তাদের জন্য মেসি-অনুপ্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিন্দ্য, সুশীল, ইমন, সাব্বিরদের জন্য এ ছিল অন্য রকম অনুভূতি। দুই দিন আগে তারা খুব কাছে থেকে দেখেছে লিওনেল মেসির খেলা। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলতে আজ ইরাকে যাওয়ার আগে এটাই যেন এই কিশোরদের কাছে বড় অনুপ্রেরণা।গত মঙ্গলবার আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচে অনূর্ধ্ব-১৬ দলের ১০ ফুটবলার ছিল ‘বল বয়’। মেসি, মাচেরানো, হিগুয়েইন, ডি মারিয়াদের মতো বিশ্বসেরা তারকাদের খেলা সরাসরি মাঠে দেখে দারুণ খুশি সবাই। অধিনায়ক ইমনের কথা, ‘আমার মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। এই ম্যাচ দেখে আমরা অনেক কিছু শিখেছি। মাঠে আমরা সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইরাক, ইরান, কাতার ও ফিলিস্তিন। ১২ সেপ্টেম্বর ইরাকের ডুহক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ সেপ্টেম্বর ফিলিস্তিন, ১৮ সেপ্টেম্বর ইরান ও ২০ সেপ্টেম্বর কাতার।গত মাসে নেপালে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের ১৭ জন রয়েছে বর্তমান দলে। ২৫ আগস্ট বিকেএসপিতে এদের নিয়ে শুরু হয় অনুশীলন ক্যাম্প। মাত্র দুটি অনুশীলন ম্যাচ খেলে ইরাকে গেলেও দ্বিতীয় রাউন্ডে ওঠার প্রত্যাশা কোচ নুরুল ইসলামের। কিন্তু ইরাক, ইরানের সঙ্গে শক্তিশালী গ্রুপে খেলে এই স্বপ্ন পূরণ কি সম্ভব?