তামিমের চেয়েও দুঃখটা বেশি সাকিবের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা টেস্টে ৯৭ রানের ইনিংস খেলার পথে সাকিব। বাংলাদেশি ব্যাটসম্যানদের পক্ষে সর্বোচ্চ চারটি নব্বইয়ের ইনিংস আছে তাঁর! ফাইল ছবি
খুলনা টেস্টে ৯৭ রানের ইনিংস খেলার পথে সাকিব। বাংলাদেশি ব্যাটসম্যানদের পক্ষে সর্বোচ্চ চারটি নব্বইয়ের ইনিংস আছে তাঁর! ফাইল ছবি

জেনে শুনে বিষ পান শুধু রবীন্দ্রসংগীতে নয়, বাংলাদেশের ক্রিকেটাররাও প্রায়ই করে থাকেন। আজ যেমন করলেন তামিম ইকবাল। ওয়াগনারের আগের বলটাই গালি দিয়ে সীমানাছাড়া করেছিলেন তামিম। পরের বলে গালিতে তাই একটা ফিল্ডার নিয়ে এলেন ব্রেন্ডন ম্যাককালাম। তামিম ঠিক ওই গালি দিয়েই মারতে চাইলেন। ম্যাককালাম যে বিষের শিশিটি বাড়িয়ে ধরেছিলেন, সেটাই যেন সানন্দে গ্রহণ করে নীলকণ্ঠ হলেন তামিম!
তামিম ‘ভদ্রতা’ করে ক্যাচ তুলে দিতে পারেন, কিন্তু সেটা লুফে না নেওয়ার ‘ভদ্রতা’টুকু কেন দেখাবেন কেন উইলিয়ামসন? টানা তিন ইনিংসে উইলিয়ামসনের তালুবন্দী হলেন বাংলাদেশের বাঁ হাতি ওপেনার। তবে এবারের দুঃখটা যে সবচেয়ে বেশি, সেটা সাজঘরে ফেরার মুখে আত্মদহনে পুড়তে থাকা তামিমকে দেখে স্পষ্টই বোঝা গেল। এই প্রথম টেস্টে নার্ভাস নাইনটিজের শিকার হলেন তামিম। অবশ্য তাঁকে দিয়ে এক ডজনের কোটা পূরণ করে ফেলল বাংলাদেশ। তামিমের আগেও ১১ বার নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা।
এঁদের মধ্যে বড় দুঃখ নিঃসন্দেহে মোহাম্মদ আশরাফুলের। ২০০৪ হারারে টেস্টে তিনি যে আউট হয়েছিলেন ৯৮ রানে! সেঞ্চুরির সবচেয়ে কাছে গিয়ে ফেরার দুঃখটা তাঁরই বেশি। ২০০১ সালে অভিষেকে টেস্ট ইতিহাসের সবচেয়ে কম বয়সী হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়ার পর শুরু হয়েছিল আশরাফুলের ধারাবাহিক ব্যর্থতা। অভিষেকে সেঞ্চুরিটা যে কোনে ‘ফ্লুক’ ছিল না, সেটা প্রমাণও করতে পারছিলেন না। ২৮ ইনিংস বিরতির পর আবার সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে মাত্র দুই রান দূরে থাকতেই আউট হন তিনি।
২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরেই ৯৭ রানে আউট হয়েছিলেন শাহরিয়ার নাফীস। ২০০৩ সালের পেশোয়ার টেস্টে ৯৭ রানে আউট হয়েছিলেন হাবিবুল বাশারও। বর্তমানে নির্বাচকের দায়িত্ব পালন করা সাবেক এই অধিনায়ক আরও একবার নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছিলেন। ২০০৫ চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে, সেবার করেছিলেন ৯৪।

হাবিবুলের মতো দুবার করে এই দুর্ভাগ্যের শিকার হয়েছেন বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিমও। ২০১০ চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৯৫। এ বছর হারারে টেস্টে আউট হয়েছেন ৯৩ রান করে।

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই সিরিজে দুবার নড়বড়ে নব্বইয়ের ঘরে আউট হন নাসির হোসেন (ঢাকায় ৯৬, খুলনায় ৯৪)।

তবে সাকিব আল হাসানের মতো দুঃখ আর কারো নেই। বাংলাদেশি ব্যাটসম্যানদের পক্ষে সর্বোচ্চ তিনবার নার্ভাস নাইনটিজের শিকার হয়েছেন এই বাঁ হাতি অলরাউন্ডার। ২০০৭ সালে টেস্ট অভিষিক্ত সাকিবকে প্রথম সেঞ্চুরির দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে তিন বছর। অথচ সেটা আসতে পারত ২০০৮ সালেই। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকায় ৯৬ রানে আউট হন সাকিব। ২০১০ সালে মিরপুরেই আবারও ৯৬ রানে আউট হয়েছিলেন তিনি, এবার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। গত বছর খুলনা টেস্টে নাসিরের মতো তিনিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আউট হয়েছেন নব্বইয়ের ঘরে। এবার করেছিলেন ৯৭!

সাকিব আফসোস করতেই পারেন। নামের পাশে দুটোর জায়গায় আজ অন্তত ছয়টি টেস্ট সেঞ্চুরি থাকতে পারত। তিনবার নার্ভাস নাইটিজে আউট হওয়ার পাশাপাশি একবার যে ৯৬ রানে অপরাজিতও ছিলেন!