তামিমকে নিয়ে টানাটানি
পাশ থেকে হেঁটে যেতে থাকা জেমি সিডন্স ডাক দিয়ে জিজ্ঞেস করলেন তামিম ইকবালকে, ‘কোন দল কাল?’ তামিম উত্তর দিলেন, ‘সম্ভবত ঢাকায় খেলব।’কাল সারা দিন এমনই গুঞ্জন ছিল বাতাসে, জাতীয় লিগের ওয়ানডে ফাইনালে ঢাকার হয়ে খেলছেন চট্টগ্রামের তামিম ইকবাল। জাতীয় দলের স্বার্থের কথা ভেবে এই প্রস্তাবে বরিশালের কোনো আপত্তিও ছিল না। কিন্তু বেঁকে বসেছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। চট্টগ্রামের কাছে তামিমকে ফাইনালে খেলার জন্য ছেড়ে দিতে বলেছিল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা। কিন্তু এই একটি ম্যাচের জন্য ছেড়ে দিলে মৌসুমের বাকি অংশে টি-টোয়েন্টি বা চার দিনের ম্যাচে জন্য তামিমকে পাবে না চট্টগ্রাম। তাদের আপত্তি করার যুক্তি আছে। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেছেন, ‘পুরো মৌসুমের জন্য তাকে আমরা ছাড়তে পারি না। যদি এই ফাইনালটা খেলে তামিম আবার মৌসুমের বাকিটা আমাদের হয়ে খেলতে পারত, তাহলে আমাদের আপত্তি থাকত না।’টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হাফিজ জোয়ারদার বলছেন, সে সুযোগ আইনে নেই, ‘আমরা চট্টগ্রামের লিখিত অনুমতি পেলে তামিমকে ঢাকায় খেলতে দিতে পারি। কিন্তু সে ক্ষেত্রে এই মৌসুমের বাকিটা ওকে ঢাকার হয়েই খেলতে হবে। এক মৌসুমে দুবার তো দল বদলানো সম্ভব না।’