তামিমের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের বা টিভির দর্শকের অনেকেরই চোখে পড়েনি ঘটনাটা। তবে মাঠের আম্পায়ারদের চোখ এড়ানো তো সহজ নয়। রিচার্ড ইলিংওয়ার্থ ও ব্রুস অক্সেনফোর্ডের নজরে ঠিকই ধরা পড়েছিলেন তামিম ইকবাল। দুই আম্পায়ার রিপোর্টও করে দেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের কাছে। ম্যাচ রেফারির কাছে দোষ স্বীকার করেন তামিম। তবে পার পাননি জরিমানা থেকে। আইসিসির আচরণবিধির লেভেল-২ ভঙ্গের দায়ে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনতে হবে বাংলাদেশের ওপেনারকে।

ঘটনা ম্যাচের দ্বিতীয় দিনের। নিউজিল্যান্ডে ইনিংসের ২৪তম ওভারে ফিল্ডিংয়ে নিজের জায়গায় যাওয়ার সময় ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে কাঁধের হালকা গুঁতো দিয়ে যান তামিম। আইসিসির আচরণবিধির ২.২.৪ ধারা অনুযায়ী মাঠে ইচ্ছাকৃত শারীরিক সংঘাতের অভিযোগ আনা হয় তামিমের বিরুদ্ধে। ম্যাচ রেফারির কাছে অভিযোগ স্বীকার করে নেওয়ায় প্রয়োজন হয়নি পূর্ণাঙ্গ শুনানির। এর আগে ২০১১ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অসদাচরণের জন্য তিরস্কার শুনতে হয়েছিল তামিমকে। মোহাম্মদ আশরাফুলের সঙ্গে মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়ানোয় ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচ বহিষ্কার করা হয়েছিল গত বছরের জানুয়ারিতে।