তামিমকে হারিয়ে দিলেন সাকিব

একজন ১১ বলে ৫, অন্যজন ২৫ বলে ৩৩। ব্যক্তিগত এই লড়াইটার মতো দলীয় লড়াইতেও তামিম ইকবালকে হারিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। আজ সিলেটে বিজয় দিবস চ্যালেঞ্জ কাপের ম্যাচে তামিমের ইউসিবি-বিসিবি একাদশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সাকিবের প্রাইম ব্যাংক।
তামিমের মতোই ব্যাট হাতে ব্যর্থ তাঁর দল। ২০ ওভারে ৮ উইকেটে ১২৩ রানের বেশি তুলতে পারেনি ইউসিবি-বিসিবি একাদশ। যে ১০ জন ব্যাটিং করেছেন, এর মধ্যে সাতজনের মোট রানই ছিল ১৪! ভাগ্য ভালো এই ব্যাটিং ব্যর্থতার মিছিলে যোগ দেননি বাকি তিনজন—রনি তালুকদার (২৮ বলে ৩৪), নাঈম ইসলাম (৩৮ বলে ৩২) এবং মার্শাল আইয়ুব (৩০ বলে ৪০)।
২০ রানে ৩ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সফল বোলার শাহাদাত হোসেন। ৩০ রানে দুই উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ২৯ রানে ১ উইকেট রুবেলের। সাকিব অবশ্য ৪ ওভারে ২৫ রান দিয়ে উইকেটশূন্য।
বল হাতে এই ব্যর্থতা সাকিব ব্যাট হাতে পুষিয়ে দিয়েছেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এসেছে তাঁর ব্যাটেই। দুটো করে চার ও ছক্কা হাঁকিয়ে সিলেটের দর্শকদের ‘খুশি’ করে দিয়েছেন। অবশ্য প্রাইম ব্যাংকের সহজ জয়ের আসল নায়ক সাব্বির রুম্মান। ৪১ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন তিনি। ছয়টি চারের পাশাপাশি মেরেছেন একটি ছয়ও। তৃতীয় উইকেটে সাকিব ও রুম্মান মিলে ৭৬ রানের জুটিও গড়েন। ওপেনার এনামুল হকের ব্যাটে এসেছে ২৪ রান।
জয় থেকে মাত্র ১৬ রান দূরে থাকতে দেলোয়ার হোসেনের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান সাকিব। তামিম আজ আটজন বোলারকে ব্যবহার করলেও উইকেটের দেখা পেয়েছেন কেবল দেলোয়ারই।