তামিম-সাকিবের দুই রকম ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের বলে সোহাগ গাজী ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা নেওয়ার পরও ব্যাটসম্যান তামিম ইকবাল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ আঙুল তুলে দিয়েছেন, কিন্তু উইকেট থেকে নড়ছিলেন না তামিম। ড্রেসিং রুমে ফিরতে ফিরতেও প্রকাশ করলেন উষ্মা।

খেলা শেষে তামিম নিজের এই ‘অন্যায়’ আউটটাকেই বললেন ম্যাচের টার্নিং পয়েন্ট, ‘আমাদের অনেক কিছু নির্ভর করে আমার ওপর। যে সিদ্ধান্তটা আমার বিপক্ষে দিয়েছে, আমি জীবনে কোনো দিন তা দেখিনি, শুনিওনি। আমার মনে হয় শুনবও না। ওটা খুব গুরত্বপূর্ণ ছিল। এ ছাড়া, ব্যাটিংয়ের সময় আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় ওই রান তাড়া করাটা কঠিন হয়ে গিয়েছিল।’ আউট নিয়ে অসন্তোষ প্রকাশ করে আম্পায়ারকে চ্যালেঞ্জ জানানোর শাস্তিও পেয়েছেন তামিম। ১০ হাজার টাকা জরিমানা করেছেন তাঁকে ম্যাচ রেফারি রকিবুল হাসান।
ফাইনাল জিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসান বলছিলেন, ‘আগেই বলেছি, আমরা ভালো দল। আমাদের বোলিং আক্রমণ খুবই ভালো। ১৭৪ করার পর আমাদের বিশ্বাস ছিল আমরা পারব। ফাইনালের চাপের মধ্যে ১৭৫ করা সহজ নয়।’

প্রস্তুতি ছাড়া সরাসরি টুর্নামেন্ট খেলতে নেমে গিয়েছিলেন। সেদিক দিয়ে পারফরম্যান্স যা-ই করেছেন, নিজের ওপর খুশি প্রাইম ব্যাংক অধিনায়ক। সার্বিকভাবে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপটা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও খারাপ হয়নি বলে মনে করছেন সাকিব। তবে তাঁর মতে, নিজেদের মধ্যে এমন টুর্নামেন্ট খেলার চেয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারলেই বেশি ভালো হতো। এমনকি সাকিব এই টুর্নামেন্টকে এগিয়ে রাখতে রাজি নন বিপিএলের চেয়েও, ‘আন্তর্জাতিক দলের সঙ্গে খেলার অভিজ্ঞতাই অন্যরকম। চাপ অন্যরকম, দর্শক অন্যরকম। এখানে সবকিছুই ছিল। তবে বিপিএলের সঙ্গে একটাই পার্থক্য—বিপিএলে প্রতি ম্যাচের আগে চাপ থাকত, এখানে ওটা ছিল না।’
চ্যাম্পিয়নের ট্রফি উঁচিয়ে ধরে বছর শেষ করলেও ব্যক্তিগতভাবে ২০১৩ সাল নিয়ে তৃপ্ত নন সাকিব, ‘ব্যক্তিগতভাবে বছরটা মোটেই ভালো মনে হয়নি। অনেক ক্রিকেট মিস করেছি। আগামী বছর আমার জন্য যত ম্যাচ আছে, সুস্থ থেকে যেন সব খেলতে পারি।’

বছরের শেষ দিনটা খুশি মনে কাটাতে পারেননি তামিমও। কারণ কালকের ওই আউটটাই। ‘আমাকে ক্যাচ আউট দিয়েছে। কিন্তু রিপ্লেত্লে ভালোভাবে দেখলে দেখবেন যে আমার ব্যাট ছিল পূর্ব দিকে আর আমার প্যাড ছিল পশ্চিমে (হাসি...)। যাই হোক, আমার কোনো অভিযোগ নেই। কারণ আম্পায়ারও মানুষ। তাঁরও ভুল হতে পারে। কিন্তু খারাপ লাগছে যে ওদের (প্রাইম ব্যাংক) সঙ্গে দুবারই আমাকে ভুল আউট দেওয়া হলো’—ম্যাচ শেষে বলছিলেন ইউসিবি-বিসিবি অধিনায়ক।
সাকিবের সঙ্গে একটা জায়গায় অমিল আছে তামিমের। শুরু থেকেই বিজয় দিবস টি-টোয়েন্টি কাপের উদ্যোগের প্রশংসা করে আসছেন, করলেন কালও, ‘আমার মনে হয়, এ টুর্নামেন্টটা সব সময় থাকা উচিত। বিপিএলও অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এ টুর্নামেন্টের পুরোটাই নির্ভর করে স্থানীয়দের ওপর। স্থানীয়রাই ম্যাচ জেতাবে, ওরাই একটা কঠিন পরিস্থিতি থেকে দলকে বের করে নেবে।’ টুর্নামেন্টে নিজের পারফরম্যান্সেও খুশি তামিম, ‘এই টুর্নামেন্টের আগে এক মাস আমি ব্যাটই ধরিনি। জানতাম, ছন্দ ফিরে পেতে এক-দুটো ম্যাচ সময় লাগবে। আল্লাহর রহমতে শেষের দিকে আমি আমার মতো ব্যাটিং করতে পেরেছি।’