তামিম ঝড় দেখল এসএলপিএল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এ সময়ের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলের আরেক দল পুনে ওয়ারিয়র্সে তামিম ইকবাল থাকলেও এক দিনও ব্যাট হাতে মাঠে নামতে পারেননি। কিন্তু এবার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের (এসএলপিএল) প্রথম ম্যাচেই চমক দেখালেন তামিম। ৬১ বলে ৯৩ রানের হার না মানা ঝোড়ো ইনিংস খেলে নিজের সামর্থ্যের পরিচয় বেশ ভালোমতোই দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। আর এই দুর্দান্ত ব্যাটিংয়ে তাঁর দল ওয়াম্বা ইউনাইটেডও পেয়েছে ৯ উইকেটের এক বিশাল জয়।প্রথমে ব্যাট করে তামিমের দল ওয়াম্বা ইউনাইটেডকে জয়ের জন্য ১৮০ রানের দুরূহ লক্ষ্যমাত্রা বেঁধে দেয় উথুরা রুদ্রাস। কিন্তু এই কঠিন লক্ষ্যটাও একেবারে ডালভাত বানিয়ে ফেলেছেন তামিম ইকবাল ও আরেক ওপেনার কামরান আকমল। উদ্বোধনী জুটিতেই তাঁরা যোগ করেছিলেন ১৭৬ রান। ১৯তম ওভারে জয়ের জন্য যখন আর মাত্র চারটি রান দরকার, তখন সাজঘরে ফেরেন আকমল। পরের ওভারের দ্বিতীয় বলে ছয় মেরে জয় এনে দেন তামিম। প্রতিপক্ষ আরও কয়েকটি রান বেশি করলে হয়তো শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ ইতিহাসের প্রথম সেঞ্চুরির কৃতিত্ব তামিমেরই হয়ে যেত। কারণ, জয় তুলে নেওয়ার পরও হাতে ছিল আরও চারটি বল। ৬১ বলে ৯৩ রানের অসাধারণ এই ইনিংসটি খেলার পথে সাতটি চার ও ছয়টি ছয় মেরেছেন তামিম ইকবাল। ওয়েবসাইট