তামিম ও তাঁর মা
বাংলাদেশের খেলায় টসটা খুব গুরুত্বপূর্ণ নুসরাত ইকবালের জন্য। টসের ওপরই নির্ভর করে কখন ঘর থেকে বের হবেন, কখন মাঠে গিয়ে পৌঁছাবেন। একটু বোধ হয় ভুল হলো, শুধু টস না, আরেকটা ব্যাপারও আছে।ধরুন, বাংলাদেশের অধিনায়ক টসে জিতে ব্যাটিং নেওয়ার পর ওপেনার তামিম ইকবাল খেলে যাচ্ছেন। নুসরাত ইকবালকে তখন ধৈর্য ধরতে হয়। তামিম যতক্ষণ উইকেটে আছে, তাঁর মাঠে যাওয়ার উপায় নেই। টেলিভিশনে খেলা দেখতে হবে। তামিম আউট হলেই খেলার বাকি অংশ দেখতে মাঠে যান। বাংলাদেশ আগে ফিল্ডিং করলে মাঠে থাকতে চেষ্টা করেন শুরু থেকেই। তবে বাংলাদেশের ব্যাটিংয়ের আগেই স্টেডিয়াম ছাড়েন। প্রয়োজনে আবার ফেরেন খেলা শেষে।কাল লাঞ্চের আগেই স্টেডিয়াম থেকে কাজীর দেউড়ির বাসায় ফিরে যাওয়ার পর বিকেলে সে রকমই একটা প্রয়োজন দেখা দিল। গাড়ি নিয়ে আবার মাঠে, হসপিটালিটি বক্সের কাচের জানালা সরিয়ে অনেক ওপর থেকে নুসরাত ইকবাল দেখলেন ছোট ছেলে তামিমের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার দৃশ্য। বাংলাদেশের আর সবার মতো মনে একটা আফসোস নিয়ে, ‘ছক্কার কী যেন একটা রেকর্ড নাকি করেছে ও। তবে সেঞ্চুরি না হওয়ায় আফসোস থাকল!’নুসরাত ইকবাল এমনিতে খুব দৃঢ়চেতা মহিলা হলেও তামিমের ব্যাটিংয়ের ব্যাপারে তাঁর মন ভীষণই দুর্বল। বড় ছেলে নাফিস ইকবালের সময় সংস্কারটা ছিল না। কিন্তু তামিমের বেলায় শুধুই মনে হয়, ‘আমি মাঠে থাকলে হয়তো ও তাড়াতাড়ি আউট হয়ে যাবে। আমার উপস্থিতি না আবার ওর জন্য চাপ হয়ে যায়—এই ভয়ে থাকি।’ তামিমও বললেন, ‘আম্মু খুব টেনশন করেন আমার ব্যাটিং নিয়ে। আমিই তাই মানা করি মাঠে থাকতে, যদি আমি খারাপ খেলি, ওনাদের কেমন লাগবে বলেন? কেউ যদি কিছু বলে!’সন্তানকে নিয়ে দুরুদুরু কাঁপে মায়ের মন, সন্তানও সযত্নে মায়ের মনকে আগলে রাখতে চায়! তবে ব্যাটসম্যান তামিমের কাছে এই একটা ব্যাপার ছাড়া চট্টগ্রামের মাঠ বাড়তি কোনো টেনশনের জায়গা নয়। গ্যালারিতে ‘তামিম...তামিম’ রবের মধ্যে কাল যে সেঞ্চুরির ৫ রান আগেই আউট হয়ে গেলেন, সেটাকে তাই ঘরের মাঠের চাপ বলে ভুল বুঝবেন না। তামিমই বলেছেন, ‘নব্বইয়ের ঘরে আসলে আমি এমনিতেই নার্ভাস হয়ে যাই! অন্য কিছু না। এটা নিজের মাঠ ঠিক আছে, তবে একজন ব্যাটসম্যান যখন ব্যাটিং করে কোথায় খেলছে এটা সেভাবে মাথায় থাকে না।’তামিমের ক্রিকেট অভিধানে ‘মাঠ, প্রতিপক্ষ’ শব্দগুলো বরাবরই অর্থহীন। ব্যাটিং তাঁর কাছে একটা আনন্দের নাম। ৭টি ছক্কা মারার পরও নয়তো ছক্কা দিয়েই কেন সেঞ্চুরি করতে চাইবেন! সেঞ্চুরি না পেয়ে খেলা শেষে সামান্য আফসোস করলেও তামিম নিজের জায়গায় ঠিক, ‘কষ্ট লাগছে অবশ্যই...এক শ করতে পারলাম না। তবে আমি কী বলব, আমার মনে হয় আপনারা সবাই জানেন—আমি এ রকমই। এটা নিয়ে একদমই চিন্তা করছি না। তবে ভুল থেকে শিখতে হবে। এটা একটা ভুল ছিল।’খারাপ ফর্মের দেখা এখনো সেভাবে পাননি তামিম। তবে তাঁকে খারাপ সময়ের মধ্য দিয়ে নিয়ে গেছে হাতের ইনজুরি, নিউজিল্যান্ডের বিপক্ষে যে কারণে খেলা হয়নি গত হোম সিরিজটি। তার পরও একটি সেঞ্চুরি আর ৫টি ফিফটি মিলিয়ে ২৩ ম্যাচে ৭৭৬ রান করে এ বছর বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান তাঁর। জিম্বাবুয়ে সিরিজ এটাও জানিয়ে দিল, হাতের চোট কোনো ছাপ ফেলতে পারেনি তাঁর ব্যাটিংয়ে। চার ম্যাচে ১৬২ রান তাই তামিমকে আশাবাদীই করছে, ‘ইনজুরির আগে যে ছন্দটা ছিল, মনে হয় সে ছন্দেই ব্যাটিং করেছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনে প্রিমিয়ার লিগ আছে, বিশ্বকাপ আছে। এই ছন্দ ধরে রাখতে পারলে আশা করি ভালো খেলব।’ভালো কথা মনে করালেন তামিম। এবার তো দেশের মাটিতে বিশ্বকাপ...বিশ্বকাপে ছেলের ব্যাটিংটাও কি টেলিভিশনেই দেখবেন নুসরাত ইকবাল? হয়তো সেটাই হবে। মায়ের আত্মত্যাগ কত ইতিহাসেরই তো প্রেক্ষাপট!