তাইজুলের স্পিনে ফাইনালে উত্তরাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরাঞ্চল দলের ফাইনালে ওঠার উচ্ছ্বাস...স্মারক স্টাম্প হাতে নাসির-ফরহাদরা উল্লাসে মেতে উঠলেন জয়ের নায়ক তাইজুলকে (সর্ব ডানে) নিয়ে। কাল বিকেএসপিতে  প্রথম আলো
উত্তরাঞ্চল দলের ফাইনালে ওঠার উচ্ছ্বাস...স্মারক স্টাম্প হাতে নাসির-ফরহাদরা উল্লাসে মেতে উঠলেন জয়ের নায়ক তাইজুলকে (সর্ব ডানে) নিয়ে। কাল বিকেএসপিতে প্রথম আলো

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের স্পিন-ভবিষ্যৎ মনে করা হচ্ছে তাঁকে। তবে যেমন তাঁর পারফরম্যান্স, মনে হচ্ছে ভবিষ্যৎটাকে বর্তমানে আনতে খুব বেশি সময় নেবেন না তাইজুল ইসলাম। আরও একবার দুর্দান্ত বোলিং করে বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালে তুলেছেন বিসিবি উত্তরাঞ্চলকে। প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট—তাইজুলের বাঁহাতি স্পিনই বিদায় করে দিল বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চলকে।
অথচ শেষ রাউন্ড শুরুর আগে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল মধ্যাঞ্চলই! আগের দিন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ফাইনাল নিশ্চিত করার পর কাল জিততেই হতো মধ্যাঞ্চলকে। কিন্তু তাইজুলের স্পিনে চ্যাম্পিয়নরা কাল হেরে যায় ৫১ রানে। ম্যাচ থেকে ২৪ পয়েন্টসহ মোট ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই ফাইনালে উঠল গতবারের রানার্সআপ উত্তরাঞ্চল। আর মধ্যাঞ্চল ম্যাচ থেকে পেয়েছে মাত্র ৩ পয়েন্ট (মোট ৩৪)। উত্তরাঞ্চলের ফাইনাল-সঙ্গী দক্ষিণাঞ্চলের পয়েন্ট ৪১। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাঁচ দিনের ফাইনাল শুরু আগামী পরশু।
আগের দিন শেষ বিকেলেই ২৬৬ রান তাড়া করতে নামা মধ্যাঞ্চলের ওপেনার মজিদকে ফিরিয়েছিলেন তাইজুল। কাল দিনের শুরুতে তুলে নেন আরেক ওপেনার রনি তালুকদারকে। ব্যাটিং অর্ডারের ওপরে ওঠা ইলিয়াস সানির সঙ্গে শামসুর রহমানের জুটিতে যখন জয়ের দিকে এগোচ্ছে মধ্যাঞ্চল, আবারও উত্তরাঞ্চলের রক্ষাকর্তা তাইজুল। শামসুরকে ফিরিয়ে ভাঙেন ৯৩ রানের তৃতীয় উইকেট জুটি। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি মধ্যাঞ্চল। আরেক বাঁহাতি সানজামুলও উইকেট শিকারে যোগ দিয়ে আর কোনো বড় জুটি গড়ে উঠতে দেননি। শেষ ৩ উইকেট নিয়ে লেজ মুড়ে দিয়েছেন পেসার শুভাশিস।
আগের দিন সেঞ্চুরির পর অশ্লীল উদ্যাপনে বিতর্কিত মাহমুদউল্লাহ কাল করেছেন ১৭ রান। মধ্যাঞ্চল অধিনায়কের টানা চার বলে উইকেট ও সেঞ্চুরির ইতিহাস গড়া ম্যাচে ১১ উইকেট নিয়ে নায়ক তাইজুল। টুর্নামেন্টে আগের ম্যাচেই নিয়েছিলেন ১২ উইকেট, প্রথম ম্যাচের একমাত্র ইনিংসে ৪টি। তিন ম্যাচেই ২৭ উইকেট! ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার কি শুনতে পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ডাক?

সংক্ষিপ্ত স্কোর

উত্তরাঞ্চল: ৪৫৭ ও ৮৭
মধ্যাঞ্চল: ২৭৮ ও ২১৫ (সানি ৬০, শামসুর ৩৬, নুরুল ২৮, আসিফ ২৩, তাইজুল ৫/৮৯, শুভাশিস ৩/২৫, সানজামুল ২/৪৩)।
ফল: উত্তরাঞ্চল ৫১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তাইজুল ইসলাম