৯ ফেব্রুয়ারি, ২০০৭ জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে প্রথম ওয়ানডে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। সেই থেকে ৭৫টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, তামিম খেলেছেন সব কটিতেই। বাংলাদেশের পক্ষে টানা সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এটিই। তামিম যাঁকে পেছনে ফেলেছেন কালকের ম্যাচে খেলেছেন তিনিও। ১৭ মার্চ, ২০০৬ থেকে ২০০৮ সালের ৯ নভেম্বর পর্যন্ত টানা ৭৪টি ম্যাচ খেলেছিলেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। দল থেকে বাদ পড়ার আগে রেকর্ডটি হাতছানি দিচ্ছিল মোহাম্মদ আশরাফুলকে। ২৫ ফেব্রুয়ারি, ২০০৭ থেকে টানা ৭১টি ম্যাচ খেলেছিলেন আশরাফুল। দেশের রেকর্ডটি গড়া হলেও বিশ্ব রেকর্ড গড়তে এখনো অনেক দূর যেতে হবে তামিমকে। ২৫ এপ্রিল, ১৯৯০ থেকে ২৪ এপ্রিল, ১৯৯৮—টানা আট বছরে ১৮৫টি ম্যাচ খেলে রেকর্ডটি যিনি করেছেন, নাম জানলে অবাক হবেন না একটুও—শচীন টেন্ডুলকার! টেন্ডুলকারের পরে যিনি, তিনিও এখন বাংলাদেশে। জিম্বাবুয়ের পক্ষে টানা ১৬২টি ম্যাচ খেলেছিলেন বর্তমান ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।