তাদের মর্যাদার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটদের ‘বড়’ ম্যাচ আজ। বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র তিনটি দল কোনো পয়েন্ট কুড়াতে পারেনি। কেনিয়া, কানাডা ও হল্যান্ড। আজ কেনিয়া-কানাডার কোনো এক দলের খাতায় নিশ্চিতভাবেই পয়েন্ট যোগ হবে। আজ যে মুখোমুখি দুই ‘ক’—কেনিয়া আর কানাডা।ছোটদের ছোট ম্যাচ। টিআরপির হিসাবে সবচেয়ে নিচে থাকার কথা এই ম্যাচটির। বিজ্ঞাপনদাতাদের টাকা গচ্চা যাওয়ার ম্যাচও। এমনিতেই স্বাগতিক দল না থাকলে মাঠে দর্শক নিয়ে যাওয়া কঠিনতম কাজ হয়ে দাঁড়িয়েছে। আজ দিল্লির ফিরোজ শাহ কোটলার গ্যালারিতে কাকপক্ষীও না থাকতে পারে। কিন্তু ছোটদের এই ম্যাচটি বড় হয়ে উঠছে—দুই দলেরই যে আজ মর্যাদার লড়াই। কানাডার আজ জয়ের জন্য আরও মরিয়া হয়ে খেলার কথা। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ‘ঐতিহাসিক’ এক জয় পেয়েছিল তারা। এর আগে-পরে আর কোনো জয় নেই। কানাডার জন্য আজই তাই বড় সুযোগ।সুযোগ কেনিয়ার জন্যও। শুধু বিশ্বকাপ বলে নয়, বছর দুয়েক ধরে ভীষণ দুঃসময় যাচ্ছে। এই সময়টায় কানাডার কাছেও তিনবার হেরেছে ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। দলের মধ্যে কোন্দলের খবরও পাওয়া গেছে। আজ তাদের জন্য অনেক স্বস্তির এক জয় আসতে পারে। দুই দলই চাইবে ম্যাচটা ‘বড়’ হয়ে উঠুক। তাতে আইসিসির কাছে বার্তা পাঠানো যাবে, বিশ্বকাপের ছোট দলগুলোর ম্যাচও একেবারেই ‘অলাভজনক’ নয়। কেনিয়ার উইকেটকিপার মরিস ওউমা তো বলেই দিয়েছেন, ‘হাইপারফরম্যান্স ডেভেলপমেন্ট প্রকল্পে আইসিসি অঢেল টাকা ঢেলেছে। এখন এই সিদ্ধান্ত নেওয়া মানে তো সেই টাকা জলে ঢালা।’কেনিয়াকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তটি যৌক্তিক হবে না বলেই দাবি তাঁর, ‘কেনিয়া গত পাঁচটি বিশ্বকাপই খেলেছে। অন্য অনেক দলের চেয়ে আমরা বেশি বিশ্বকাপ খেলেছি। আমরা বিশ্বকাপ খেলার যোগ্য।’এমন দাবি তো কানাডাও করতে পারে। তারা বিশ্বকাপ খেলেছে সেই ১৯৭৯ সালেই। কানাডা অধিনায়ক আশিস বাগাই অবশ্য এই মুহূর্তে বিশ্বকাপে থাকার যোগ্যতা নিয়ে খুব বেশি মুখ খুলছেন না। খুলতে পারতেন। গত ম্যাচে পাকিস্তানকে চেপে ধরেও ম্যাচটা বের করে আনতে পারেনি কানাডা। নিজেদের ব্যাটিং নিয়েই বাগাইয়ের দুশ্চিন্তার শেষ নেই, ‘ব্যাটিংটাই আমাদের বারবার ডোবাচ্ছে।’ এএফপি।