তামিমের আইপিএল স্বপ্ন পূরণ
বিশ্বসেরা তারকাদের সঙ্গে খেলা, এক ড্রেসিংরুমে থাকা, অনুশীলন, ক্রিকেট নিয়ে কথা বলা—অমূল্য সব অভিজ্ঞতা। এটির কারণেই আইপিএলে খেলাটা ছিল তামিম ইকবালের স্বপ্ন। সেই স্বপ্ন এবার সত্যি হচ্ছে। খবরটা বাতাসে ভেসে বেড়াচ্ছিল কয়েক দিন ধরেই। আনুষ্ঠানিক ঘোষণা এল কাল। পঞ্চম বাংলাদেশি হিসেবে আইপিএলে খেলতে যাচ্ছেন তামিম। গত ফেব্রুয়ারির নিলামে অবিক্রীত ছিলেন, শেষ পর্যন্ত নিলামের ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারেই বাঁহাতি ওপেনারকে নিয়েছে পুনে ওয়ারিয়র্স।বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন মোহাম্মদ আশরাফুল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে আবদুর রাজ্জাক, কলকাতা নাইট রাইডার্সে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। এখন খেলছেন শুধু সাকিবই, এবার যোগ হলেন তামিম। তামিমের সঙ্গে চুক্তি শুধু এই মৌসুমের জন্যই। সুযোগটা এসেছে আসলে জেমস হোপসের চোটে। দিল্লি ডেয়ার ডেভিলস থেকে এই মৌসুমেই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে টেনেছিল পুনে। কিন্তু চোটের কারণে ছিটকে গেছেন হোপস। আবার বলা যায়, ভূমিকা আছে যুবরাজ সিংয়ের ক্যানসারেরও। এমনিতে প্রতি দল বিদেশি নিতে পারে ১০ জন করে। কিন্তু যুবরাজের আকস্মিক অসুস্থতার বিবেচনায় পুনেকে ১১ জন বিদেশি নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তামিমকে দিয়েই ১১ জন বিদেশি ক্রিকেটারের কোটা পূরণ করল সাহারা ইন্ডিয়া পরিবারের মালিকানাধীন দলটি।ডলার কিংবা মাঠের বাইরের গ্ল্যামারের হাতছানি আছে। তবে তামিম রোমাঞ্চিত নিজের স্বপ্ন পূরণের ব্যাপারগুলো নিয়েই, ‘ক্রিকেট নিয়ে কথা বলতে আমার খুব ভালো লাগে, এবার সেই সুযোগটা খুব ভালোভাবে পাব। বিশ্বসেরা তারকাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা, ওরা কীভাবে অনুশীলন করে, ম্যাচের প্রস্তুতি কীভাবে নেয়, ওদের মানসিকতা—সবকিছু খুব কাছ থেকে দেখার সুযোগ হবে। বিপিএলে কিছুটা সুযোগ হয়েছে, এবার আরও বড় পরিসরে দেখার সুযোগ পাব।’ ভারতীয় পত্রপত্রিকার খবর, তামিমকে নেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহ ছিল দলের অধিনায়ক ও মেন্টর সৌরভ গাঙ্গুলীর। এখনো সৌরভের সঙ্গে কথা হয়নি, তবে ‘দাদা’কে কাছ থেকে দেখার জন্য মুখিয়ে আছেন তামিম, ‘ব্যাটসম্যান ও নেতা হিসেবে সৌরভ কী, এটা পুরো ক্রিকেট বিশ্ব জানে। আরও ওর মতো আমিও বাঁহাতি ব্যাটসম্যান, অনেক কিছুই শেখার সুযোগ আছে। সৌরভ ও মাইকেল ক্লার্কের মতো গ্রেটদের পাশে খেলে অনেক অভিজ্ঞতা হবে, আমি সুযোগটার জন্য মুখিয়ে আছি।’গত মৌসুমে পুনের কোচ ছিলেন জিওফ মার্শ। মার্শ মাঝখানে শ্রীলঙ্কার কোচ হয়েছেন, আবার বরখাস্তও হয়েছেন। মার্শই ফিরবেন, নাকি নতুন কোনো কোচ—এটি এখনো চূড়ান্ত হয়নি। আপাতত সৌরভের সঙ্গে ব্যাটিং কোচ আছেন প্রাভিন আমরে, বোলিং কোচ অ্যালান ডোনাল্ড আর মনোবিদ প্যাডি আপটন। চাইলে শেখার সুযোগ তাই অনেকই পাবেন তামিম। অবশ্য একাদশে সুযোগ কতটা পাবেন, সেই সংশয় থাকছে। পুনে ওয়ারিয়র্সে ওপেন করার মতো তামিম ছাড়াও আছেন আরও পাঁচজন—সৌরভ, গ্রায়েম স্মিথ, রবিন উথাপ্পা, জেসি রাইডার ও মনীশ পান্ডে। সঙ্গে লুক রাইট ইদানীং টি-টোয়েন্টিতে নিয়মিতই ওপেন করছেন, ক্লার্কও বেশির ভাগ সময় টি-টোয়েন্টি খেলেছেন ওপেনার হিসেবে। সব মিলিয়ে তাই বলা যায় লড়াইয়ে আটজন!তামিম অবশ্য এই লড়াই নিয়ে ভাবছেনই না, ‘আমাকে যখন ওরা নিয়েছে, একটা পরিকল্পনা অবশ্যই আছে। আগেই বলেছি, এই তারকাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারাটাই অনেক বড় পাওয়া। আর সুযোগ যদি আসে, আমি সর্বোচ্চ চেষ্টা করব লুফে নিতে।’যাওয়ার তারিখ এখনো ঠিক হয়নি, তবে ভিসার কাগজপত্র পাওয়ার পর ২ তারিখ নাগাদ যেতে পারেন। তামিমের ধারণা, সাকিবের পর তাঁর এই আইপিএলে যাত্রা দরজা খুলে দেবে আরও অনেক সতীর্থের, ‘আমার ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ। সাকিবের ভালো করাটা যেমন আমার জন্য দুয়ার খুলে দিয়েছে, আমিও তেমনি পারফরম্যান্স দিয়ে আরও অনেকের জন্য দুয়ার খুলে দিতে চাই।’