তামিমকে সাকিবের 'ঈদ উপহার'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান ও তামিম ইকবাল ফাইল ছবি
সাকিব আল হাসান ও তামিম ইকবাল ফাইল ছবি

ঈদের খুশিতে মেতে উঠেছে দেশ। আনন্দের এই দিনে বাংলাদেশের দুই তারকা ব্যাটসম্যান সাকিব আল হাসান ও তামিম ইকবাল মুখোমুখি হয়েছিলেন ক্রিকেট মাঠে। দুজনের কেউই অবশ্য নিজেদের মেলে ধরতে পারেননি। তবে ‘ঈদের উপহার’ হিসেবে প্রিয় বন্ধু তামিমকে আরও একটি পরাজয় দিয়েছেন সাকিব।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব খেলছেন বারবাডোজের হয়ে। অন্যদিকে তামিম খেলছেন সেন্ট লুসিয়ার হয়ে। বাংলাদেশ সময় আজ ভোর ছয়টায় মুখোমুখি হয়েছিল বারবাডোজ ও সেন্ট লুসিয়া। এ ম্যাচে সাকিবের দল বারবাডোজ ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে সেন্ট লুসিয়াকে।
এ জয়ের সুবাদে শীর্ষে থাকা বারবাডোজের অবস্থানটা সুসংহত হলো আরও। নিজেদের চার ম্যাচে জয় চারটিতেই, সাকিবদের অর্জন ৮ পয়েন্ট। সেন্ট লুসিয়ার অবস্থা অবশ্য বেশ হতাশার। চার ম্যাচে জয় কেবল একটিতে। ২ পয়েন্ট নিয়ে তামিমদের অবস্থান শেষ থেকে দ্বিতীয়।

আজ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান তোলে বারবাডোজ। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন ডোয়াইন স্মিথ। শোয়েব মালিক করেন ৩১ রান। সাকিবের সংগ্রহ ৯ বলে ১২ রান। ২১ বলে ৩৪ রান নিয়ে অপরাজিত থাকেন কাইরন পোলার্ড। সেন্ট লুসিয়ার হয়ে মরকেল ও টিনো বেস্ট দুটি করে উইকেট নেন।

১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে সেন্ট লুসিয়া। উইকেট পতনের শুরুটা হয় তামিম ইকবালকে দিয়ে। ৪ বলে ১ রান করেন তিনি। দলীয় ৩০ রানের মধ্যে তিনটি উইকেট হারায় সেন্ট লুসিয়া। এরপর কিছুটা লড়াইয়ের আভাস দেন মিসবাহ-উল-হক (২৩) ও হার্শেল গিবস (২১)। তবে তাঁদের বিদায়ের পর ধসে পড়ে ইনিংস। ১৭.৫ ওভারে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় সেন্ট লুসিয়া। বারবাডোজের হয়ে অ্যাশলে নার্স ও রায়াদ অমৃত তিনটি করে উইকেট নেন।

ব্যাটের ঘাটতিটা বলে পুষিয়ে দিচ্ছিলেন। এদিন তাও হয়নি সাকিবের। দুই ওভার বল করে ১৫ রান দিয়েছেন, উইকেটের দেখা পাননি। দুটি করে উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল ও কাইরন পোলার্ড। ম্যাচসেরা খেলোয়াড় হন পোলার্ড। সূত্র: ক্রিকইনফো।