তামিম পারছেন না বলেই...
দুজনই অস্ট্রেলিয়ান। ক্রিকেটীয় চিন্তাভাবনায়ও নিশ্চয়ই মিল আছে। তবে জেমি সিডন্সের সঙ্গে একটা জায়গায় পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে স্টুয়ার্ট ল-র। খেলোয়াড়দের আলাদা করে সময় দেওয়ার কাজটা সিডন্সের তুলনায় অনেক বেশি করছেন নতুন কোচ।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগের দিন ঐচ্ছিক অনুশীলনে পাঁচ ক্রিকেটার এলেও ল তামিমকে নিয়েই ব্যস্ত ছিলেন। প্রথম ওয়ানডের আগে কোচের এই বাড়তি সময়টা পেয়েছিলেন ইমরুল কায়েস। অনুশীলন শেষে ড্রেসিংরুমের সামনে চেয়ার পেতে অনেক সময় নিয়েই কিছু একটা বোঝালেন বাঁহাতি ওপেনারকে।তামিম-ইমরুলকে কোচের আলাদা সময় দেওয়ার কারণ বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই যে ওপেনিং জুটির দুরবস্থা দেখছেন ল! তিনি কোচ হওয়ার পর ওয়ানডের ওপেনিং জুটিতে ৫০ রান এসেছে মাত্র একবারই, জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে। গত আগস্টের ওই সিরিজের প্রথম দুই ওয়ানডেতে তামিম-ইমরুলের ওপেনিং জুটিতে এসেছে ৭ ও ৯ রান, শেষ দুই ম্যাচে ৪৬ ও ৩০। সেই ধারা অব্যাহত চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। প্রথম ওয়ানডেতে তামিম-নাঈমের বিকল্প উদ্বোধনী জুটিতে ৪৪ রান, কাল তো দলকে ১ রানে রেখেই আউট ইমরুল কায়েস। তামিম চলে গেছেন ২-এ। বাংলাদেশের সফলতম ওপেনিং জুটিই যেন ওপেনিংয়ের ব্যাটিংটাকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছেন অতীতে! সেই সঙ্গে টপ-অর্ডারের ব্যাটিংয়েও কি ফিরে আসছে না পুরোনো দিন?বাংলাদেশের ব্যাটিংয়ের একটা সময় সবচেয়ে বড় দুশ্চিন্তাই ছিল উদ্বোধনী জুটি নিয়ে। এখন শুধু সেটিই নয়, ভাবনায় ফেলে দিচ্ছে টপ-অর্ডারও। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করলে টপ-অর্ডারে কারোরই বড় রান নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নাঈমের শম্বুক হাফ সেঞ্চুরির কথা ভুলে যাওয়াই ভালো। কাল দ্বিতীয় ওয়ানডেতে তো ১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ায় সেই সম্ভাবনাই জাগল না।টপ-অর্ডার থেকে ভালো রান আসা অনেকটাই নির্ভর করে ওপেনারদের ভালো শুরুর ওপর। ইদানীং হচ্ছে না সেটাও। না হওয়ার মূল কারণ তামিমের নিজেকে হারিয়ে ফেলা। বাংলাদেশ ইনিংসের ওপরের দিকটা আলোকিত থাকে তামিম বড় ইনিংস খেললেই। গত কয়েক ম্যাচে সেটা হচ্ছে না বলেই টপ-অর্ডারকেও মনে হচ্ছে ব্যর্থ।ক্রিকেটে খারাপ সময় আসে। তামিম-ইমরুল জুটির সঙ্গে বাংলাদেশ দলের টপ-অর্ডারে সেই সময়টাই যাচ্ছে এখন। রানের হিসাব করলে হয়তো সময়টা বেশি খারাপ যাচ্ছে ইমরুলেরই। জিম্বাবুয়ে সিরিজের পাঁচ ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দুই ম্যাচ মিলিয়ে গত সাত ওয়ানডেতে তাঁর মোট রান মাত্র ১০৯! তামিম সে তুলনায় কিছুটা ভালো—সাত ম্যাচে ১৭৯। কিন্তু কথা তো ওটাই—ব্যাটসম্যান যখন তামিম, আশাটা থাকে অনেক বড়। তামিম ভালো শুরু দিলে বা বড় ইনিংস খেললেই বাংলাদেশের জয়ের সম্ভাবনা তৈরি হয়। সেই জিনিসটা যে হারিয়ে যাচ্ছে বাঁহাতি এই ওপেনারের ব্যাট থেকে! গত পাঁচ ম্যাচের চার ম্যাচেই সম্ভাবনাময় শুরু ছিল তামিমের ব্যাটে। কিন্তু ৪৪, ৬১, ৪৫, ২১ করে ফিরে আসাটা আর যা-ই হোক তাঁর মতো ব্যাটসম্যানের কাছে প্রত্যাশিত নয়।কোচ স্টুয়ার্ট ল ভরসা দিচ্ছেন, রান না পেলেও ব্যাটিংটা ঠিক আছে। তামিম নিজেও বিশ্বাস করেন তা। কিন্তু তামিমই তো বলেন, নিজের মানটা গত এক-দেড় বছরে অনেক ওপরে নিয়ে গেছেন নিজেই। আর ভালো ব্যাটিংয়ের মানদণ্ডও যেহেতু শেষ পর্যন্ত রান-ই, তামিমের ব্যাটে বড় ইনিংসই দেখতে চায় বাংলাদেশের ক্রিকেট।