তাইবির লড়াই
অলিম্পিক মাতানো অনেক মা-ই আছেন ইতিহাসে। অনেক দুঃসাহসী নারী আবার অনেক বড় ঝুঁকি নিয়ে অলিম্পিক পদকের জন্য লড়াই করেছেন গর্ভাবস্থায়ও। তবে অতীতের সবাইকে ছাপিয়ে এবার অন্য রকম এক উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছেন নুর সুরিয়ানি মোহাম্মদ তাইবি। মালয়েশিয়ার প্রথম মহিলা শ্যুটার হিসেবে যখন অলিম্পিক পদকের লড়াইয়ে নামবেন ২৯ বছর বয়সী, তাঁর গর্ভের সন্তানের বয়স হবে তখন আট মাসেরও বেশি!তাইবির অনাগত সন্তানের পৃথিবীর আলো দেখার কথা আগামী সেপ্টেম্বরে। তবে পরিবার-পরিজন, বন্ধুবান্ধব কারও টেনশনই অলিম্পিক লক্ষ্য থেকে টলাতে পারছে না তাঁকে। আগেও যেহেতু মা হয়েছেন, কখন কী করতে হবে, ভালো করেই জানেন। তা ছাড়া দৃঢ়চেতা তাইবি নিজের স্বপ্নপূরণের পথে পাশে পাচ্ছেন স্বামীকেও। স্বামীও চান, দারুণ এই সুযোগটা যেন তাইবি দুই হাতে লুফে নেন। তাইবিই জানিয়েছেন, ‘বেশির ভাগ মানুষ বলে, আমি খ্যাপা মেয়ে। স্বার্থপর। তাদের ধারণা, আমি আমার সন্তানকে ঝুঁকির মধ্যে ফেলছি। তবে আমার স্বামী বলেছেন দুর্লভ এই সুযোগটা লুফে নিতে। সুযোগ বারবার আসে না। এ ছাড়া আমি তো একজন মা-ই। আমি জানি, আমাকে কী করতে হবে।’তবে ২০১০ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী তাইবির অলিম্পিক-স্বপ্ন মিথ্যা হয়ে যাওয়ার সংশয়ও আছে। গর্ভের সন্তান যদি হঠাৎ লাথি মেরে বন্দুকের নিশানা নাড়িয়ে দেয়! মায়ের পেটে সন্তানের নড়াচড়া স্বাভাবিক ঘটনা। সেটাই যদি গোলমাল বাধায় শুটিংয়ের সময়? শঙ্কাটা তাইবির মধ্যেও আছে। আবার সমাধানও খুঁজে নিয়েছেন নিজেই, ‘প্রতি সকালে তার সঙ্গে আমার কথা হয়। আমি তাকে বলি, “মা অনুশীলনে যাচ্ছে। দয়া করে শান্ত থাকো। লাথি মেরো না”।’ মায়ের বিশ্বাস, সন্তান তাঁর কথা শুনবে। যদি তা-ই হয়, লন্ডন অলিম্পিকে তাইবি সোনা জিতলে তাতে ভাগ থাকবে তাঁর অনাগত সন্তানেরও। এটা সবচেয়ে বেশি বয়সী সন্তান গর্ভে নিয়ে সোনা জেতার রেকর্ড এনে দেবে তাইবিকে। মালয়েশিয়াকে দেবে প্রথম অলিম্পিক সোনার স্বাদও। এএফপি, ওয়েবসাইট।