তামিমের কথায় দলেরই স্বপ্ন ও প্রতিজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্প কথা বললেও সাকিবের সংবাদ সম্মেলন উপভোগ্যই হয় সব সময়। এই সিরিজে ভারতীয় সাংবাদিকেরাও তাঁর কথা শুনে যারপরনাই মুগ্ধ। অথচ কাল শেষ টেস্ট শুরুর আগের সংবাদ সম্মেলনে এলেনই না সাকিব! মিডিয়া ম্যানেজারের অনেক অনুরোধেও তিনি নিজে না এসে পাঠিয়ে দিলেন তামিম ইকবালকে। গত পরশু হোটেল সোনারগাঁওয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বোর্ড সভাপতির সঙ্গে কথার যুদ্ধের পর সম্ভাব্য বিব্রতকর পরিস্থিতি এড়াতেই হয়তো সাকিবের এই ‘স্টান্স’।অধিনায়কের বদলে এসে দারুণ ব্যাট করলেন তামিম ইকবালও। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে সাকিব বলেছিলেন, ‘দলের বাকি সবাই আমার চেয়েও বেশি আত্মবিশ্বাসী।’ কাল সেই আত্মবিশ্বাসের কিছুটা ঝলক দেখালেন তামিম। টানা দুই টেস্টে ভারতের এই ব্যাটিং লাইনআপ ব্যর্থ হওয়ার সম্ভাবনা তো খুবই কম, তাই না? উত্তর তো নয়, যেন জহির খানকে পোর্ট অব স্পেনের গ্যালারিতে আছড়ে ফেলা সেই শটটির মতো খেললেন এই ওপেনার, ‘তো সমস্যা কী? আমরাও তো আবার ব্যর্থ নাও হতে পারি! ওরা ৫০০ করলে আমরা ৫৫০ করব!’ উইকেট দেখেছেন কি না—এই প্রশ্নের উত্তর, ‘উইকেট দেখি না, আমি ওই ধরনের মানুষই না!’শুধু মুখে নয়, আত্মবিশ্বাস ঠিকরে বেরোচ্ছিল যেন তামিমের চোখ থেকেও। ভাবছেন এই আত্মবিশ্বাসের জ্বালানিটা কোথায় পাওয়া গেল? দিয়েছে তামিমের নিজের শহর চট্টগ্রাম, ‘চট্টগ্রাম টেস্টে সব দিক বিবেচনা করলে আমরা ভালোই করেছি। মুশফিক, শাহাদত, সাকিবরা ভালো করেছে। হয়তো কিছু ভুল ছিল, কিন্তু আমরা চেষ্টা করব ওই ভুলগুলো শুধরে নিতে। তাহলেই আশা করি পজিটিভ কোনো ফল হবে।’ কী সেই পজিটিভ ফল? ‘হতে পারে জয়, হতে পারে ড্র!’ ১১৩ রানের বড় পরাজয়ের পরও তামিমের মুখে সন্তুষ্টির কথা শুনে অবাক হতে পারেন। তবে ভেবে দেখুন তো, মাঠের লড়াইয়ে কত সময় বোঝা গেছে লড়াইটা টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের সঙ্গে তলানিতে থাকা দলের? খুব বেশি কিন্তু পাবেন না। এ জন্যই বোধহয় এক নম্বর দলকেও দিতে পারলেন প্রচ্ছন্ন এক হুমকি, ‘আমরা এখন শুধু চেহারা দেখার জন্য মাঠে নামি না। জয়ের জন্যই মাঠে নামব।’সিরিজ শুরুর আগে আলোচনায় ছিল (মানে সমালোচনায়!) ছিল বাংলাদেশের বোলিং, চট্টগ্রাম টেস্টের পর ব্যাটিং। ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীনতায় চট্টগ্রামে বড় একটা সুযোগ হাতছাড়া হয়েছে, এমন ভাবা লোকের সংখ্যা নেহায়েত কম নয়। ‘অন্যরা খারাপ করলে বলা হয় ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে, আর আমরা করলে বলা হয় ব্যাটিংয়ে সমস্যা আছে’—তামিমের উত্তর শুনে সংবাদ সম্মেলন রুমে হাসির জোয়ার, তবে মজা করে বলা কথাটায় লুকিয়ে ছিল যেন একটা আক্ষেপও! কিন্তু এই আক্ষেপটা কি থেকেই যাবে? মারমুখী ব্যাটসম্যান এবার বললেন ধৈর্য ধরতে, ‘ব্যাটসম্যানদের সবাই অনভিজ্ঞ, অর্ধেকের বেশি খেলোয়াড় ২০টির বেশি টেস্ট খেলেনি, এমনকি সাকিবও মাত্র ১৬টি টেস্ট খেলেছে। টেস্ট ক্রিকেট কিন্তু এত সহজ না। টেস্টে ভালো শুরু করতে পারাটাই সবচেয়ে কঠিন কাজ, আমি যেমন চট্টগ্রামে পেরেছিলাম। টেস্টে এটাই তো সবচেয়ে কঠিন কাজ, এরপর এগিয়ে যাওয়া সহজ, কিন্তু সহজ কাজটাই আমরা পারিনি। কষ্টের সময়টা পার করে সহজ সময়ে আউট হয়ে যাচ্ছি। তবে আমরা যত বেশি খেলব তত উন্নতি করব। আমার ৫ নম্বর টেস্ট দেখেন, আর ১২ নম্বর ম্যাচ দেখেন, দেখলেই পার্থক্য বুঝতে পারবেন ছোট ছোট উন্নতি কতটা হয়েছে।’বাংলাদেশ দলের মধ্যেও এখন মূল আলোচনা এই ধৈর্য নিয়েই। তামিম নিজেই জানালেন, লম্বা সময় উইকেটে টিকে থাকা নিয়ে নিজেদের মধ্যেও সব সময় আলোচনা করছেন তাঁরা। ধৈর্য ধরার মন্ত্রে বদলে ফেলতে চাইছেন নিজেকেও, ‘টেস্টে আমি এখনো অনেকটাই নতুন, মাত্র ১৩টি টেস্ট খেলেছি। আমি আক্রমণাত্মক খেলতে পছন্দ করি, তবে আস্তে আস্তে চেষ্টা করছি আরও ধৈর্য ধরে খেলতে। যেমন, গত টেস্টে আমি ১২২ বল খেলেছি, ১২১ বলে মনোযোগ খুব ভালো ছিল। যেটাতে একটু হারিয়ে ফেললাম, ওই বলেই আউট হলাম। মনোযোগ তাই আরও বাড়ানোর চেষ্টা করছি।’যাওয়ার আগে জানিয়ে গেলেন, ‘সবাই অনেক কষ্ট করছি, একদিন না একদিন আমরা অনেক ভালো করবই।’ এই কথায় খুঁজে পাবেন স্বপ্ন, খুঁজে পাবেন দৃঢ়প্রতিজ্ঞা। আবার দীর্ঘশ্বাসও ফেলতে পারেন, আর কত দিন পরে আসবে ‘সেই একদিন না একদিন!’