তামিম-স্যামুয়েলস কথার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম্পায়ার নাইজেল লং ডেকে নিলেন মুশফিকুর রহিমকে। হাত নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে কী যেন বললেন। দূর থেকে দেখা শরীরী ভাষায় কঠোর কিছুই মনে হলো।মুশফিক কাল নাইজেল লংয়ের কথা শুনেছেন আসলে তামিম ইকবালের কারণে।্রমাঠে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসকে কিছু একটা বলেছেন তামিম। সেটিরই সূত্র ধরে বাংলাদেশ অধিনায়ককে আম্পায়ারের ডেকে নেওয়া, দিন শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের রুমে তলব তামিম-স্যামুয়েলস দুজনকেই। ঘটনার জন্য কেউই অবশ্য কোনো শাস্তি পাননি। তাঁদের মৌখিকভাবে সতর্ক করে দিয়েছেন ম্যাচ রেফারি।তামিম-স্যামুয়েলস ঝামেলার শুরু চট্টগ্রাম টেস্টেই। সূত্র জানিয়েছে, মাঠে বাদানুবাদের জন্য সেখানেও ম্যাচ রেফারি সতর্ক করেছিলেন এই দুই খেলোয়াড়কে। কথার যুদ্ধটা তার পরও তাঁরা টেনে এনেছেন ঢাকা টেস্টে। মুশফিককে ডাকার আগে নাইজেল লং নাকি কাল একবার সঙ্গী আম্পায়ার কুমার ধর্মসেনাকে ওয়াকিটকিতে নির্দেশনা দিয়েছিলেন তামিমের দিকে চোখ রাখতে। শেষ পর্যন্ত আম্পায়ারদের চোখ এড়াতে পারেননি তামিম।বিশ্বস্ত সূত্রের দাবি, ম্যাচ রেফারির কাছে প্রথমে দোষ স্বীকার করেননি তামিম। কাল নাকি তিনি কিছুই বলেননি স্যামুয়েলসকে। এ অবস্থায় পাইক্রফট স্যামুয়েলসকে সামনে রেখে শুনানি ডাকার উদ্যোগ নেন। শুনানিতে তামিম দোষী প্রমাণিত হলে আচরণবিধি ভঙ্গের অপরাধে মোটা দাগের শাস্তি হতে পারত তামিমের। কিন্তু শুনানির আগেই তামিম তাঁর অবস্থান থেকে সরে এসে দোষ স্বীকার করে নেন। ম্যাচ রেফারি তখন ভবিষ্যতের জন্য সতর্কবার্তা শুনিয়েই ছেড়ে দেন তাঁকে।ওই সময় তামিমের সঙ্গে থাকা বাংলাদেশ দলের ম্যানেজার জাহিদ রাজ্জাক অবশ্য বলেছেন ভিন্ন কথা, ‘এ রকম কিছুই হয়নি। আম্পায়ারদের উপস্থিতিতে তামিম ও স্যামুয়েলসকে ডেকে খেলায় মনোযোগ দিতে বলেন ম্যাচ রেফারি। বলেন, “দূর থেকে দেখে মনে হয়েছে তোমরা খেলা বাদ দিয়ে স্লেজিংয়ে ব্যস্ত। এটা ঠিক না। তোমাদের কাজ দলের হয়ে রান করা।” শুনানি বা তামিমের দোষ স্বীকারের মতো কিছু হয়নি।’