তামিম-নাঈমের সেঞ্চুরি, রুবেলের আবার ৫ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম ইকবাল
তামিম ইকবাল

প্রথম ম্যাচে ‘ইকবাল’ ভাইদের বড়জন করেছিলেন সেঞ্চুরি। এবার নাফিস ইকবালের পথ অনুসরণ করলেন ছোট ভাই তামিম ইকবালও। আজ গাজী ট্যাংকের বিপক্ষে ঠিক ১০০ রানের ইনিংস হাঁকিয়েছেন ব্রাদার্সের এই ওপেনার। বড় ভাইয়ের সেঞ্চুরিটা দলকে জেতাতে না পারলেও আজ ১৩৬ রানের বড় জয় পেয়েছে তামিমের ব্রাদার্স।

ওদিকে বগুড়ায় নাঈম ইসলামের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৮৬ রানে জিতেছে কলাবাগান। ৬৯ বলে ৬৬ রানের ইনিংস খেলে খেলাঘরের বিপক্ষে ভিক্টোরিয়াকে ৫ উইকেটের জয় এনে দিয়েছেন নাসির হোসেন। ফতুল্লায় কচ্ছপগতির ব্যাটিংয়ে ৫০ ওভারে ৭ উইকেটে মাত্র ১১৮ রান তুলেছিল খেলাঘর। ৫ উইকেটে জিতলেও সেই রান পেরিয়ে যেতে অবশ্য ভিক্টোরিয়াকে খেলতে হয়েছে ৩৩.১ ওভার।

প্রথম ম্যাচে ৬ উইকেট নেওয়া রুবেল হোসেন আজ বিকেএসপিতে ৩৭ রানে নিয়েছেন ৫ উইকেট। অবশ্য তাঁর দল তামিমের দলের বিপক্ষে মাত্র ১০৭ রানে অলআউট হওয়ায় এবার আর জয়ের মুখ দেখা হয়নি বাংলাদেশের এই পেসারের। তবে দুই ম্যাচেই ১১ উইকেট—শুরুটা কিন্তু দুর্দান্তই হয়েছে রুবেলের।

পাহাড়-স্কোরের দিকে ছুটতে থাকা ব্রাদার্সকে রুবেলই আটকেছেন। মাত্র ১৩ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ২৪৬ রানে অলআউট হয়েছে ব্রাদার্স। এই ধসে রুবেলের অবদান বোঝা যাবে এই তথ্যে—এই পাঁচ উইকেটের চারটিই তাঁর!

রুবেল হোসেন
রুবেল হোসেন

তামিম অবশ্য দলকে এনে দিয়েছিলেন দুর্দান্ত এক শুরু। ১ উইকেটেই ১৫১ তুলে ফেলেছিল ব্রাদার্স। ৯২ বলে ১১টি চার ও ৩ ছক্কায় ঠিক ১০০ করে দলের দ্বিতীয় উইকেট হিসেবে সাজঘরে ফেরেন তামিম। তখনই ভেঙে যায় বড় ভাই নাফিসের সঙ্গে তাঁর দ্বিতীয় উইকেটের ৯৭ রানের জুটিটা। নাফিস এ ম্যাচেও দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রানের জোগানদাতা।

ভালো শুরুটাকে কাজে লাগাতে না পারলেও ২৪৬-ই যথেষ্ট প্রমাণিত হয় ব্রাদার্সের। বৃষ্টির কারণে গাজী ট্যাংকের পুনর্নির্ধারিত লক্ষ্য ছিল ৩৮ ওভারে ২৪৪। সেই লক্ষ্য ছোঁয়া তো দূরের কথা, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা গাজী ট্যাংক ১০০ পেরোবে কি না, এই সংশয়ও জেগেছিল। ৫৪ রানে পড়ে গিয়েছিল তাদের ৭ উইকেট। প্রথম ম্যাচে ফিফটি করা আফতাব আহমেদ আজ একাই প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। তিনে নেমে আউট হয়েছেন নবম ব্যাটসম্যান হিসেবে। করেছেন ৩৬। কিন্তু তাঁরা ৯ উইকেটে ১০৭ রানেই আটকে যায়।

‘ছক্কা নাঈমে’র সেঞ্চুরির ইনিংসটায় কোনো ছক্কা ছিল না। তবে ৯৫ বলে ১০৪ রানের ইনিংসটায় ছিল ১২টি চার। ৫০তম ওভারের শেষ বলে ২৫৪ রানে অলআউট হয় কলাবাগান। জবাবে ৪১.৪ ওভারে ১৬৮ রানেই অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক।