তামিমের তৃপ্তি-অতৃপ্তি
এক, দুই, তিন, চার...পাঁচ! পাঁচে পাঁচ হলো, কিন্তু ‘পাঁচ’ দেখা গেল না। টানা পাঁচ ফিফটি করলেন তামিম ইকবাল, কিন্তু এক-দুই-তিন করে পাঁচ আঙুল তো দেখালেন না! এশিয়া কাপের ফাইনালে ৫০ ছোঁয়ার পর এক এক করে হাতের চার আঙুল দেখিয়েছিলেন। টানা চার ফিফটির অভিনব উদ্যাপন। নিজে সব সময়ই এড়িয়ে যান, কিন্তু ইঙ্গিতটা বুঝতে খুব বেশি সমস্যা হয়নি কারও। বিতর্কিতভাবে তাঁকে বাদ দেওয়া হয়েছিল এশিয়া কাপের দল থেকে। সেটার জবাবেই আঙুলের চার ঘা।এবার বিতর্ক নেই বলেই কি পাঁচ আঙুলও হলো না? ‘না না, অমন কিছু নয়। আসলে একবার ভেবেছিলামও দেখাই। পরে মনে হলো থাক, কী দরকার!’—তামিমের কণ্ঠে কেমন বিষণ্নতার ছোঁয়া। আউট হওয়ার পর উইকেটে খানিকক্ষণ দাঁড়িয়েও ছিলেন হতাশ চেহারায়। টানা পাঁচ ফিফটি হলো বটে, কিন্তু কোনোটিই ৭০-এর বেশি নয়। প্রথম বাংলাদেশি হিসেবে টানা পাঁচ ফিফটির রেকর্ড এটাও মনে করিয়ে দেয়, হাতছাড়া হলো পাঁচটি সেঞ্চুরি!তামিমের ব্যাখ্যা বরাবরের মতোই পরিপূর্ণ। ব্যাখ্যার দুটি অংশ। যেহেতু দলের জয়ের দিন, তৃপ্তির অংশটাই শুরুতে আনা যাক, ‘আমি সব সময়ই চাই এমন ইনিংস খেলতে যা দলকে ম্যাচ জেতাবে। সেটা সেঞ্চুরি হোক বা ২৫ রানের ইনিংস। কালকের কথা বলি, ২০০ রানের টার্গেটগুলো সব সময়ই খুব ট্রিকি হয়। শুরুতে রান না উঠলে, সঙ্গে দু-একটি উইকেট পড়ে গেলে, দল চাপে পড়ে যায়। কাল তাই প্রয়োজন ছিল দ্রুত শুরু আর ভালো একটা ওপেনিং জুটি। সেটা করতে পেরেছি, দল জিতেছে, এই তৃপ্তি আছে।’তবে আক্ষেপটাও জুড়ে দিলেন সঙ্গে, ‘আমি চেয়েছিলাম শেষ পর্যন্ত থাকতে। যে বলটাতে আউট হলাম (নারাইনের শর্ট বল) সেটা মারার বলই ছিল, কিন্তু নিচে রাখত পারলাম না। সব ব্যাটসম্যানই চায় বড় ইনিংস খেলতে। ফিফটিগুলো সেঞ্চুরি হলে আমার চেয়ে বেশি খুশি কে হতো!’সেটা হয়নি, তবে ধরা দিতে পারে বিশ্ব রেকর্ডের ‘খুশি’। তবে টানা ফিফটির বিশ্ব রেকর্ডটা মাথায় আনতেই নারাজ তামিম, ‘রেকর্ডটা টানা ৯ ফিফটি, কে করেছেন (জাভেদ মিয়াঁদাদ) সবই জানি। কিন্তু ওসব ভাবতেই চাই না। স্রেফ এভাবে খেলে যেতে চাই।’ব্যক্তিগত হতাশার জায়গাটায় বেশ শক্ত একটার প্রলেপ দিচ্ছে দলের পারফরম্যান্স, ‘দল ব্যক্তিনির্ভর হয়ে পড়া কখনোই ভালো নয়। আজ আমরা সাকিবকে ছাড়া জিতলাম। আশা করি, আমি, সাকিব বা আরও দু-একজন না থাকলেও সমস্যা হবে না। দলে এখন অনেক পারফর্মার, অনেকেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। আর জয়টাই সব নয়, আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’তামিমের পাঁচে পাঁচ৬৪বিপক্ষ-পাকিস্তানভেন্যু-মিরপুর৭০বিপক্ষ-ভারতভেন্যু-মিরপুর৫৯বিপক্ষ-শ্রীলঙ্কাভেন্যু-মিরপুর৬০বিপক্ষ-পাকিস্তানভেন্যু-মিরপুর৫৮বিপক্ষ-ওয়েস্ট ইন্ডিজভেন্যু-খুলনা