তাদের পাশে মুশফিকদের কিছুটা ভালো সময়

এত দিন মুশফিক-তামিম-নাসির-এনামুলদের খেলা দেখেছে টিভিতে। বাংলাদেশ দলের সাফল্যে খুশির বান ডাকে তাদের মনে; আবার ব্যর্থতায় অশ্রুর প্লাবন। মুশফিকরা তো ওদের কাছে দূর আকাশের তারা। চর্মচক্ষে দেখার সাধ্য যে ওদের নেই! কিন্তু সেই তারাগুলো যখন মাটিতে নেমে আসে, তখন অনুভূতি কেমন হবে—ভাবা যায়! এমন অপার্থিব অনুভূতি ছুঁয়ে গেল শিশুগুলোকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আজ দুপুরে জাতীয় দলের ক্রিকেটাররা গিয়েছিলেন মিরপুর ১০-এর বায়তুস সুজুগ জামে মসজিদ মাদ্রাসার এতিমখানায়।
বিশ্বের প্রায় সব খেলোয়াড় কিংবা দলই সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয় নিয়মিত। বাংলাদেশ ক্রিকেট দলও এর বাইরে নয়। সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে বিশ্বকাপের আগে শিশুদের সঙ্গে খানিকটা সময় কাটালেন খেলোয়াড়েরা। মিনিট পাঁচেক ক্রিকেট খেলা, শিশুদের হাতে পিত্জা তুলে দেওয়া, ক্রিকেট সরঞ্জামাদি বিতরণ ও পরিশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে দোয়ার আয়োজন—এভাবেই দারুণ কিছু মুহূর্ত কাটালেন মুশফিকরা। শুধু তা-ই নয়, এতিমখানার উন্নয়নে আর্থিক সহযোগিতাও করেছেন তাঁরা।