তামিম ছাড়া আর কী থাকল!
‘পাগলাটে দুটো সেশনে ম্যাচ শেষ হয়ে গেল!’ যখন বলছিলেন, অ্যান্ড্রু স্ট্রাউসের চোখে-মুখে আনন্দের চেয়েও বেশি খেলা করছিল বিস্ময়। এত দ্রুত বাংলাদেশকে গুটিয়ে দিতে পেরে ইংল্যান্ড অধিনায়কেরও যেন বিশ্বাস হচ্ছিল না। লর্ডসে ফলোঅনে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ, কিন্তু ওল্ড ট্রাফোর্ডে ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। একসময় বাংলাদেশের টেস্ট মানেই যা বোঝাত, সেই দৃশ্যটাও ফিরে এল বেশ কিছুদিন পর—ইনিংস পরাজয়।‘আমরা প্রতিনিয়তই উন্নতি করছি’—ইনিংস পরাজয়ের পর সাকিব আল হাসানের বলা কথাটা শুনতে অনেকের কাছে ‘হাস্যকর’ও ঠেকতে পারে। কিন্তু বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স অধিনায়কের কথাকেই সাক্ষ্য দিচ্ছে। ওল্ড ট্রাফোর্ডের আগে বাংলাদেশের সর্বশেষ ইনিংস পরাজয় খুুঁজতে ফিরে যেতে হবে বছর দেড়েক আগে, ২০০৮ সালের নভেম্বরে। দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪৮ রানে হেরেছিল বাংলাদেশ। দু শর নিচে বাংলাদেশের সর্বশেষ ইনিংসটা খুঁজতেও যেতে হবে ৮ টেস্ট আগে। বলতে পারেন টেস্টে দু শ কোনো রানই না, কিন্তু এই মামুলি রানটাই তো বাংলাদেশ একসময় করতে পারত দীর্ঘদিন পরপর। সর্বশেষ ইংল্যান্ড সফরেও যখন বাংলাদেশের চারটি ইনিংস ছিল ১০৮, ১৫৯, ১০৪ ও ৩১৬ রানের।সবকিছুর পরও টানা দুই সেশনে ২০ উইকেট হারানো কিংবা ১২৩ রানে অলআউট হওয়ার ঢাল হতে পারে না এসব সাম্প্রতিক পরিসংখ্যান। জেমি সিডন্স ওল্ড ট্রাফোর্ড ব্যর্থতার দায় চাপিয়েছেন কন্ডিশনের ওপর, ‘এ ধরনের কন্ডিশনে খেলা বিশ্বের যেকোনো দলের জন্যই কঠিন। আগের দিন বল খুব বেশি স্পিন করল, কাল (পরশু) আবার অনেক সুইং করল। যখন স্পিন বা সুইং বেশি করে, তখনই আমরা বিপদে পড়ে যাই। আমাদের উইকেটও স্পিন উপযোগী, কিন্তু আমাদের তরুণ দলটা এ ধরনের চাপের সঙ্গে অভ্যস্ত নয়, ওরা দ্রুত মানিয়ে নিতে পারেনি।’তরুণ হলেও একজনের কিন্তু মানিয়ে নিতে সমস্যা হয়নি। দু দল মিলিয়েই সিরিজের সর্বোচ্চ ২৬৮ রান তামিম ইকবালের। ৩৬ গড় নিয়ে ইংল্যান্ড গিয়েছিলেন, ফিরছেন চল্লিশের বেশি গড় নিয়ে। প্রথম বাংলাদেশি হিসেবে করেছেন টানা দুই সেঞ্চুরি। দুটিই আবার বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির তালিকায় উঠে গেছে এক আর দুইয়ে। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও (ইমরুল কায়েস) তামিমের চেয়ে করেছেন ১০৫ রান কম। লর্ডসে শাহাদাতের আর ওল্ড ট্রাফোর্ডে সাকিবের ৫ উইকেট আছে, কিন্তু পুরো সিরিজে শুধু বাংলাদেশের তো বটেই, দু দল মিলিয়েই সবচেয়ে উজ্জ্বল বাংলাদেশের বাঁহাতি ওপেনার। ইংল্যান্ডের বাংলাদেশ সফরে ছিলেন না স্ট্রাউস। বাংলাদেশের ভেঙে পড়ার চেয়েও ইংলিশ অধিনায়ক বেশি বিস্মিত তামিমকে দেখে, “তামিমের জন্য আমাদের ‘প্ল্যান ডি’, ‘প্ল্যান ই’তে পর্যন্ত যেতে হয়েছে, ও আমাদের তুলোধুনা করে ছেড়েছে।”বাংলাদেশের একজনের জন্য নিজেদের কন্ডিশনে ইংল্যান্ডের ‘প্ল্যান এ, বি, সি’ কাজ করেনি, এটা যেমন গর্বের; তেমনি একটা সম্পূরক প্রশ্নও চলে আসে, বাকিরা তাহলে কেন পারেনি? সিডন্সের কাছে এটা বিরাট এক রহস্য, ‘আমি নিজেই বুঝতে পারছি না আশরাফুল, সাকিবরা কেন রান পাচ্ছে না। সবই বলছি, করছি; কিন্তু কাজ হচ্ছে না।’ সিডন্সের কাছে এটা রহস্য হলেও, উত্তরটা কিন্তু ঠিকই জানা আছে তামিমের। সিরিজ-সেরার পুরস্কার নিতে গিয়ে নিজের সাফল্য আর সতীর্থদের ব্যর্থতা প্রসঙ্গে বলেছেন, ‘আমি অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করি, ওদেরও অনেক পরিশ্রম করতে হবে।’‘অন্য’রা কি শুনছেন?