তাইজুলের ১১ উইকেট, জিতল উত্তরাঞ্চল

বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত বাংলাদেশি ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে মধ্যাঞ্চলকে ৫১ রানে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠে গেছে উত্তরাঞ্চল।
আজ চতুর্থ দিনে জয়ের জন্য ২৬৬ রান করার লক্ষ্য নিয়ে মাঠে নেমে মধ্যাঞ্চলের ইনিংস শেষ হয়েছে ২১৫ রানেই। তৃতীয় দিনে ১ উইকেটে ১ রান নিয়ে দিন শেষ করেছিল মধ্যাঞ্চল। উত্তরাঞ্চলের জয়ের পেছনে মূল অবদান তাইজুল ইসলামের। দুই ইনিংস মিলে নিয়েছেন ১১ উইকেট।
মধ্যাঞ্চলের ‘নাইট ওয়াচম্যান’ হিসেবে নামা ইলিয়াস সানির ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৬০ রান। চতুর্থ দিনে ২৬৬ রান করার ব্যাপারটি বেশ চ্যালেঞ্জিং হলেও ব্যাটসম্যানদের তাড়াহুড়োয় ড্রয়ের চেষ্টাটাও করতে পারেনি তারা। ওভারপ্রতি ৩.৯৮ তুলে গুটিয়ে গেলেন ৫৪ ওভারে। মধ্যাঞ্চলকে ধসিয়ে দেওয়ার মূল কাজটি করেছেন তাইজুল। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বল করে তিনি তুলে নিয়েছেন ৫ উইকেট। দুই ইনিংস মিলে ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা তিনি।
ম্যাচ ড্র করতে পারলেই ফাইনালে চলে যেত উত্তরাঞ্চল। কিন্তু প্রাপ্তিটা হলো প্রত্যাশার চেয়েও বেশি! ফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণাঞ্চল। ৯ মে ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকায়।