তামিম-ধোনিরা যে কারণে 'দর্শক'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপে দর্শক হয়ে থাকছেন তামিম। ছবি: শামসুল হক
এশিয়া কাপে দর্শক হয়ে থাকছেন তামিম। ছবি: শামসুল হক

ফতুল্লায় পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আগামীকাল পর্দা উঠছে এশিয়া কাপের। প্রতিপক্ষ আটকানোর নানা ছক আঁকছে প্রতিটি দল। তবে এবার বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বোধ হয় ইনজুরি। প্রতিটি দলই কম-বেশি ইনজুরির থাবায় আক্রান্ত।  
গত এশিয়া কাপে তামিম ইকবালের দুর্দান্ত পারফরম্যান্স স্মৃতির সরণিতে এখনো হেঁটে বেড়ায় দিব্যি! টুর্নামেন্টে পর পর চারটি হাফ সেঞ্চুরির পর যেভাবে হাতের আঙুল গুনে দেখিয়েছিলেন সবাইকে, সে দৃশ্য কী ভোলা যায়! সেবার সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বিরাট কোহলির পরই নাম ছিল তামিমের। এবার দৃশ্য ঠিক উল্টো। চোটের কারণে মাঠেই নামতে পারবেন না এই বাঁ হাতি ব্যাটসম্যান। তামিমকে দর্শক হয়েই থাকতে হবে এবারের এশিয়া কাপে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের একটি ম্যাচেও খেলেননি। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এশিয়া কাপের দলে রাখা হয়নি তাঁকে।

ইনজুরি ছিটকে দিয়েছে ধোনিকেও। ছবি: রয়টার্স
ইনজুরি ছিটকে দিয়েছে ধোনিকেও। ছবি: রয়টার্স


ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন ভারতের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড সফরের শেষ দিকে ইনজুরিতে পড়েন ধোনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানিয়েছে, ‘ওয়েলিংটন টেস্ট চলার সময় ধোনির শরীরের বাঁ পাশের পেশিতে টান পড়েছে। ১০ দিনের পুনর্বাসনে যেতে হবে তাঁকে।’ এ টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন কোহলি। ধোনিবিহীন ভারতকে এশিয়া কাপে নেতৃত্ব দেওয়া চ্যালেঞ্জই মনে করছেন কোহলি, ‘সে (ধোনি) আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। দলকে ভালো নেতৃত্ব দিয়ে আসছে। ওয়ানডে পারফরমার হিসেবে খুবই ধারাবাহিক। তাঁর অধিনায়কত্ব এবং পারফরম্যান্স দুটিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা আমরা এশিয়া কাপে মিস করব।’
ওদিকে মাত্রই শেষ হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজে ইনজুরিতে পড়ে দেশে ফিরে গেছেন শ্রীলঙ্কার সিমার নুয়ান কুলাসেকারা ও ঝানু স্পিনার রঙ্গনা হেরাথ। আঙুলে ব্যথার কারণে ওপেনার তিলকারত্নে দিলশানকেও হয়তো দর্শক হয়ে দেখতে হবে এশিয়া কাপ।

পাকিস্তানও ইনজুরিমুক্ত নয়। ফাস্টবোলার মোহাম্মদ ইরফান ইনজুরিতে পড়েছেন গত ডিসেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। তবে ইরফান না থাকলেও দলের খুব একটা সমস্যা হবে না বলেই দাবি পাকিস্তানের বোলিং কোচ মোহাম্মদ আকরামের, ‘ইরফান আমাদের বিধ্বংসী বোলার। তবে তাঁর ওপর অতি নির্ভরশীল নয়। দক্ষিণ আফ্রিকায় ওকে ছাড়াই তো ওয়ানডে সিরিজ জিতে এলাম।’

বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার দুর্গে যেখান ইনজুরির হানা, সেখানে এ উপদ্রব থেকে এশিয়া কাপে প্রথমবার খেলতে আসা আফগানিস্তান একেবারেই মুক্ত।