।