গল্পটা নানাজনের নামে চালু আছে। সবচেয়ে বিশ্বাস্য হয় বলেই কি না, অমর উক্তিটা শেষ পর্যন্ত ভিভ রিচার্ডসের বলেই মেনে নেওয়া হয়েছে। গল্পটা আগে বলে নিই। তরুণ ভিভ রিচার্ডস ইংল্যান্ডে গেছেন আলফ্ গোভারের বিখ্যাত গোভার একাডেমিতে। নেটে প্রথম বলেই চালালেন। কড়া হেডমাস্টার গোভার কড়কানি দিলেন, ‘দেখো, তোমার পা কোথায়?’ রিচার্ডস অম্লান বদনে জবাব দিলেন, ‘পা কোথায় দেখার দরকার নেই। বল কোথায়, এটা দেখো।’তামিম ইকবালের দুই পা-ই ছিল শূন্যে। রিচার্ডসের কথামতো সেটি না হয় না-ই দেখলাম। কিন্তু বলটা যে চলে গেল মিড অনের হাতে। এখানে তাই তাঁর নিস্তার মিলছে না। অফ স্টাম্পের এত বাইরের বল, লাফিয়ে উঠে সেটিতে পুল খেলতে যাওয়া—ছি ছি ছি, এটা কোনো শট হলো! টেস্ট ক্রিকেটে কি কেউ এভাবে ব্যাটিং করে! তামিম ইকবালের মতো ব্যাটসম্যানদের এটাই নিয়তি। দুর্দান্ত স্ট্রোক প্লেতে দর্শকের মন রাঙিয়ে দেবেন, ‘হোয়াট আ শট’ বলে অস্ফুট ধ্বনি বের করে আনবেন মুখ থেকে। এর পর হঠাৎই যখন ওভাবে আউট হয়ে যাবেন, মনে হবে একটা শট বেশি খেলে ফেলেছেন! দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলবেন অনেকে। প্রশ্ন উঠবে পরিস্থিতির দাবি বোঝার ক্ষমতা আর দলের প্রতি নিবেদন নিয়েও। কালই যেমন। চন্দরপল ও রামদিনের ঘুমপাড়ানি ব্যাটিংয়ের দিনে বিনোদন বলতে তো এক তামিম ইকবালই। কিন্তু ১০৪ মিনিট ধরে ব্যাটিং বিনোদনের যে পসরা সাজিয়ে বসেছিলেন, তা যেন মিথ্যা হয়ে গেল ওই এক শটেই।এই দলে তামিম অবশ্যই একা নন। এ কারণেই তো বললাম, তামিম ইকবালের মতো ব্যাটসম্যানদের ...। এই টেস্টের কথাই ধরুন না, ওয়েস্ট ইন্ডিজের অবস্থা যদি বাংলাদেশের মতো হতো, টেস্ট ম্যাচের শুরুতেই অমন ছক্কার নেশায় মেতে ওঠায় নিশ্চিত সমালোচনার তির ছুটে যেত ক্রিস গেইলের দিকে। বীরেন্দর শেবাগ আরেক উদাহরণ। একবার এক টেস্টে উচ্চাভিলাষী এক শট খেলে আউট হয়ে ফেরার পর ড্রেসিংরুমে তাঁর কলার চেপে ধরে জবাবদিহি চেয়েছিলেন কোচ জন রাইট। রাইটের আত্মজীবনীতেই এ ঘটনার বিস্তারিত বর্ণনা আছে। রাইটের ওই কাণ্ডটা ব্যতিক্রম। নইলে গেইল-শেবাগ এক দিক থেকে নিশ্চিন্তই আছেন। সবাই মেনেই নিয়েছেন, এটাই ওঁদের খেলা। ওঁরা এভাবেই ব্যাট করেন।প্রাসঙ্গিক তথ্য হিসেবে জানিয়ে দিতে ইচ্ছা করছে, টেস্ট ক্রিকেটে এই দুজনেরই দুটি করে ট্রিপল সেঞ্চুরি আছে। যে কীর্তির পাতায় তাঁদের পাশে আর মাত্র দুটি প্রাতঃস্মরণীয় নাম—ডন ব্র্যাডম্যান ও ব্রায়ান লারা। শেবাগ-গেইলের মতো চালিয়ে খেলে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা যায়, তাঁরা তা করে ফেলার আগে কেউ বিশ্বাস করত না।শেবাগ-গেইল তাঁদের মতো খেলেই শেবাগ-গেইল। তামিম ইকবালের সমস্যা হলো, নিজের মতো খেলার স্বাধীনতা নিয়ে তাঁকে সম্ভবত প্রায়ই সংশয়ে পড়তে হয়। যত দূর জানি, দল থেকে সেই স্বাধীনতা দেওয়া আছে। তবে সংবাদমাধ্যম তো সমালোচনায় মুখর হয়ে ওঠেই। ২৩ বছরের একটা ছেলের তাতে আক্রান্ত না হওয়াটাই অস্বাভাবিক। প্রসঙ্গটা আসায় কলিন ক্রফটের কথা মনে পড়ে গেল। ২০০৭ বিশ্বকাপে ভারতকে উড়িয়ে দিয়েছেন তামিম। পরদিন সকালে কুইন্স পার্ক ওভালে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের পেস কোয়ার্টেটের প্রতিষ্ঠাতা সদস্যের সঙ্গে দেখা। তামিম সম্পর্কে বিস্তর ‘আহা’ ‘উঁহু’ করার পর ক্রফট বারবার একটা কথাই বলে গেলেন—‘ডোন্ট কিল হিম’। বাংলাদেশের সাংবাদিক পেয়ে সংবাদমাধ্যমের দায়িত্বও মনে করিয়ে দেওয়া কর্তব্য মনে করলেন, ‘ওর মতো ব্যাটসম্যান অনেক সময়ই বেশি শট খেলতে গিয়ে আউট হয়ে যাবে। কিন্তু তোমরা ওর পেছনে লেগে যেয়ো না। ওকে ওর মতো খেলতে দিয়ো।’তামিম ইকবালের ব্যাপারে এটাই বোধ হয় সবচেয়ে ভালো প্রেসক্রিপশন। অধুনা জনপ্রিয় গানের অনুকরণে বলি—তামিমকে তামিমের মতো থাকতে দাও। ও নিজেকে নিজের মতো গুছিয়ে নেবে।