তামিমের তুলনা শেবাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় দলের চিন্তাজুড়ে এখন কেবলই দক্ষিণ আফ্রিকা। ডেল স্টেইন-মরনে মরকেলদের কীভাবে সামলাতে হবে সেই ভাবনাতেই আচ্ছন্ন তারা। একটা কি ধাক্কা খেলেন? সিরিজ তো চলছে বাংলাদেশের সঙ্গে, এর মধ্যে দক্ষিণ আফ্রিকা আসবে কোত্থেকে!হ্যাঁ, বাংলাদেশের সঙ্গে সিরিজ এখনো শেষ হয়নি। কিন্তু কাল দিনের খেলা শেষে ভারতের কোচ গ্যারি কারস্টেনদের সংবাদ সম্মেলনে থাকলে আপনি নিশ্চিতভাবেই মনে করতেন পরের দিনই শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ! খেলা নিয়ে প্রশ্ন হলো খুবই কম, সবই ভারতের ইনজুরি সমস্যা নিয়ে। রাহুল দ্রাবিড়, যুবরাজ সিংরা সামনের দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারবেন কি না এই নিয়ে খুবই উদ্বিগ্ন ভারতীয় সাংবাদিকেরা। যুবরাজ বেশ কয়েক দিনের জন্য বাইরে চলে গেছেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টটা নিশ্চিতভাবেই মিস করছেন বলে মনে করা হচ্ছে, অনেকটা একই অবস্থা দ্রাবিড়েরও। চিন্তার ছায়া পড়ল কোচ-ম্যানেজারের মুখেও।একদিক থেকে চিন্তা করলে ভাবতে পারেন, ঠিকই তো আছে। এই ম্যাচ নিয়ে আগ্রহ তাঁদের থাকবেই বা কেন, যা থাকার তা তো কেবল বাংলাদেশেরই। বিশাল এক লিড নিয়ে বাংলাদেশ ভারতকে দ্বিতীয় ইনিংসে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেবে, পঞ্চম দিনের উইকেটে ঘূর্ণি-জাদু দেখাবেন সাকিব-মাহমুদউল্লাহ, এই সুখস্বপ্ন কেবল আমরাই তো দেখতে পারি। কিন্তু ক্রিকেটীয় বাস্তবতা তো ওদের ভালোভাবেই জানা আছে। এই ম্যাচের ফলাফল নিয়ে তাই তাঁদের কোনো সন্দেহই নেই। দক্ষিণ আফ্রিকার কাছ থেকে এক নম্বর জায়গাটা কেড়ে নেওয়ার পর এই প্রথম তাদেরই মুখোমুখি হচ্ছে ভারত, সেই লড়াইয়ের আগে ব্যাটিং লাইনআপের গুরুত্বপূর্ণ দুই সদস্যকে হারালে উদ্বেগের যথেষ্ট কারণ থাকে বৈকি!ইনজুরি নিয়ে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের পর প্রশ্নের মধ্যে ধারার বিপরীতে গিয়ে কালকের দিন নিয়ে এই প্রতিবেদকের করা প্রশ্নটার উত্তর অবশ্য আগ্রহ নিয়েই দিয়েছেন। তামিমের ইনিংস নিয়ে বলতে গিয়ে কারস্টেন তাঁকে তুলনা করে ফেললেন বীরেন্দর শেবাগের সঙ্গে ‘ও আগ্রাসী খেলোয়াড়। শেবাগের মতোই ও শুরু থেকেই আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষকে চাপে ফেলতে চায়। দিনের শেষে ওকে ফেরাতে পেরে তাই ভালো লাগছে।’ বরাদ্দ ছিল প্রতিপক্ষের জন্য একটু প্রশংসা ও নিজেদের জন্য একটু সমালোচনাও, ‘ওরা আজ দারুণ খেলেছে, উইকেটও ভালো ছিল। যা ভেবেছিলাম, স্পিন ততটা ধরেনি। পাল্টা আক্রমণ করে ওরা আমাদের চাপে ফেলতে চেয়েছে। আমরাও একটু ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, যতটা ভালো বোলিং করা উচিত করতে পারিনি।’দেখা যাক, বাংলাদেশ আজ কারস্টেনদের মনোযোগ এই ম্যাচে ফেরাতে পারে কি না!