তামিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন বাঁ হাতে। তার পরও ব্যাট হাতে করেছেন ২৩ রান। তবে ব্যাটিং করার সময় নাকি বারবারই হাতটা ছুটে যাচ্ছিল ব্যাটের গ্রিপ থেকে। কাল এমআরআই আর সিটি স্ক্যান করার পর দুঃসংবাদই শুনতে হয়েছে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে। নতুন চোট বাঁ হাতের তালুর উল্টো দিকের হাড়ে আগে থেকেই থাকা ‘হেয়ার লাইন’ ফ্র্যাকচারটাকে ছড়িয়ে দিয়েছে আরও।তামিম জানিয়েছেন, এ ধরনের ইনজুরি পুরোপুরি সারতে তিন থেকে চার সপ্তাহ সময় লেগে যায়। আগামী ৩০ এপ্রিল থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলাটা তাই অনিশ্চিতই হয়ে পড়েছে একরকম। তবে প্রধান নির্বাচক রফিকুল আলম এখনই আশা ছাড়তে রাজি নন, ‘আজ (গতকাল) এমআরআই ও সিটি স্ক্যানের পর তামিমের ইনজুরি সম্পর্কে চিকিৎসকেরা মৌখিকভাবে জানিয়েছেন। জাতীয় দলের ফিজিও বলেছেন, এ ধরনের ইনজুরি অনেক সময় চার-পাঁচ দিনেও ঠিক হয়ে যায়। আমরাও তাই আশা ছাড়িনি। তবে আসল অবস্থাটা বোঝা যাবে কাল (আজ) স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর।’পাঁচ দিনের মধ্যে সুস্থ হলেও তামিমকে ইনজুরির অবস্থা জানতে অপেক্ষা করতে হবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। আর বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল দেশ ছাড়বে ২৪ এপ্রিল রাতে। তামিমের অবস্থার যদি উন্নতি না হয়, বিকল্প খুঁজতে খুব কম সময়ই হাতে পাবেন নির্বাচকেরা। এ ব্যাপারে প্রধান নির্বাচক তাকিয়ে ফিজিও মাইকেল হেনরির রায়ের দিকে, ‘ফিজিও যদি বলে তামিম বিশ্বকাপে খেলতে পারবে না, তার পরই আমরা বিকল্প খেলোয়াড় নেব।’জিম্বাবুয়ের বিপক্ষে গত হোম সিরিজে বাঁ হাতের ঠিক এ জায়গাতে চোট পেয়েছিলেন তামিম। হেয়ার লাইন ফ্র্যাকচারটা হয়েছিল তখনই।