তাইজুল একাই নিলেন ৮ উইকেট

বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় আসরের ফাইনাল আজ শুরু হলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রথম দিনেই দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানরা নীল হলেন উত্তরাঞ্চলের তাইজুল ইসলামের ঘূর্ণিবিষে! এ বাঁ-হাতির ঘূর্ণিজাদুতে প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল অলআউট ২৭১ রানে। বিসিএলের গত ম্যাচে মধ্যাঞ্চলের বিপক্ষে তাইজুল পেয়েছিলেন ১১ উইকেট। জানুয়ারিতে পূর্বাঞ্চলের বিপক্ষে ১২ উইকেট। উত্তরাঞ্চলের এ বাঁ-হাতির স্পিন-জাদু চলছে নিয়মিতই।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চলের শুরুটা একেবারে খারাপ বলা যাবে না। ইমরুল কায়েস ও এনামুল হকের উদ্বোধনী জুটিতে এল ৪৪ রান। ৯১ রানে ৩ উইকেট পড়ে গেলে খানিকটা বিপদে পড়ে দক্ষিণাঞ্চল। এ অবস্থায় দলকে টেনে তোলেন সৌম্য সরকার ও শুভাগত হোম। দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে ১২২।
কিন্তু দিনটি আজ তাইজুলের। ফলে সৌম্য-শুভাগত বেশিক্ষণ ‘বাঁধ’ দিয়ে ঠেকিয়ে রাখতে পারলেন না চূড়ান্ত বিপর্যয়। দুজনই হলেন তাইজুলের শিকার। ফেরার আগে সৌম্য করলেন ৭০ ও শুভগত ৬০। এরপর চলল নিয়মিত উইকেট পতনের মিছিল। সে মিছিল থামল ৮৩ ওভারে, ২৭১ রান তুলে যখন অলআউট দক্ষিণাঞ্চল। ৮৬ রান দিয়ে তাইজুলের একার দখলেই ৮ উইকেট, বাকি ২টি সানজামুলের। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৫। এখনো পিছিয়ে ২৫৬ রানে।