তাবারেজের মনে হচ্ছে সিনেমা

কোস্টারিকার কাছে অপ্রত্যাশিত হারের পর নিশ্চয়ই প্রার্থনায় বসে গিয়েছিল উরুগুয়ে সমর্থকেরা । যাতে চোট কাটিয়ে লুইস সুয়ারেজ ফিরতে পারেন দলে, ফিরতে পারেন স্বরূপে। প্রার্থনা বিফলে যায়নি। সুয়ারেজ ফিরেছেন রাজসিক চালে। ইংল্যান্ডের সঙ্গে তাঁর জোড়াগোল উরুগুয়েকে এনে দিয়েছে স্বপ্নের জয়।
উরুগুয়ে কোচ অস্কার তাবারেজের কাছে জয়টি সিনেমার মতো, এর চেয়ে ভালো চিত্রনাট্য আর হতে পারত না, ‘এটি যদি কোনো ছবিও হয়, মানুষ এর চেয়ে ভালো ফল চাইতে পারত না, অন্ততপক্ষে উরুগুয়েতে।’
সেই ১৯৭০-এর বিশ্বকাপে সোভিয়েত ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছিল উরুগুয়ে। এরপর বহু বছর ইউরোপের কোনো দলকে বিশ্বকাপে হারানো সম্ভব হয়নি। ইংল্যান্ডকে হারাতে পেরে তাই একটু বেশিই উদ্বেলিত তাবারেজ, ‘কঠিন একটি প্রথম ম্যাচের পর জয় পেয়েছি। অনেক, অনেক দিন পর ইউরোপের কোনো দলকেও হারিয়েছি।’
জয়টা মিলে গেছে আবার উরুগুয়ের জাতীয় বীর হোসে আর্তিগাজের জন্মদিনের সঙ্গে। তাবারেজ তাই উচ্ছ্বসিত, উচ্ছ্বসিত পুরো উরুগুয়ে। চোট থেকে ফেরা সুয়ারেজের এমন নৈপুণ্য কোচ আপ্লুত, ‘মাস খানেক আগেও সুয়ারেজের খেলা অনিশ্চিত ছিল। চোটের কারণে শল্যচিকিৎসকের ছুরির নিচেও যেতে হয়েছে ওকে। দুর্দান্তভাবে গোল দুটি করেছে সে। ম্যাচটি আমাদের জন্য অনেক কিছুরই প্রতীক হয়ে রইল।’
সুয়ারেজের প্রতি ভালোবাসা জানাতে একটুও কার্পণ্য নেই কোচের, ‘আমরা সবাই ওকে ভালোবাসি। সে আসলেই অসাধারণ একজন এবং দলের ভীষণ গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়। আমরা তার গুণমুগ্ধ, তাকে নিয়ে গর্বিত এবং অনেক কারণেই খুব খুশি।’
উরুগুয়ের জন্য বাঁচা-মরার এই ম্যাচে সুয়ারেজকে নামানোটা ছিল মস্ত ঝুঁকির। চারদিকে ফিসফাস হচ্ছিল, হাঁটুর চোট থেকে সেরে না-ওঠা আধা ফিট একজন খেলোয়াড়কে নামিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু মাঠে নামতে মরিয়া ছিলেন আসলে সুয়ারেজই। কোচ তাঁর ওপর বিশ্বাস রেখেছিলেন, ‘একদম শুরু থেকেই আমরা বলছিলাম, যদি সবকিছু ভালোভাবে না গেলে চিন্তা কোরো না। একটা বল হয়তো মিস হতে পারে, কিংবা পুরো শক্তিতে বলে কিক নাও করতে পার। কিন্তু আমি তার ওপর আস্থা রেখেছিলাম, আমি জানতাম গোলের সামনে কী করতে পারে।’ এএফপি।