তানভিরের পর ক্যালিস-ডি ভিলিয়ার্স
দিনটা আসলে কার! জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স, নাকি তানভির আহমেদের?আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে যে মাত্র ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে বাজে শুরুটা হলো দক্ষিণ আফ্রিকার, সেটা অভিষেক টেস্ট খেলতে নামা পাকিস্তানি পেসার তানভির আহমেদের দুর্দান্ত বোলিংয়ের তোপে। তার পরও দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকাই ভালো জায়গায়। ক্যালিস-ডি ভিলিয়ার্সের সেঞ্চুরির সৌজন্যে ৫ উইকেটে ৩১১ রান তুলে দিন শেষ করেছে প্রোটিয়ারা।টস জিতে ফিল্ডিং এবং প্রথম ওভারটাই মেডেন করে পাকিস্তানের জন্য শুভসূচনা করেন পেসার উমর গুল। ইনিংসের দ্বিতীয় ওভারে সেই ভালোতে রং চড়ান তানভির। ব্যাটের দিকে আসা ওভারের তৃতীয় বলটায় ড্রাইভ খেলার লোভ সামলাতে পারেননি না ওপেনার আলভিরো পিটারসেন। কিন্তু বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে প্রথম স্লিপে দাঁড়ানো মিসবাহ-উল হকের হাতে। অভিষেক টেস্টের প্রথম ওভারেই উইকেট পাওয়ার আনন্দে তানভিরের উল্লাস বেড়ে যায় ইনিংসের চতুর্থ ওভারে। এবার কট বিহাইন্ড হাশিম আমলা। যদিও টিভি রিপ্লে আম্পায়ার অশোকা ডি সিলভার সিদ্ধান্তটাকে করেছে প্রশ্নবিদ্ধ। ব্যাটে নয়, বলটা আসলে আমলার ঊরুতে লেগে গ্লাভসবন্দী হয়েছে উইকেটকিপার আদনান আকমলের।সারা দিনে এ রকম আরও গোটা তিনেক ভুল করেছেন আম্পায়াররা। তাই বলে তানভির বা ক্যালিস-ডি ভিলিয়ার্সদের কৃতিত্ব খাটো হচ্ছে না। ৬ রানে ২ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে আরও ধাক্কা দেন তানভির ইনিংসের দ্বাদশ ওভারে। অফ স্টাম্পের বাইরে দিয়ে যাওয়া বলে অকারণে ব্যাট চালিয়ে কট বিহাইন্ড গ্রায়েম স্মিথ। কিন্তু ৩৩ রানে ৩ উইকেট হারানো এই দক্ষিণ আফ্রিকার দিনটাই না শেষ পর্যন্ত কী দারুণ করে দিলেন ক্যালিস-ডি ভিলিয়ার্স!আর কোনো উইকেট না হারিয়ে ১১৪ রান নিয়ে লাঞ্চে যাওয়া ক্যালিস-ডি ভিলিয়ার্সের চতুর্থ উইকেট জুটিটা শেষ পর্যন্ত দাঁড়িয়েছে ১৭৯ রানের। ৩২ ইনিংসে এটা তাদের দশম শতরানের জুটি। ক্যালিসকে বোল্ড করে দক্ষিণ আফ্রিকার ২১২ রানের সময় জুটিটা তানভিরই ভেঙেছেন, কিন্তু তার আগে পাকিস্তানের প্রায় সব বোলারকেই শাসিয়ে গেছেন ক্যালিস। ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে তানভিরকেই প্রথমে পাঠিয়েছিলেন সীমানার বাইরে। এরপর মোহাম্মদ সামি, উমর গুল, আবদুর রেহমান—কেউই বাদ যাননি ক্যালিসের তোপ থেকে।ক্যালিসের পর অ্যাশওয়েল প্রিন্সও ফিরে গেছেন। তবে ১২০ রানে অপরাজিত ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকাকে আরও এগিয়ে নেওয়ার কাজে তাঁর সঙ্গী মার্ক বাউচার। ওয়েবসাইট।