তাজিকদের বিস্ময়, এ কোন বাংলাদেশ!
তাজিকিস্তান কোচ কোদিরভ পুলভের ছবি তুলতে চাইলেন এক ফটোসাংবাদিক। ক্যামেরা তাক করতে না করতেই ভদ্রলোক মুখ ঢেকে ফেললেন। পারলে তখন ম্যাচের স্কোর লাইনটা বদলে ‘যন্ত্রণা’ উপশমের একটা পথ খোঁজেন! শুধু তাজিক কোচ নন, ম্যাচের পর গোটা দলকেই স্তম্ভিত দেখাল। মনে হচ্ছিল বাংলাদেশকে তারা জিজ্ঞেসই করে বসবে, ‘কবে শিখলে এই ফুটবল? আমরা হেসেখেলেই তোমাদের হারাতাম। আজ উল্টো আমাদের হারিয়ে দিলে!’২০০৬ প্রথম এএফসি চ্যালেঞ্জ কাপে ঢাকায় ৬-১, পরের বছর বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচে দুসাম্বেতে ৫-০। বাংলাদেশকে গোনায়ই ধরত না তাজিকিস্তান। সেই বাংলাদেশ কাল শুধু ম্যাচই জিতল না, স্থানীয় দর্শক-কর্মকর্তা, বিদেশি সাংবাদিক সবার প্রশংসাও কুড়াল।ও হ্যাঁ, ১-১ স্কোরলাইনটা বলা হয়নি। ২০০৭ সালে ঢাকায় বিশ্বকাপ বাছাইয়ের প্রথম সাক্ষাতে তাজিকদের রুখে দেওয়ার একটা স্মৃতিও আছে বাংলাদেশের। সেটিকে ব্যতিক্রম বলেই মনে হতো এত দিন। কিন্তু কালকের পর মনে হওয়ার প্রশ্ন নেই। বাংলাদেশ দেখাতে পারল, আগের দুটি বড় পরাজয়ের পেছনে নিজেদের সামর্থ্যের প্রয়োগের অভাবই ছিল দায়ী, যা থেকে অবশেষে বেরিয়ে আসা গেল।র্যাঙ্কিংয়ে তাজিকরা ১৪৮, বাংলাদেশ ১৫০। গায়ে গায়েই দু দল। তবে যে দলের কাছে এ ম্যাচের আগ পর্যন্ত ১৬ গোল হজম করে ফেরত দেওয়া গেছে মাত্র দুটি, সেই দলকে হারানো অবশ্যই মানসিকভাবে অনেক এগিয়ে দেবে ‘নতুন বাংলাদেশকে’।নেপাল ৩-০, ভুটান ৪-০, মালদ্বীপ ৪-০, ভারত ১-০, আফগানিস্তান ৪-০। টানা ৫ জয়ে দক্ষিণ এশীয় গেমসের সোনা জয়। জয়ের রথ এখন ‘ষষ্ঠ স্বর্গে’! টানা ২৩ ম্যাচ জয়বিহীন থাকার দুঃস্বপ্নটা দূর হয়েছিল চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে, সাফে ব্যর্থতার পর বাংলাদেশের আর যেন পেছনে তাকানোর সময় নেই!ম্যাচের ৩০ মিনিট আগে নেমেছিল বৃষ্টি। কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামের মাঠটা বেশ ভারী। তবে পানি না জমায় সমস্যা হয়নি। কাদাও ছিল না। এটা তো আর বঙ্গবন্ধুু স্টেডিয়ামের মাঠ নয় যে একটু বৃষ্টিতেই হা-ডু-ডু খেলা যাবে। বাংলাদেশ এদিন খেলে গেল ‘প্রেসিং ফুটবল’। মানে প্রতিপক্ষের সীমানায় তাদের খেলতে দেওয়া যাবে না। তাজিকরা বুঝতেই পারল না বাংলাদেশ এই কৌশল নেবে। এটাই এই জয়ের রহস্য। দীর্ঘদেহী তাজিকরা এক টাচে ফুটবল খেলে। শারীরিক সামর্থ্যে তারা অনেক এগিয়ে। তা হোক, ৪-৪-২ ছকে আক্রমণাত্মকই থাকল বাংলাদেশ। অদম্য মানসিকতা, জয়ের জন্য ঝাঁপিয়ে পড়া, দ্রুত আক্রমণে ওঠা-নামা...। বাংলাদেশ খেলল কার্যকর ফুটবল। প্রতিটি খেলোয়াড় নিজ নিজ দায়িত্ব পালনে ছিলেন সচেষ্ট। যার জবাব ছিল না তাজিকদের হাতে।অথচ ইংল্যান্ড থেকে আসার এক ফ্রিল্যান্স সাংবাদিক বিরতির সময় মহা বিরক্ত বাংলাদেশের ওপর! তাঁর কথা, ‘তাজিকদের চেয়ে বাংলাদেশ ভালো খেলছে। কিন্তু ঠু মেনি মিস (দুটি মিস)। মিস করলে জেতা কঠিন।’ পরে নিজেই দেখলেন এগিয়ে গিয়ে ১-১, তারপর ২-১ করে কীভাবে জিতল বাংলাদেশ। গোল করতেও এখন শিখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। মামুনুলের ক্রসে জাহিদ হাসানের (এমিলি) হেড বাইরে, একক প্রচেষ্টায় এমিলি গোলরক্ষকের সামনে বাধা পাওয়ার পর ফিরতি বলে শাকিলের শট—বাংলাদেশকে গোল-রাস্তা খুঁজে পেতে দেয়নি প্রথমার্থে। ‘এমিলির ওই হেড...ইস, এমন চান্স কেউ মিস করে...!’ স্থানীয় সংবাদমাধ্যম কর্মীরাও তখন এটা বলাবলি করছে।দ্বিতীয়ার্ধে আর মিস নয়। দুটো সুযোগ, দুটোতেই লক্ষ্যভেদ। ৬৮ মিনিটে পাওয়া প্রথম গোলের কারিগর রাইট উইং ব্যাক নাসির। দুর্দান্ত খেলেছেন এই তরুণ। ডান প্রান্ত দিয়ে উঠে সামনে তাজিক গোলরক্ষক আলিসেভকে পেয়েও তাঁর গায়ে মারেন। ফিরতি বলটা ফাঁকায় পেয়ে গড়ানো শটে জালে পাঠান এনামুল, যিনি দল থেকে বাদ পড়ে কলম্বো আসতে পেরেছেন বাফুফের বিশেষ বিবেচনায়। কিন্তু দু মিনিটে গল্পের পাণ্ডুলিপি বদলে গেল! তাজিকরা খোঁচা খাওয়া বাঘ তখন। বাংলাদেশ রক্ষণ বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি। স্ট্রাইকার রাবিব ইউসুফ গোটা রক্ষণকে ভেঙে কোনাকুনি শটে গোল করলেন। ১-১!৭৪ মিনিটে জাহিদ হাসানের কর্নারে ডিফেন্ডার আতিকুরের (মিশু) হেডে ২-১। তাজিকদের যেন অহংয়ে লাগল। কিন্তু তা আর মেরামত করতে পারল না। ২-১-এর পরপরই ওয়ালি ফয়সালকে গুরুতর ফাউল করে লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হলো গুরুত্বপূর্ণ ডিফেন্ডার চোরেভ ফারুককে। ২-২ আর করা হলো না। বৃষ্টিস্নাত বিকেলটা যে ছিল বাংলাদেশের!