তামিমকে পাশেই পাচ্ছেন মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা মানেই চোটাঘাত। তামিম ইকবাল মানেই বিতর্ক। আপাতত চোটাঘাত না থাকলেও এবার তামিমকে নিয়ে বিতর্কের মধ্যে পড়ে গেলেন মাশরাফিও!
হ্যাঁ, বাইরে থেকে তাই মনে হচ্ছে। তবে বাংলাদেশ দলের অন্দরমহলের খবর হলো, অধিনায়কত্ব নিয়ে বিতর্কের মধ্যেও মাশরাফি-তামিম সম্পর্ক যথেষ্টই উষ্ণ আছে। বিসিবির অদ্ভুত সিদ্ধান্তে মনঃক্ষুণ্ন তামিমকে চাঙা রাখতে ‘বড় ভাই’ হিসেবে সব রকম চেষ্টাই করেছেন মাশরাফি। কাগজ-কলমে সহ-অধিনায়কের পদ ছেড়ে দিলেও তামিমও আছেন মাশরাফির পাশেই।
কাল সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠলেও এটিকে খুব একটা গুরুত্ব দিলেন না শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টির অধিনায়ক। তামিমের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ এলেই মাশরাফি বলেছেন, ‘সত্যি বলতে কি, এসব নিয়ে ওর সঙ্গে আলাদা কথা বলার প্রয়োজনই নেই। তামিম অত্যন্ত পেশাদার ক্রিকেটার। এসব বিষয় ও খুব ভালো জানে।’ দলের মধ্যেও নাকি এ নিয়ে কোনো আলোচনা নেই। সবার দৃষ্টি আজকের টি-টোয়েন্টি ম্যাচের দিকে, ‘আমাদের ফোকাস এখন কালকের (আজকের) ম্যাচটার দিকে। আমরা সবাই এক হয়েই আছি। এটা নিয়ে কোনো সমস্যাই তৈরি হয়নি।’

অধিনায়কত্ব নিয়ে বিসিবি সৃষ্ট বিতর্কিত পরিস্থিতির কারণে খেলোয়াড়দের চিন্তার তালটা যেন কেটে না যায়, সে জন্য কোচ শেন জার্গেনসেন দলের মধ্যে ৪৮ ঘণ্টার বাক-নিষেধাজ্ঞা জারি করেছিলেন। মাশরাফির সংবাদ সম্মেলন দিয়ে কাল সেটার ইতি ঘটল। সেই সংবাদ সম্মেলনে বাক-নিষেধাজ্ঞার একটা কারণও ব্যাখ্যা করতে চাইলেন তিনি, ‘দলে অনেক তরুণ খেলোয়াড় আছে। তাদের প্রস্তুতিটা যেন ভালো হয়, অন্য দিকে মন না যায়, সে জন্যই নিষেধাজ্ঞা ছিল।’
আপাতত দুটি টি-টোয়েন্টি ম্যাচের দায়িত্ব দেওয়া হলেও মাশরাফি একসময় জাতীয় দলের নিয়মিত অধিনায়কেরই দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ম্যাচেই ছিটকে পড়েন মাঠ থেকে। ২০০৯-এর জুলাইয়ে ওই ঘটনার পর ফিরে এসে আবার অধিনায়কত্ব পেয়েছিলেন। পরের বছর অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোট পেয়ে আবারও চলে যেতে হয় মাঠের বাইরে। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার স্বাদ তাই কখনোই লম্বা সময়ের জন্য উপভোগ করা হয়নি মাশরাফির।
মুশফিকুর রহিমের আঙুলের চোটের কারণে এবারও অধিনায়ক হয়েছেন মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য। বিসিবির দেওয়া সেই দায়িত্ব ভালোভাবে পালন করার প্রতিজ্ঞা মাশরাফির কণ্ঠে, ‘বোর্ড আমাকে একটা কাজ দিয়েছে। সেটা ভালোভাবে পালন করাই আমার দায়িত্ব। তামিমসহ অন্য যারা আছে, সবাই আমাকে সাহায্য করছে। সবকিছু পেশাদারিভাবেই হচ্ছে।’
চোটাক্রান্ত মাশরাফিকে মিস করার কথা অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিম অনেকবারই বলেছেন। কাল হলো উল্টোটা। এবার মাশরাফি বললেন, টি-টোয়েন্টি সিরিজে দল কতটা মিস করবে মুশফিককে, ‘মুশফিক আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। দুই বছর ধরে অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। তার মতো একজনকে হারানোটা দুঃখজনক। তবে আমরা যারা আছি, তাদেরই খেলতে হবে, পারফর্ম করতে হবে। এর আগেও আমরা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া পারফর্ম করেছি, জিতেছি।’
পরশু জ্বর ছিল শামসুর রহমানের। ঘাড়ে সমস্যা থাকায় মাঠে এসেও অনুশীলন করেননি তামিম। কাল দুজনই অনুশীলন করলেন। শামসুর তো নেটে ব্যাটিং অনুশীলন করলেনই, তামিমও বেশ খানিকটা সময় ব্যাটিং করলেন এক পায়ে প্যাড পরে। ঘাড়ের সমস্যা পুরোপুরি সেরে গেলে আজকের ম্যাচটা খেলবেনও। অধিনায়কের আশা, ‘তামিমের মানসিক অবস্থা খুবই ভালো। তবে শারীরিক অবস্থা দেখছেন ফিজিও। তিনিই ভালো বলতে পারবেন কী অবস্থা। তবে আমরা আশা করছি, ভালো হয়ে যাবে।’
গত এশিয়া কাপের আগে দল থেকে বাদ পড়েছিলেন। পরে দলে ফিরলেও ভেতরে জেদটা রয়ে গিয়েছিল। জবাব দিয়েছিলেন ব্যাট হাতেই। টানা চার ম্যাচে ফিফটি করে এক-এক করে চার আঙুল দেখানোর সেই উদ্যাপন বিখ্যাত হয়ে আছে বাংলাদেশের ক্রিকেটে।
এবারের বিতর্কের জবাবটা কীভাবে দেবেন তামিম?