তাপস আর এনামুলের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশা পূরণ হয়নি আনামুল হকের। তারেক আজিজের বলে এলবিডব্লু হয়ে মুছে গেছে ডাবল সেঞ্চুরির স্বপ্ন। মিরপুর-ফতুল্লায় তার পরও জাতীয় লিগের কালকের দিনটা ছিল ব্যক্তিগত সাফল্যের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৬ উইকেট নিয়েছেন সিলেটের বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। ফতুল্লায় সেঞ্চুরি পেয়েছেন খুলনার মিডল-অর্ডার ব্যাটসম্যান তাপস ঘোষ।প্রথম দিনের ৪ উইকেটে ২৯১ রান থেকে কাল ৩৭০ রান তুলতেই পড়ে গেছে রাজশাহীর ৮ উইকেট। পুরো কৃতিত্বই এনামুলের। আগের দিনের দুটিসহ কালকের চারটি উইকেটই নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। ৮ উইকেটে ৩৮৭ রান করে ইনিংস ঘোষণা করেছে রাজশাহী। দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৫২ রান সিলেটের। ফতুল্লায় আনামুল হকের ১৯৩ রানের পর তাপসের অপরাজিত ১১১ রান শীর্ষে থাকা খুলনাকে তুলে দিয়েছে রানের পাহাড়ে। ইনিংস ঘোষণার আগে ৮ উইকেটে ৬১৮, জাতীয় লিগের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর। তাসামুলের অপরাজিত ৫৪ রানে দিন শেষে ২ উইকেটে ১১৮ করেছে ঢাকা মহানগর দল।২৭৬ রানে খুলনার ৪ উইকেট পড়ার পর আগের দিনই অবিচ্ছিন্ন ১১২ রানের জুটি হয়েছিল আনামুল-তাপসের। তারেক আজিজের বলে আনামুলের এলবিডব্লুতে কাল ১২৯ রানে ভাঙে তাঁদের পঞ্চম উইকেট জুটি। মাত্র ৭ রানের জন্য ডাবল সেঞ্চুরি না পেলেও ২৬৪ বলে খেলা ১৯৩ রানের ইনিংসের সৌজন্যে সেরা ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আনামুল (৭৪০)। ৭৪৪ রান নিয়ে শীর্ষে ঢাকা মহানগরের আসিফ আহমেদ।আনামুল ডাবল সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে ফিরলেও খুলনাকে রানপাহাড়ে তুলে অপরাজিত ছিলেন তাপস। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের দ্বিতীয় সেঞ্চুরির পথে ষষ্ঠ উইকেটে জিয়াউর রহমানের (৬৩) সঙ্গে গড়েছেন ১০৬ রানের জুটি। এরপর ডলার মাহমুদের (৪৬) সঙ্গে তাঁর ৭৭ রানের অষ্টম উইকেট জুটিতে ছয় শ পেরিয়েছে খুলনার প্রথম ইনিংস।সাড়ে তিন শর বেশি রান করে খুলনার প্রাপ্তি পুরো ৪টি ব্যাটিং বোনাস। অন্যদিকে ৮ উইকেট তুলে বোলিং থেকে ঢাকা মহানগর পেয়েছে ২.৫ বোনাস পয়েন্ট। ফাইনালে ওঠার সম্ভাবনা তাদের ওখানেই অনেকটা শেষ। এরপর ব্যাটিংয়েও ৫৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটা। তবে তাসামুল আর শামসুরের তৃতীয় উইকেট জুটিতে উদ্ধার কাজটাও খারাপ হচ্ছে না। দিন শেষে ৬০ রানে অবিচ্ছিন্ন এই জুটি। আগের রাতের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় ফতুল্লায় দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে দুপুর ১২টা ১৬ মিনিটে।পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে ম্যাচ শুরু করা রাজশাহীও প্রথম ইনিংসের ব্যাটিং থেকে বোনাস পয়েন্ট পেয়েছে ৪। দলের ইনিংস লম্বা করতে কাল বলতে গেলে একাই লড়েছেন সাব্বির রহমান। ১১৬ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংসে কিছুটা সঙ্গ পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান হামিদুল ইসলামের (৩৬)। পঞ্চম উইকেট জুটিতে তাদের ৯৬ রানের পর মাত্র ৩১ রানে পড়েছে রাজশাহীর ৪ উইকেট। শেষ চার ব্যাটসম্যানের কেউই পাননি দুই অঙ্কের দেখা। রাজশাহীর ৩৩৯ রানের সময় হামিদুলকে এলবিডব্লু করে শুরুটা করেছেন এনামুল। এরপর এলবিডব্লু করেছেন ফরহাদ রেজা আর জুবায়েরকেও। সানজামুলের ক্যাচটা নিয়েছেন অলক। ৫৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি এনামুল। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮টি উইকেট ঢাকা মহানগরের আরাফাত সানির।৪৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলা সিলেটের পক্ষে ঘুরে দাঁড়িয়ে তৃতীয় উইকেটে নাদিফ চৌধুরী-রাজিন সালেহ গড়েন ৮৫ রানের জুটি। ৪৩ রান করে রাজিন সাকলায়েনের বলে ফরহাদের ক্যাচ হয়ে ফেরার পর গোলাম মাবুদকে নিয়ে এগোচ্ছেন নাদিফ (৫৫*)।হরতালের কারণে মিরপুর-ফতুল্লা কোনো মাঠেই খেলা হবে না আজ। তৃতীয় দিনের খেলা হবে কাল।সংক্ষিপ্ত স্কোরখুলনা-ঢাকা মহানগর  খুলনা ১ম ইনিংস: ১৩০.৫ ওভারে ৬১৮/৮ ডি. (আনামুল ১৯৩, তাপস ঘোষ ১১১*, ইমরুল ৮৭, জিয়াউর ৬৩, মিঠুন ৫৪, ডলার ৪৬, সৌম্য ২৩, রাজ্জাক ২১; তারেক ২/১২০)। ঢাকা মহানগর ১ম ইনিংস: ৩০ ওভারে ১১৮/২ (তাসামুল ৫৪*, মার্শাল ৩১, শামসুর ২৩*; জিয়াউর ১/১১)।রাজশাহী-সিলেট  রাজশাহী ১ম ইনিংস: ১১৭ ওভারে ৩৮৭/৮ ডি. (মিজানুর ১০৫, জহুরুল ৮৭, সাব্বির ৭৮*, জুনায়েদ ৩৬, হামিদুল ৩৬; এনামুল ৬/১২৭)। সিলেট ১ম ইনিংস: ৬১ ওভারে ১৫২/৩ (নাদিফ ৫৫*, রাজিন ৪৩; মুক্তার ১/১৮)।