তামিম তামিমের মতোই খেলুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেককে বাংলাদেশ দলে সতীর্থ হিসেবে দেখেছেন। সেই দেখাটা অধিনায়কের ভূমিকায় বলে তাতে যোগ হয়েছে বাড়তি মাত্রা। অনেককে দেখেছেন ঘরোয়া ক্রিকেটে প্রতিপক্ষ হিসেবে। বাংলাদেশের বিশ্বকাপ দলের ১৫ খেলোয়াড় নিয়ে হাবিবুল বাশারের ধারাবাহিক কলামতামিম ইকবালের সঙ্গে আমার ভালোভাবে পরিচয় ও বাংলাদেশ দলে আসার পরই। মনে আছে, ২০০৭ বিশ্বকাপের মাস ছয়েক আগে তখনকার প্রধান নির্বাচক ফারুক ভাই (ফারুক আহমেদ) আমাকে বলেছিলেন, বিশ্বকাপ দলে এই ছেলেটাকে তিনি নেবেন। আমি তো অবাক! একদম নতুন ছেলে...ওকে বিশ্বকাপে? আমি তখনো ওর খেলা ভালোভাবে দেখিইনি।ভালোভাবে দেখলাম জাতীয় দলে আসরা পর। আমরা যখন নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলতাম, তামিমকে আউট করাটাই হতো মূল লক্ষ্য। সবাই জানত, ও খুব আক্রমণাত্মক ক্রিকেটার। কিছুক্ষণ ব্যাটিং করলে যেকোনো টার্গেটকে ছোট বানিয়ে ফেলবে। তামিম সম্পর্কে এটাই ছিল আমার প্রথম উপলব্ধি।২০০৭ বিশ্বকাপে তামিম কী করেছে, আমরা সবাই জানি। তামিম আসার পর আমাদের ব্যাটিংয়ে নতুন একটা ধারা চালু হয়েছিল—ডাউন দ্য উইকেটে গিয়ে বোলারকে উড়িয়ে মারা। ওর আগে আমাদের মধ্যে আর কাউকে এটা করতে দেখা যায়নি। একজন ওপেনার শুরুতে এটা করলে তা প্রতিপক্ষ বোলারদের আত্মবিশ্বাস যেমন কমিয়ে দেয়, নিজের দলের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস বাড়িয়েও দেয়। তামিম দলের মধ্যে এই পরিবর্তনটা এনে দিয়েছিল।২০০৭ বিশ্বকাপে তামিম ছিল ‘বেবি অব দ্য টিম’। দলের মধ্যে একটু চুপচাপই থাকত। ওকে কোনো ব্যাপারেই উচ্চকণ্ঠ হতে দেখিনি। তবে ভালো করার বা নিজেকে প্রমাণ করার তাগিদটা ওর মধ্যে শুরু থেকেই দেখেছি।বিশ্বকাপের প্রথম ম্যাচে ও যেভাবে ফাস্ট বোলারদের চোখে চোখ রেখে কথা বলছিল—এটা আমার মনে দাগ কেটে গিয়েছিল। জহির-মুনাফদের শুধু ব্যাটে নয়, কথায়ও ও জবাব দিয়েছিল। প্রথম থেকেই ওর মধ্যে ভয়-ডর ছিল না। ড্রেসিংরুমে চুপচাপ থাকলেও মাঠে ওর শরীরী ভাষা দেখে বোঝার উপায় ছিল না, ও নতুন ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের সফরটা প্রায় দুই মাসের ছিল। লম্বা সফরে দলের মধ্যে অনেক কিছু হয়, অনেক মজার ঘটনা ঘটে। তবে তামিম যেন পরিবারের সঙ্গেই বেশি সম্পৃক্ত থাকত। ফোনে লম্বা সময় কথা বলত দেশে পরিবারের সদস্যদের সঙ্গে। ভাই নাফিস ইকবালের সঙ্গে, মায়ের সঙ্গে।তামিম সবার সঙ্গেই খুব সহজে মিশতে পারে। সবার সুবিধা-অসুবিধায় এগিয়েও যায়। ওকে তাই সবাই একটু অন্য চোখে দেখে। আর খুব শৌখিনও ছেলেটা। বিএমডব্লু গাড়ি কিনে ফেলাটাই তার বড় উদাহরণ।সত্যি বলছি, তামিম এত তাড়াতাড়ি এত বড় তারকা হয়ে যাবে, এটা আমি ভাবিনি। তবে আগেই বলেছি, নতুন হিসেবে ড্রেসিংরুমে চুপচাপ থাকলেও ওর শরীরী ভাষাটা অনেক পরিণত ছিল। এটা সবারই চোখে লেগেছিল এবং তখন মনে হয়েছিল ছেলেটার মধ্যে কিছু একটা আছে।এই বিশ্বকাপে আমাদের সাফল্যের জন্য তামিমের ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ। আমরা গত বিশ্বকাপে ভারতের সঙ্গে জিতেছিলাম তামিমের বিধ্বংসী শুরুর কারণেই। ওটাই ভারতীয়দের ম্যাচ থেকে ছিটকে দেয়। ১৯১ রান করলেও ভারত কিন্তু ভেবেছিল ওটা জেতার মতো রান। কিন্তু তামিমের ব্যাটিং খেলার সুরটাই বদলে দিয়েছিল। আমার মনে হয়, এবারও এটার খুব দরকার হবে এবং এই বিশ্বকাপে আমি তার কাছে এটাই চাই।গত বিশ্বকাপের নতুন ছেলেটা এই বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক। অধিনায়ক বা সহ-অধিনায়ক হলে অনেকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে বলে। সেটি নিশ্চয়ই তামিম এখনো করে। তবে তামিমের তামিমের মতোই ব্যাটিং করা উচিত। বড় দলের বিপক্ষে জিততে হলে শুরুতেই ধাক্কা দিতে হয়, ও এই কাজটা ভালোভাবেই পারে। তামিমের খেলার সিগনেচার এটা। আমি চাইব, ও যেন কখনোই এটা পরিবর্তন না করে।এটা তো গেল ব্যাটিংয়ের কথা। এর বাইরে আরেকটা জিনিস চাইব আমি তামিমের কাছে। যেহেতু ঘরের মাঠে বিশ্বকাপ, সাকিবের ওপর অনেক চাপ থাকবে। শুধু ঘনিষ্ঠ বন্ধু হিসেবে নয়, আমি চাইব সহ-অধিনায়ক হিসেবেও যেন সে সাকিবের কিছু কিছু কাজ সহজ করে দেয়। অধিনায়কের কিছু জ্বালা থাকে, সেগুলোর ভাগ যেন কিছুটা হলেও নেয়।