তামিমের ওপর চোখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে নিয়ে বাকি বড় দলগুলোর মধ্যে একটা তুচ্ছতাচ্ছিল্য থাকাটা অন্যায় কিছু নয়। মুখে যতই সমীহের ভাব দেখাক, আড়ালে হয়তো অবজ্ঞাই করে। এবং সেই অধিকার ইংল্যান্ডেরই সবচেয়ে বেশি। ইংল্যান্ডই যে একমাত্র টেস্ট খেলুড়ে দল, যাদের এখনো বাংলাদেশ কোনো ধরনের ক্রিকেটেই হারাতে পারেনি।তার পরও আজ থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিতে বাংলাদেশকে যথেষ্ট সমীহ করছেন বলেই জানালেন অ্যান্ড্রু স্ট্রাউস। ইংল্যান্ড অধিনায়ক যে যুক্তি দেখালেন তাতে মনে হলো, স্রেফ কথার কথা নয়, স্ট্রাউস মন থেকেই বলছেন। উদাহরণ হিসেবে তিনি টেনে আনলেন তামিম ইকবালকে, যাঁর সৌজন্যে বাংলাদেশ সত্যিই নিকট অতীতে বেশ কবার ইংল্যান্ডের ঘাম ঝরিয়েছে।‘বাংলাদেশ বিপজ্জনক একটা দল। ওদের সব ব্যাটসম্যানের হাতেই প্রচুর শট খেলার ক্ষমতা আছে, বিশেষ করে তামিমের নাম তো বলতেই হবে’—গত মে-জুনের টেস্ট সিরিজে লর্ডস এবং ওল্ড ট্রাফোর্ডে টানা দুই সেঞ্চুরি করা তামিমের কথা ভুলতে পারছেন না স্ট্রাউস। ইংল্যান্ড অধিনায়কের মনে আছে গত মার্চে বাংলাদেশ সফরের স্মৃতিও, ‘বাংলাদেশে ওয়ানডে সিরিজটা জিততে আমাদের অনেক খাটাখাটুনি গেছে। এবারও আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, সতর্ক থাকতে হবে, ওরা যেন কোনো সুযোগ না পেয়ে যায়।’মাত্র কদিন আগে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনায়াসে জেতার পর ইংল্যান্ডের এত সতর্কতা বাংলাদেশ দলের জন্য হতে পারে প্রেরণা। স্ট্রাউস কিন্তু সতর্কই করে দিচ্ছেন সতীর্থদের, ‘গত ছয়টি ওয়ানডের চারটিই জিতেছি আমরা। এই তিনটি ম্যাচও জেতার জন্য মুখিয়ে আছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া জয়টা নিয়ে আমাদের আরও এগিয়ে যেতে হবে। আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই।’ এই সিরিজ দিয়ে আবারও অধিনায়ক হিসেবে ফেরা মাশরাফি বিন মর্তুজাও তাকিয়ে আছেন তামিমের দিকে, ‘তামিম সেই খেলোয়াড় যে একাই ম্যাচের রং পাল্টে দিতে পারে, আমাদের জেতাতে পারে।’ অধিনায়ক অবশ্য বললেন সাকিব, মুশফিক আর জহুরুলের কথাও।ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি ১০ জুলাই, ব্রিস্টলে। দুই দিন পর তৃতীয়টি, বার্মিংহামে। ওয়েবসাইট।