তামিমের ওপর চাপ না বাড়াতে...

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বগুণ নিয়ে কারও মনেই প্রশ্ন নেই। বরং ব্যক্তিগত গুণাবলির সৌজন্যে সব খেলোয়াড়ের কাছে গ্রহণযোগ্য এক চরিত্র তিনি। তার পরও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য মাশরাফিকে অধিনায়ক করা নিয়ে প্রশ্ন উঠছে প্রক্রিয়াগত কারণে। বিস্ময়কর হলেও সত্যি, মাশরাফিকে অধিনায়ক করা হয়েছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পরামর্শ ছাড়াই।
এই সিরিজের আগেই সহ-অধিনায়ক নির্বাচিত হওয়া তামিম ইকবাল দলে থাকার পরও মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে মাশরাফিকে অধিনায়ক করায় মাশরাফিসহ গোটা দলই বিস্মিত। কেন এই সিদ্ধান্ত—এই প্রশ্নটার উত্তর জানা নেই খোদ ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানেরও। কাল টেলিফোনে বললেন, ‘জালাল ভাই (বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস) আমাকে বলেছিলেন, তাঁকে নাকি পাপন (বিসিবির সভাপতি নাজমুল হাসান) ভাই বলেছেন মাশরাফিকে অধিনায়ক ঘোষণার জন্য। কাজেই এ ব্যাপারে জালাল ভাই-ই ভালো বলতে পারবেন।’
মাশরাফিকে অধিনায়ক করার ব্যাপারে বিসিবি সভাপতি ক্রিকেট পরিচালনা বিভাগের পরামর্শ নিয়েছেন কি না—জানতে চাইলে আকরামের উত্তর, ‘আমার পরামর্শ নেওয়া হয়নি। আমাকে সিদ্ধান্তটা জানানো হয়েছে। জালাল ভাইকে উনি (সভাপতি) বলেছেন। জালাল ভাই আমাকে এসএমএস করে দিয়েছেন।’ এসএমএস পাওয়ার পর বিসিবি সভাপতির সঙ্গে ফোনে কথা হয়েছে বলেও জানিয়েছেন আকরাম, ‘সভাপতি বলেন বোর্ডের কিছু পরিচালকের সঙ্গে ওনার কথা হয়েছে। ওনারা মাশরাফিকে ক্যাপ্টেনসি দেওয়ার জন্য বলেছেন।’
জালাল ইউনুস অধিনায়ক নির্বাচনের ঘটনাপ্রবাহ বর্ণনা করছেন এভাবে, ‘বোর্ড সভাপতি দল পাওয়ার পর আমাকে ফোনে বলেন, আমি আকরামকে পাচ্ছি না। আপনি আমার হয়ে আকরামকে জানান, এটাই সিদ্ধান্ত যে, মাশরাফি ক্যাপ্টেন। তাঁকে বলবেন, রাতে যেন আমার সঙ্গে ফোনে কথা বলে। এরপর আকরাম সভাপতির সঙ্গে কথা বলেছেন।’
তামিমকে অধিনায়ক না করার পেছনে বিসিবি সভাপতির যুক্তিটাও জানিয়েছেন জালাল ইউনুস, ‘সিদ্ধান্তটা সভাপতি নিশ্চয়ই অনেকের সঙ্গে কথা বলেই নিয়েছেন। সভাপতি এটাও বলেছেন, তামিমের মাথার ওপর এত তাড়াতাড়ি এত বোঝা না দেওয়াই ভালো।’ এসব ব্যাপারে কথা বলতে কাল সন্ধ্যায় বিসিবি সভাপতিকে ফোন করা হলেও ফোন ধরেননি তিনি। তবে রাতেই দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি সভাপতি মাশরাফিকে অধিনায়ক করার ব্যাখ্যা দিয়েছেন, ‘মাশরাফি বিন মুর্তজা দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় এবং দলকে উজ্জীবিত করার মতো একজন ব্যক্তিত্ব। আমাদের বিশ্বাস, তিনি তাঁর অভিজ্ঞতা দিয়ে দলকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবেন।’ অধিনায়কের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক দলকে নেতৃত্ব দেবেন, এই প্রচলিত রীতির ব্যত্যয় ঘটানোর কারণ হিসেবে বলা হয়েছে, ‘তামিম ইকবাল জাতীয় দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং ভবিষ্যতের নেতা। অন্য যেকোনো কিছুর চেয়ে তাঁর ব্যাটিং-সামর্থ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য বেশি তাৎপর্যপূর্ণ। আসন্ন ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে আমাদের মনে হয়েছে, ব্যাটিংয়ে পুরোপুরি মনোযোগ দেওয়ার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাঁর ওপর বাড়তি চাপ না দেওয়াই ভালো।’
বিসিবি সভাপতির এই ব্যাখ্যা এল অনেক পরে। মাশরাফিকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে তার আগেই স্পষ্ট বিভাজনরেখা তৈরি হয়েছে বোর্ডের মধ্যে। ক্রিকেট পরিচালনা কমিটিকে পাশ কাটিয়ে এই সিদ্ধান্ত নেওয়ায় আকরাম খানের ক্ষুব্ধ হওয়াই স্বাভাবিক। একটি সূত্রে জানা গেছে, কাল সকালে এটা নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে কথাও বলেছেন তিনি। এ কথা স্বীকার করে আকরাম বলেছেন, ‘বোর্ড সভাপতি আমাকে বলেছেন, বিষয়টা নিয়ে তিনি তামিমের সঙ্গে কথা বলবেন।’
একটি সূত্রে জানা গেছে, চোটের কারণে মুশফিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারছেন না জেনে সিঙ্গাপুর থেকে বোর্ড সভাপতি কয়েকজন পরিচালকের সঙ্গে সম্ভাব্য অধিনায়ক প্রসঙ্গে ফোনে কথা বলেন। ওই পরিচালকেরা সাকিবকে অধিনায়ক ও নাসিরকে সহ-অধিনায়ক করার প্রস্তাব দেন। সভাপতিরও সায় ছিল তাতে। কিন্তু পরে যখন তিনি শোনেন, টি-টোয়েন্টি দলে মাশরাফিও আছেন, তখন মাশরাফিকেই অধিনায়ক করার কথা বলেন।
অধিনায়ক নির্বাচন নিয়ে বোর্ড পরিচালকদের মধ্যে মতবিরোধ তৈরি হলেও ক্রিকেটারদের মধ্যে এ নিয়ে মন-কষাকষি নেই বলেই মনে হচ্ছে। তামিমের সঙ্গে মাশরাফির সম্পর্ক বরাবরই ভালো। এবারের ঘটনাটি সেই ভালো সম্পর্কটাকে বোধ হয় আরও মজবুতই করল। আর তাতে মাশরাফিরও বড় ভূমিকা আছে। দল সূত্রের তথ্য, অধিনায়কের জন্য বরাদ্দ পেনিনসুলায় স্যুইট রুমটিতে নিজে না থেকে সেটি তামিমের জন্য ছেড়ে দিয়েছেন মাশরাফি।