তামিম-মমিনুল জুটি: প্রত্যাশার প্রজ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম ইকবাল আর মমিনুল হকের জুটি।
তামিম ইকবাল আর মমিনুল হকের জুটি।

জমে উঠেছে জুটি। তামিম ইকবাল আর মমিনুল হকের জুটি। কিছুটা বিপর্যয়কর পরিস্থিতিতে এই  দুজনের যুগলবন্দী মোটামুটি ভরসাই জোগাচ্ছে বাংলাদেশকে। অবিচ্ছিন্নভাবে ১১৮ রান তুলে তাঁরা চা-বিরতির আগেই দূর করেছেন ইনিংস হারের শঙ্কা। নিউজিল্যান্ডের লিড সামাল দিয়ে তাঁরা দুজন এখন ম্যাচ বাঁচানোর মিশনে। একই সঙ্গে ‘দারুণ কিছু’ করে ফেলার স্বপ্নটা তো আছেই। চট্টগ্রাম আর কক্সবাজারের এই দুজন যেভাবে খেলছেন, তাতে স্বপ্ন দেখাটা খুব দোষের কিছু অবশ্যই নয়।
স্বপ্ন দেখতে দেখতে প্রায় স্বপ্ন ভঙ্গের বেদনার আগুনে পুড়তে হয় বাংলাদেশকে। ৬৬ আর ৮১ রানে থাকা তামিম আর মমিনুলকে এখন খেয়াল রাখতে হবে এ ব্যাপারটিতেই। স্কোর বোর্ডে রান যা-ই উঠুক, এই টেস্ট ম্যাচ বাঁচাতে যে দিনের বাকি সময়টা তাঁদের পার করে দিতে হবে—সেটা তাঁদের মাথায় থাকলেই অনেকটা নির্ভার হওয়া যায়।
মধ্যাহ্নবিরতির পর থেকে চা-বিরতির আগপর্যন্ত মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের দর্শকেরা প্রাণভরে উপভোগ করলেন তামিম আর মমিনুলের ব্যাটিং। প্রথম ইনিংসে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন, এই ইনিংসে যে তেমন কিছুর পুনরাবৃত্তি চান না, সেটা সকাল থেকেই বুঝিয়ে দেওয়ার চেষ্টায় আছেন তামিম। ব্যাটে স্ট্রোকের ফুলঝুরি নেই, উইকেট আগলে রাখার কী প্রাণান্ত প্রচেষ্টা। এভাবেই যদি চালিয়ে যেতে পারেন, তাহলে বড় কিছুর প্রত্যাশা করাই যায়।
মমিনুলও যেন প্রতিজ্ঞায় চোয়ালবদ্ধ। চট্টগ্রামের মহাকাব্যের পর অমন কিছু আরও একবার করে দেখানোর ব্রত তাঁর চোখে-মুখে। তামিমের চেয়ে কিছুটা আক্রমণাত্মক তিনি। রানেও এগিয়ে বেশ খানিকটা। কিন্তু তাঁর ব্যাটেও আছে ভরসা করার মতো প্রতিশ্রুতি।

চা-বিরতির সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে  ১৭৩। দ্বিতীয় সেশনে বাংলাদেশের সংগ্রহ ৮৬ রান। ২৯ ওভারের এই সময়টুকুকে ঢাকা টেস্টে নতুন প্রত্যাশার প্রজ্বালন হিসেবেই ধরে নেওয়া যেতে পারে।