তাদের শেষ বিশ্বকাপ
অঘটনঘটনপটীয়সী। বিশ্ব ক্রিকেটে কেনিয়ার বিশেষণ হতে পারে এটাই। ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়া হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ২০০৩ বিশ্বকাপে তো শ্রীলঙ্কাকে হারিয়ে উঠে গিয়েছিল সেমিফাইনাল পর্যন্ত। টেস্ট খেলুড়ে দেশের বাইরে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়া প্রথম দল। লড়াকু কেনিয়ার জন্য আফসোস করতেই পারেন। এটাই যে তাদের শেষ বিশ্বকাপ!শুধু কেনিয়া নয়; খুব সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ আয়ারল্যান্ড, হল্যান্ড, কানাডার মতো বিকাশমান ক্রিকেট দেশগুলোর জন্যও। আগামী বিশ্বকাপে অংশ নেবে মাত্র ১০টি দল। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, কিন্তু টেস্ট খেলুড়ে ১০টি দেশই অংশ নেবে এটা মোটামুটি নিশ্চিত। বিশ্বকাপের লম্বা সূচি ছেঁটে কমিয়ে ফেলতেই এই উদ্যোগ। অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী সদস্যদের জন্য দরজা খোলা।স্বাভাবিকভাবেই আইসিসির এই সিদ্ধান্তে সহযোগী দেশগুলো মোটেও খুশি নয়। ১০টি দেশকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টকে ‘বিশ্ব’কাপ বলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে কেউ কেউ। তিনটি বিশ্বকাপ খেলা হল্যান্ডের বর্তমান নির্বাচক টিম ডি লিডে এই আশঙ্কাও প্রকাশ করেছেন, ক্রিকেট ছড়িয়ে দেওয়ার যে প্রকল্প হাতে নিয়েছিল আইসিসি, এই সিদ্ধান্ত তাতে নেতিবাচক প্রভাব ফেলবে।‘এর ফলে সহযোগী দেশগুলোয় ক্রিকেটের বিকাশ ধীরগতিতে হবে। আইসিসিকে আগে সিদ্ধান্ত নিতে হবে, খেলাটির উন্নয়ন তারা কতটা গুরুত্বের সঙ্গে দেখছে’—উইজডেন ক্রিকেটারকে বলেছেন ডি লিডে।সহযোগী দেশগুলো টুর্নামেন্টে বাড়তি রং যোগ করে বলেই দাবি তাঁর। উদাহরণও দিয়েছেন, ‘সাম্প্রতিক বিশ্বকাপগুলোয় সহযোগী দেশগুলো তো প্রত্যাশাকেও ছাপিয়ে যাচ্ছে। ২০০৩ বিশ্বকাপে কেনিয়া সেমিফাইনালে গিয়েছিল, গত বিশ্বকাপে সুপার এইটে গিয়েছিল আয়ারল্যান্ড।’ কানাডার আশিস বাগাই হয়তো পরিহাস করেই বলেছিলেন, ‘হয়তো আইসিসি ভাবছে, টি-টোয়েন্টিই ক্রিকেটের ভবিষ্যৎ। আর তাই তারা আমাদের শুধু ওই বিশ্বকাপে খেলার সুযোগ করে দিয়েছে।’এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি হতাশ হওয়ার কথা কেনিয়ার, একসময় বাংলাদেশের চেয়েও ক্রিকেটে এগিয়ে ছিল যারা। কেনিয়ার জন্য স্মরণীয় ২০০৩ বিশ্বকাপ দলের সদস্য কলিন্স ওবুইয়া বলেছেন, ‘ক্রিকেট শুধু পূর্ণ সদস্যের বিশেষ সম্পত্তি, এমন ধারণা থেকে আইসিসির অবশ্যই বেরিয়ে আসা উচিত। ওরা যদি খেলাটার বিকাশকে গুরুত্বের সঙ্গে নিয়ে থাকে, সহযোগী দেশগুলোর জন্য দরজা বন্ধ করা উচিত হবে না।’আইসিসির মহাব্যবস্থাপক ডেভ রিচার্ডসন অবশ্য বলেছেন, ‘কোন ১০ দল বিশ্বকাপে খেলবে, সেটি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। পূর্ণ সদস্য ১০ দলই যে খেলবে, এমনটা না-ও হতে পারে।’ এএফপি।