তামিমের দুঃস্বপ্নের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউন্ডারির পাশে গোল হয়ে দাঁড়িয়ে সবাই৷ দিনের শুরুতে মাঠে নামার আগে ‘প্রভাতী’ আলোচনায় বক্তার নাম তামিম ইকবাল৷ ততক্ষণে মুশফিকুর রহিমের ভাগ্য অনেকটাই ঠিক হয়ে গেছে৷ ফিল্ডিংয়ে নামতে পারছেন না তিনি৷ সহ-অধিনায়কত্ব ফিরে পাওয়ার প্রথম সিরিজেই আচমকা পেলেন নেতৃত্বের স্বাদ৷ সাকিব আল হাসানের ডেপুটি থাকার সময় টুকটাক কিছু সময়ের জন্য মাঠে দায়িত্ব পালন করতে হয়েছে৷ তবে লম্বা সময়ের জন্য এই প্রথম৷ অথচ সেই অভিজ্ঞতাটা এমন হলো যে ভুলেই যেতে চাইবেন তামিম!

আগের দিন শেষ বিকেলের দুটি উইকেটে কিছুটা ম্যাচে ফিরেছিল বাংলাদেশ৷ কাল শুরুতেই আরও দুটি উইকেট পেলে রাশ টেনে ধরা যেত ভালোভাবেই৷ উল্টো আস্তে আস্তে নিয়ন্ত্রণ নিয়ে নিল শ্রীলঙ্কা, আর অসহায় তাকিয়ে দেখলেন তামিম৷ ভারপ্রাপ্ত অধিনায়ককে মনে হলো ভারাক্রান্ত, চাপে দিশাহারা৷ রান আটকাবেন, না আক্রমণাত্মক হবেন, সেটিই যেন বুঝে উঠতে পারছেন না৷ বোলিং পরিবর্তন আর ফিল্ডিং সাজানোয় পরিকল্পনার ছাপ থাকল সামান্যই৷ ষষ্ঠ উইকেট জুটিতে ভিতানাগের সঙ্গে সাঙ্গাকার জুটি হলো ৯০ রানের, অষ্টম উইকেটে অজন্তা মেন্ডিসের সঙ্গে ১০০, এমনকি শেষ উইকেটে নুয়ান প্রদীপের সঙ্গে ৫৪৷ কিন্তু নাটকীয় কিছু করে বা অপ্রথাগত কোনো ফিল্ড পজিশন রেখে লঙ্কান ব্যাটসম্যানদের একটু ভাবতে বাধ্য করার কাজটি করতে পারেননি ভারপ্রাপ্ত অধিনায়ক৷

শ্রীলঙ্কার ৭ উইকেট হারানোর পরই সাঙ্গাকারার জন্য নয় ফিল্ডার বাউন্ডারিতে রাখলেন৷ শেষ দিকে থিতু হওয়া ব্যাটসম্যানকে সহজ সিঙ্গেল দিয়ে অন্যদিকের ব্যাটসম্যানকে আউট করার কৌশল খারাপ কিছু নয়, তবে এত আগেই সেই পথে হাঁটা মনে হলো ভীষণ অদূরদর্শী৷ সেটার খেসারতও দিতে হয়েছে দলকে, শেষ তিন ব্যাটসম্যানকে নিয়ে সাঙ্গাকারা শ্রীলঙ্কাকে এনে দিয়েছেন ১৮২ রান। মূল বোলারদের বাদ দিয়ে লাঞ্চের পর আক্রমণ শুরু করলেন মুমিনুলকে দিয়ে৷ শরীরী ভাষা ভীষণ বাজে ছিল পুরো দলেরই, কিন্তু অধিনায়ক নিজেও সেই দলে যোগ দিলে সতীর্থদের ওপর প্রভাবটা আরও বেশি পড়ে৷ অধিনায়কের আলসে ফিল্ডিংয়ে একপর্যায়ে দলকে গুনতে হলো ৫টি পেনাল্টি রান৷ সবচেয়ে বেশি অবাক করলেন শেষ জুটির এক পর্যায়ে, সাঙ্গাকারার রান তখন ২৮৪, যথারীতি নয়জন ফিল্ডার বাউন্ডারিতে৷ এই কৌশলে ওভারের শেষ বলে সাঙ্গাকারাকে স্ট্রাইকে রাখতে ফিল্ডারদের আবার কাছাকাছি আনার কথা৷ কিন্তু তামিম তখন ফাইন লেগে ঠায় দাঁড়িয়ে, ফিল্ডাররাও সব বাউন্ডারিতেই৷ শেষ বলে সহজ সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে এলেন সাঙ্গাকারা, এক ওভার পরই টানা তিন বলে ১৬ নিয়ে ট্রিপল সেঞ্চুরি৷ মনে হচ্ছিল যেন অসহায় আত্মসমর্পণ করেছেন অধিনায়ক৷
তামিমের জন্য দিনের শেষটাও হলো দুঃস্বপ্নের মতো৷ মিরপুর টেস্টে দুই ইনিংসে তাঁর আউট হয়ে আছে বাজে টেস্ট ব্যাটিংয়ের বিজ্ঞাপন৷ কাল আউট হলেন প্রথম ওভারেই শূন্য রানে৷ এবার অবশ্য উচ্চাভিলাষী শট খেলতে যাননি, বরং একটু নিচু হওয়া বলে বোল্ড৷ তবে ভাগ্যকে খুব বেশি দায় দেওয়ার উপায় নেই, তামিম যে পা নাড়াননি একটুও!

কাল আর উইকেট হারায়নি বাংলাদেশ৷ তবে শামসুর-ইমরুলের ছটফটে ইনিংস আশ্বস্ত হওয়ার মতো বিশ্বাস জাগাতে পারেনি৷ দিন েশষে সংবাদ সম্মেলনে নাসির হোসেন বললেন, ‘কাল (আজ) আমাদের দেখে-শুনে খেলতে হবে৷ খেলা উচিত সোজা ব্যাটে লম্বা সময় ধরে৷’
এই ভাবনার প্রতিফলন িক আজ ব্যাটিংয়ে থাকবে?


স্কোরকার্ড

শ্রীলঙ্কা ১ম ইনিংস
(প্রথম দিন শেষে ৩১৪/৫; সাঙ্গাকারা ১৬০*, ভিতানাগে ০*)
রান বল ৪ ৬
সাঙ্গাকারা ক সোহাগ ব নাসির ৩১৯ ৪৮২ ৩২ ৮
ভিতানাগে এলবিডব্লু ব নাসির ৩৫ ৫২ ৬ ০
দিলরুয়ান এলবিডব্লু ব সাকিব ১ ৩ ০ ০
মেন্ডিস এলবিডব্লু ব সাকিব ৪৭ ৬৭ ৬ ০
লাকমল এলবিডব্লু ব সাকিব ০ ১১ ০ ০
প্রদীপ অপরাজিত ৪ ২২ ১ ০
অতিরিক্ত (বা ২১, লেবা ৬, ও ২, নো ১, পে ৫) ৩৫
মোট (১৫৬.৪ ওভারে অলআউট) ৫৮৭
উইকেট পতন: ৫-৩১২ (ম্যাথুস, ৮৯.৬ ওভার), ৬-৪০২ (ভিতানাগে, ১০৯.৬), ৭-৪০৫ (দিলরুয়ান, ১১০.৫), ৮-৫০৫ (মেন্ডিস, ১৩৯.২), ৯-৫৩৩ (লাকমল, ১৪৩.৬)৷
বোলিং: আল আমিন ২৫-৫-৮১-১ (নো ১), সোহাগ ৪৮-৪-১৮১-১, রাজ্জাক ৪-১-৬-০, সাকিব ৩৪-৩-১৪৮-৫ (ও ১), মাহমুদউল্লাহ ৩৪-২-১১০-১ (ও ১), নাসির ৬.৪-০-১৬-২, শামসুর ১-০-৫-০, মুমিনুল ৪-০-৮-০৷
বাংলাদেশ ১ম ইনিংস
তামিম ব লাকমল ০ ৪ ০ ০
শামসুর ব্যাটিং ৪৫ ৭৫ ৪ ০
ইমরুল ব্যাটিং ৩৬ ৭৬ ৫ ১
অতিরিক্ত (নো ৫) ৫
মোট (২৫ ওভারে, ১ উইকেটে) ৮৬
উইকেট পতন: ১-০ (তামিম, ০.৪ ওভার)৷
বোলিং: লাকমল ৫-০-১৮-১, প্রদীপ ৭-২-২৯-০ (নো ৩), মেন্ডিস ৪-১-১৩-০ (নো ২), দিলরুয়ান ৭-২-২২-০, ম্যাথুস ২-০-৪-০৷