তাইপেকে তোপ বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের আনন্দ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল গুনে গুনে সাতবার এমন আনন্দে মেতেছিলেন বাংলাদেশের যুবারা l প্রথম আলো
গোলের আনন্দ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল গুনে গুনে সাতবার এমন আনন্দে মেতেছিলেন বাংলাদেশের যুবারা l প্রথম আলো

ম্যাচের ২৭ মিনিট পর্যন্ত গোলের দেখা নেই। দুটি পেনাল্টি কর্নারও (পিসি) নিষ্ফল। কোচ মামুনুর রশীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ২৮ মিনিটে তৃতীয় পিসি থেকে অবশেষে গোলমুখ খুললেন খোরশেদ। প্রথমার্ধে ওই একটি মাত্র গোল! দ্বিতীয়ার্ধেই দেখা গেল বদলে যাওয়া এক বাংলাদেশকে। ম্যাচ শেষে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ইলেকট্রনিক বোর্ডে ভেসে উঠল বাংলাদেশ ৭: ০ চীনা তাইপে। এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে এর চেয়ে ভালো শুরু আর কি হতে পারত স্বাগতিকদের!
কিন্তু বাংলাদেশের এই যুবদলটিতেও খেলছে জাতীয় দলের আটজন। বাকি ১২ জন নতুন। এর মধ্যে কালই প্রথম আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছে তাহের, আরশাদ, রিপন, ফজলে হোসেন, আশরাফুল ও নাঈমের। এই তরুণেরা ভুগছিলেন ভীষণ স্নায়ুচাপে। প্রথমার্ধে সহজ কিছু সুযোগ নষ্ট করেন মিলন, কৌশিক। দ্বিতীয়ার্ধে কোচ মামুনুর রশীদ কৌশল বদলে অলআউট খেলিয়েছেন। আর তাতেই গোল এসেছে একের পর এক। ৭ গোলের ৫টিই হয়েছে পিসি থেকে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ এতটাই আক্রমণাত্মক খেলেছে যে, ১৪ মিনিটের ব্যবধানে ৬ গোল খেয়েছে চীনা তাইপে। খোরশেদ, ফরহাদ ও কৌশিক ২টি করে গোল করেছেন। মিলনের গোল ১টি।
কোচ মামুনুর রশীদ খেলোয়াড়দের পারফরম্যান্সে মুগ্ধ, ‘এই দলে বেশির ভাগ খেলোয়াড়ই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছে। শুরুর দিকে ওদের মানিয়ে নিতে একটু সময় লেগেছে। প্রথমার্ধে পরিকল্পনামতো খেলতে পারেনি ওরা। তবে দ্বিতীয়ার্ধে সবই ঠিক ছিল। ম্যাচ শেষে ওদের পারফরম্যান্সে আমি খুশি।’ বাংলাদেশের প্রশংসা ঝরেছে চীনা তাইপের ম্যানেজার জেসিকা পানের মুখেও, ‘বাংলাদেশের খেলোয়াড়েরা আজ খুবই ভালো খেলেছে।’ হারলেও অবশ্য পরের রাউন্ডে ওঠার আশা করছেন তিনি, ‘প্রথম ম্যাচে আমরা জিতেছি শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপপর্বে এখনো দুটি ম্যাচ বাকি আছে। আশা করি, আমরা পরের রাউন্ডে যেতে পারব।’
দিনের অন্য ম্যাচে থাইল্যান্ডকে ৭-০ গোলে হারিয়েছে ওমান। এই থাইল্যান্ডের সঙ্গেই আজ দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।