তামিম কেন খেলছেন না !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগং কিংসের আইকন খেলোয়াড় তিনি। অধিনায়কত্ব না করলেও দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই তামিম ইকবাল। প্রথম ম্যাচে দুরন্ত রাজশাহীর বিপক্ষে খেলেছিলেন। কিন্তু সেই ইনিংস ছিল ব্যর্থতার। নামের প্রতি সুবিচার করতে পারেননি। এরপর চিটাগং খেলে ফেলল আরও চারটি ম্যাচ। কিন্তু তামিম ইকবালকে আর দেখা গেল না মাঠে। বলা হচ্ছিল, ইনজুরির কারণে তামিমকে বিশ্রামে রাখা হয়েছে। কাল সিলেটের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনেও অধিনায়ক মাহমুদউল্লাহ ইনজুরির কথাই বললেন। কিন্তু খবরে প্রকাশ, ইনজুরি নয় বিপিএলে তামিমের আর মাঠে না নামার ঘটনা অন্য। কোচ ডিন জোনসের সঙ্গে অসদাচরণের কারণেই নাকি শাস্তি হিসেবে তামিমকে বসিয়ে রাখা হয়েছে।কাল সারা দিন ব্যাপারটি নিয়ে ফিসফাস ছিল। একটি জাতীয় দৈনিকে ‘বিশ্বস্ত সূত্রে’র বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি সংবাদও প্রকাশিত হয়েছে। তবে এ ব্যাপারে যেকোনো একটি পক্ষের বক্তব্য জানার জন্য সংবাদকর্মীদের অপেক্ষা করতে হলো বরিশাল বার্নার্স ও চিটাগং কিংসের খেলাটি শেষ হওয়া পর্যন্ত।ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে এলেন ডিন জোনস। এসেই তামিম-সংক্রান্ত ব্যাপারে বললেন, ‘কুঁচকির চোটের কারণেই তামিম খেলছে না।’ তামিমের সঙ্গে তাঁর কোনো সমস্যা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ডিন জোনস জানালেন, তামিমের সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই। চট্টগ্রামে গিয়ে সে ফিটনেস টেস্ট দেবে।’‘তামিম আমাকে এসে বলেছিল, তাঁর কুঁচকিতে একটু সমস্যা হচ্ছে। আমি তাঁকে বলে দিয়েছি, তোমাকে এ ব্যাপারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’ বলেছেন ডিন জোনস।