তাইজুলের ৭ উইকেট, মুমিনুলের ৯৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটসম্যানদের শাসানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন বিসিবি উত্তরাঞ্চলের তাইজুল ইসলাম। ছবি: শামসুল হক
ব্যাটসম্যানদের শাসানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন বিসিবি উত্তরাঞ্চলের তাইজুল ইসলাম। ছবি: শামসুল হক

বিকেএসপিতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের দুটি ম্যাচে মাথা কুটে মরেছেন বোলাররা। দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই অবশ্য ভিন্ন আভাস মিলল। বোলাররা আঙুল উঁচিয়ে জানালেন, এবার আমাদের পালা। ব্যাটসম্যানদের শাসানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন বিসিবি উত্তরাঞ্চলের তাইজুল ইসলাম। নাটোরের এ বাঁ হাতি স্পিনারের বিষে নীল হয়েছেন পূর্বাঞ্চলের ব্যাটসম্যানরা।

পূর্বাঞ্চলের স্কোরকার্ড দেখে মনে হবে, পুরোটাই যেন তাইজুলময়। প্রথম দিনে তামিমের দল ৮ উইকেটে তুলেছে ২৬১ রান। একজন বাদে সব ব্যাটসম্যানের হন্তারক তাইজুল। পূর্বাঞ্চলের ২০ রানের মাথায় নাফিস ইকবালকে বোল্ড করার মাধ্যমে শুরু। আর থামাথামি নেই। দিনব্যাপী উইকেট ধসানোর ‘নির্মম’ খেলায় মেতে উঠলেন উত্তরাঞ্চলের এ স্পিনার। দিন শেষে তাঁর পরিসংখ্যান: ৩২ ওভারে ৬৭ রানে ৭ উইকেট।

তাইজুলের এমন দুর্দান্ত বোলিং হঠাত্ নয়, বরং ধারাবাহিকতার প্রতিফলন। গত মাসের টি-টোয়েন্টি বিজয় দিবস কাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট (১১টি) শিকারি ছিলেন। এর আগে প্রিমিয়ার লিগও কেটেছে বেশ ভালো। পেয়েছিলেন ২২ উইকেট। গত জাতীয় লিগে ৬ ম্যাচ খেলে পেয়েছিলেন ২৭ উইকেট, যার মধ্যে আছে ম্যাচে আট শিকারও।

আজ তাইজুলের ভেলকিতে যখন দিশেহারা দল, পূর্বাঞ্চলের মুমিনুল লড়েছেন অবিচল চিত্তে। তবে শেষ অবদি তাইজুলের বিষাক্ত ছোবল থেকে নিজেকে রক্ষা করতে পারেননি। নড়বড়ে নব্বইয়ে কাটা পড়েছেন। তাইজুলের বলে শুভাশিস রায়ের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে মমিনুলের সংগ্রহ ৯৪। পূর্বাঞ্চলের আশার প্রদীপ জ্বেলে ৫২ রানে উইকেটে রয়েছেন অলক কাপালি।

বোলারদের দাপট সবচেয়ে ভালো বোঝা গেল বিকিএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চলের ম্যাচে।  প্রথম দিনেই পড়েছে ১৭ উইকেট! দক্ষিণাঞ্চল অধিনায়ক টসে জিতে ব্যাট করতে পাঠান মধ্যাঞ্চলকে। রুবেল হোসেন-সোহাগ গাজী-আবদুর রাজ্জাকের সম্মিলিত আক্রমণে মধ্যাঞ্চল পাততাড়ি গোটায় মাত্র ১৬৫ রানে। ইনিংসের সর্বোচ্চ ৩৬ রান আসে অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাট থেকে। তাঁকে ফেরান প্রতিপক্ষের অধিনায়ক রাজ্জাক। সোহাগের ভাগে পড়েছে ৪টি, রাজ্জাকের ৩টি ও রুবেলের ২টি  উইকেট। প্রথম ইনিংস ২০০-র নিচে গুটিয়ে গেলেও মধ্যাঞ্চল রান তুলেছে ৪.১৬ গড়ে।

দক্ষিণাঞ্চলের শুরুটাও ভালো হয়নি। দলের ৫ রানের মাথায় শাহাদতের বলে বোল্ড হয়ে বিদায় নেন এনামুল হক। ব্যাট হাতে লড়াই করেছেন। আসল সাফল্য মাহমুদউল্লাহ পেলেন বল হাতে। দক্ষিণাঞ্চলের মেরুদণ্ড মটকে দেয়ার গুরুদায়িত্ব পালন করেন মধ্যাঞ্চল অধিনায়ক নিজেই। গুনে গুনে পাঁচ উইকেট তুলে নেন নিজের ঝুলিতে। দিন শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৭ উইকেটে ১৯৬, এগিয়ে ৩১ রানে। মো. মিঠুন সেঞ্চুরি স্বপ্ন দেখলেও তা বাস্তবে রূপ নেয়নি। ১২ রান দূরে থাকতেই মাহমুদউল্লাহর শিকার হয়ে শতক-স্বপ্ন ফিকে হয় মিঠুনের।

সংক্ষিপ্ত স্কোর:

মধ্যাঞ্চল বনাম দক্ষিণাঞ্চল

মধ্যাঞ্চল ৩৯.৪ ওভারে ১৬৫/১০ (মাহমুদউল্লাহ ৩৬, নুরুল ৩২, শাহরিয়ার নাফীস ৩০; সোহাগ ৪/৬৭, রাজ্জাক ৩/৪৪)।

দক্ষিণাঞ্চল ৪৮ ওভারে ১৯৬/৭ (মিঠুন ৮৮, তাইবুর ৩১; মাহমুদউল্লাহ ৫/৭২)।

পূর্বাঞ্চল বনাম উত্তরাঞ্চল

পূর্বাঞ্চল ৮১ ওভারে ২৬১/৮(মুমিনুল ৯৪, কাপালি ৫২, রাজিন ৩৮; তাইজুল ৭/৬৭)