দুই দলই একই সমান্তরালে। কিরগিজস্তানের কাছে বাংলাদেশ হেরেছে ৩-১ গোলে। তাজিকিস্তানও একই ব্যবধানে হার মেনেছে জর্ডানের কাছে। দুই দলই খেলেছে ঘরের মাঠে।
কিন্তু ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের শুরুতেই এ দুটি ম্যাচকে এক পাল্লায় মাপার সুযোগ নেই। জর্ডান অনেক বড় দল। গত বিশ্বকাপের টিকিট পেতে দলটি উরুগুয়ের সঙ্গে প্লে-অফ খেলেছিল। শেষ পর্যন্ত হেরে ব্রাজিল যেতে পারেনি। শক্তিশালী সেই জর্ডানের সঙ্গে ৩-১ ব্যবধান রাখতে পারা তাজিকদের জন্য ‘সম্মানজনক’ ফলই।
কিন্তু কিরগিজস্তানের বিপক্ষে অনেক আশার ম্যাচে হার বাংলাদেশের জন্য হতাশার। ক্ষত না শুকাতেই ১৬ জুন সামনে তাজিকিস্তান। কিরগিজ ম্যাচে পয়েন্টশূন্য থাকায় এখন ঘরের মাঠে তাজিকিস্তানের সঙ্গে ‘কিছু করার’ বিরাট চ্যালেঞ্জ।
বাংলাদেশ দলের রিংটোনে তাই এখন একটা নামই বাজছে—তাজিকিস্তান। খেলোয়াড়দের শয়নে-স্বপনে এখন এই ম্যাচটাই। অধিনায়ক মামুনুল যেমন বলছিলেন, ‘তাজিকিস্তান ছাড়া আমাদের মনের মধ্যে আর কিছু নেই এখন। খেতে, বসতে, ঘুমাতে—সব সময়ই ওই নামটা ধাক্কা দিচ্ছে মনে।’
বাস্তবেও আজই দলটি ঢাকায় আসছে। এ ম্যাচেও বাংলাদেশ দল পয়েন্টশূন্য থাকলে বাকি ছয় ম্যাচে পয়েন্টের আশা না করাই ভালো। সে ক্ষেত্রে ২০১৯ এশিয়া কাপের বাছাইপর্বের টিকিট সরাসরি পাওয়ার পাওয়ার সম্ভাবনা বলতে গেলে শেষই হয়ে যাবে।
কিরগিজরা তো ৩ পয়েন্ট নিয়ে চলে গেল, তাজিকরাও কি...? হিসাবে তাজিকরা আরও ভালো দল। তবে লোডভিক ডি ক্রুইফ তা মনে করেন না! কাল বাফুফের টার্ফে অনুশীলনের পর বলছিলেন, ‘আমি মনে করি কিরগিজরা ছিল অনেক শক্তিশালী দল, তাজিকরা আমাদের নাগালের মধ্যেই আছে। ওদের ভয় করছি না। ছেলেরা ভালো খেলার জন্য উন্মুখ। ওদের ওপর আস্থা রাখছি।’
কোচকে সাধারণত অনুপ্রেরণাদায়ী কথাবার্তা বলতেই হয়। কিন্তু বাংলাদেশ দলের যা অবস্থা, এই পর্যায়ে ভালো বলতে অধিনায়ক মামুনুল ছাড়া আর কই! কিরগিজ ম্যাচে গোলকিপার লিটনের পারফরম্যান্সকে ‘ওকে’ বললেন কোচ। ডিফেন্ডার তপু বর্মণেরও প্রশংসা করলেন। তবে অন্যদের ওপর নাখোশ ডি ক্রুইফ, ‘কয়েকজন খেলোয়াড়ের ওপর আমি খুশি নই। ওপরে এমিলি, এনামুল, মাঝমাঠে হেমন্ত, রক্ষণে ইয়ামিন মুন্না পরিস্থিতির সঙ্গে মানিয়ে খেলতে পারেনি।’
কিন্তু কোচ কাকে বাদ দিয়ে কাকে খেলাবেন সেটি এক ধাঁধা। বেঞ্চের খেলোয়াড়েরা এই পর্যায়ের ফুটবলের জন্য পুরোপুরি তৈরি নয়—কথাটা অনেকবারই বলেছেন ডি ক্রুইফ। হেমন্তসহ কয়েকজনের একাদশে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু বাস্তবতা হলো, ভালো বিকল্পও বলতে গেলে নেই। তবু ক্রুইফ জানালেন, ‘নাম দেখে নয়, আমি সেরা একাদশটাই মাঠে নামাব। পরিবর্তন আনতে হলে অবশ্যই আনব।’
কোচ শুধু পরিকল্পনাই করতে পারেন, খেলাটা ফুটবলারদেরই। মামুনুলরা অবশ্য সর্বোচ্চ উজাড় করে খেলারই প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু ‘দ্য পার্সিয়ান লায়ন’খ্যাত তাজিকদের হারানো বা অন্তত ড্র করাও কঠিন মনে হচ্ছে। ৯০ লাখ জনসংখ্যার দেশটি এএফসি চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হয়েছিল এই ঢাকাতেই ৯ বছর আগে। র্যাঙ্কিংয়ে তাজিকিস্তান বাংলাদেশের (১৬৬) চেয়ে ২৭ ধাপ এগিয়ে।
আগের ছয় সাক্ষাতে তাজিকদের সঙ্গে বাংলাদেশের এক জয়, এক ড্র, চার হার। ২০০৬ এএফসি চ্যালেঞ্জ কাপে ৬-১ গোলে উড়ে যাওয়ার ক্ষত আছে ঢাকায়। ২০১০ সালে কলম্বোতে এএফসি চ্যালেঞ্জ কাপে ২-১ গোলে পাওয়া জয়টাই প্রেরণা। এবার ঘরের মাঠে ওটাই বড় প্রেরণা।