দুঃসময়ে আরেকটি দুঃসংবাদ। জিম্বাবুয়ে সফরে গিয়ে হারের বৃত্তে ঢুকে পড়া বাংলাদেশ দল এবার হারাল তামিম ইকবালকে। পরশু প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সময় ঊরুর পেশির পুরোনো চোট মাথা চাড়া দিয়ে উঠেছে। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তো নয়ই, আপাতত দুই ম্যাচ বিশ্রাম দেওয়ায় বাঁহাতি এই ওপেনার সম্ভবত খেলতে পারবেন না জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচেও। সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগেও নাকি এই একই জায়গায় চোট পেয়েছিলেন তামিম।চিকিৎসাবিজ্ঞানে তামিমের চোটটাকে বলা হয় ‘গ্রেড ওয়ান টিয়ার’। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, একই জায়গায় দ্বিতীয়বার এই চোট পেলে অন্তত দুই সপ্তাহের বিশ্রাম নেওয়া জরুরি। এরপর এক সপ্তাহের পুনর্বাসন। সে ক্ষেত্রে তামিমের মাঠে ফিরতে অন্তত তিন সপ্তাহ লাগার কথা। সেটা হলে ত্রিদেশীয় সিরিজটাই শেষ বলা চলে তাঁর জন্য। তামিম নিজে অবশ্য এখনই সেটা বলছেন না। ক্রিকইনফোকে তিনি জানিয়েছেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে পরের ম্যাচে খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। তবে আমি ইনজুরিটা বাড়াতে চাইছি না। আবার দেশেও ফিরে যাচ্ছি না এখনই।’তামিমের চোট জাতীয় দলের দরজা খুলে দিচ্ছে তরুণ আনামুল হকের জন্য। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজকের ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তন এই একটাই হওয়ার কথা। আনঅফিশিয়াল সিরিজ হলেও পেসার আবুল হাসানের পর জিম্বাবুয়ে সফরে এই নিয়ে দ্বিতীয় কারও অভিষেক ঘটবে জাতীয় দলে। হাসান-আনামুলের জন্য জাতীয় দলে অভিষেকটাই তাই আন্তর্জাতিক অভিষেক হচ্ছে না।নতুন কোচ রিচার্ড পাইবাস মাঠের পরাজয় ড্রেসিংরুমে টেনে আনেন না। মাঠে ফলাফল যা-ই হোক, ড্রেসিংরুমে আশার ঘুড়ি ওড়াচ্ছেন। প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা থেকে ইতিবাচক দিক খুঁজতে বলেছিলেন খেলোয়াড়দের। সিরিজের প্রথম ম্যাচে হারের পরও পাইবাস সেটাই বলেছেন। কোচের দর্শন জপে অধিনায়ক মুশফিকুর রহিম দিয়েছেন ভুল থেকে শিক্ষা নেওয়ার প্রতিশ্রুতি।পরশু ম্যাচ শেষে খুব বেশি কথা হয়নি বাংলাদেশ ড্রেসিংরুমে। পরাজয়ের ময়নাতদন্ত হয়েছে কাল সকালে অনুশীলনে যাওয়ার আগে হোটেলের টিম মিটিংয়ে। কোচ জানতে চেয়েছেন হার থেকেও কী কী ইতিবাচকতা খুঁজে পেয়েছেন খেলোয়াড়েরা। শুনিয়েছেন নিজের বিশ্লেষণ। প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ওপেনার মাসাকাদজার দুর্বলতা কাজে লাগাতে না পারার ব্যর্থতাকে সামনে এনে বোলারদের পরামর্শ দিয়েছেন, মাসাকাদজাকে ব্যাকফুটে খেলতে বাধ্য করতে হবে। প্রথম ম্যাচে বোলারদের মধ্যে এই চেষ্টাটা দেখেনি। জিম্বাবুয়ের বিপক্ষে পরের ম্যাচে যেন দেখেন। আর ব্যাটসম্যানদের বলেছেন, প্রতিপক্ষ বোলারদের ওপর শুরুতেই চড়াও হতে হবে। এলোমেলো করে দিতে হবে বোলিং আক্রমণ। পরের ব্যাটসম্যানরা সুযোগ নেবেন সেই দুর্বলতার।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ পর্যন্ত দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ দুটিতেই হারলেও আজকের প্রেক্ষাপট ভিন্ন। একে তো আন্তর্জাতিক ম্যাচ নয়, তার ওপর দক্ষিণ আফ্রিকাও পাঠায়নি পূর্ণ শক্তির দল। গ্রায়েম স্মিথ, এবি ডি ভিলিয়ার্স, ইয়োহান বোথা, ডেল স্টেইন, মরনে মরকেল নেই। হাশিম আমলার নেতৃত্বে জিম্বাবুয়ে যাওয়া দলটাকে দ্বিতীয় সারিরই মনে করছেন বাংলাদেশ কোচ। এমন দলের বিপক্ষে থাকতে হবে নির্ভার, কাজে লাগাতে হবে দুর্বলতার সুযোগ। পাইবাস তাই পরামর্শ দিয়েছেন, মানসিক চাপ না নিয়ে খেলতে। কোচের পরামর্শের সঙ্গে মিল আছে দলের চিন্তাভাবনারও। হার দিয়ে সিরিজ শুরু হলেও এখানেই সব শেষ ভাবছেন না ক্রিকেটাররা। ব্যর্থতার বৃত্ত থেকে বের হওয়ার প্রতিজ্ঞা সবার মধ্যে, এমনটাই জানা গেছে দল সূত্রে।দেখাই যাক, বাকি তিন ম্যাচে প্রতিজ্ঞা কতটা পূরণ করতে পারে মুশফিকুর রহিমের দল।