তামিমের পর মুশফিকুরও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুশফিকুর রহিম হাসতে জানেন না এমন অভিযোগ তাঁর চরম শত্রুও করবে না। পরিস্থিতি যেমনই হোক, তাঁর মুখে সব সময় মন কেড়ে নেওয়া একটা হাসি লেগেই থাকে। সেই মুশফিকুর কিনা মাঠভর্তি খেলোয়াড়, সাংবাদিকদের সামনে কেঁদে ফেললেন!মুশফিক শুধু নিজে কাঁদলেন না। গতকাল সকালে ডান কাঁধে চোট পেয়ে মুখ কালো করে দিলেন বাংলাদেশ দলের সব খেলোয়াড়কে। অন্ধকার হয়ে গেল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাস্যোজ্জ্বল মুখটাও।হাতে অস্ত্রোপচার করানোয় দেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খেলতে পারছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। ইংল্যান্ড থেকে সামান্য চোট নিয়ে ফিরছেন দেশের সেরা ও বিশ্বের ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর মধ্যে নতুন দুশ্চিন্তার নাম হয়ে এল উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুরের চোট। চলতি বছরের ৭ টেস্টে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটিসহ ৪৬১ রান করেছেন ৩৫.৪৬ গড়ে, ১৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২৪.৮১ গড়ে ৩৯৭ রান করেছেন। এই পরিসংখ্যানই বলে শুধু উইকেটের পেছনেই নয়, ব্যাট হাতেও এখন দলের বড় নির্ভরতার নাম মুশফিকুর।অনুশীলনের সময় বল ধরতে ঝাঁপিয়েছিলেন ডান দিকে, পড়েছিলেন ডান কাঁধে ভর দিয়ে। আর তাতেই আরেকটা ধাক্কার মুখে পড়ে গেছে বাংলাদেশের ক্রিকেট। মুশফিকুরের এই চোট কতটা গুরুতর তা গতকাল পর্যন্ত বোঝা যায়নি। আজ সকালে স্ক্যান করানোর পর বোঝা যাবে। প্রাথমিক পরীক্ষায় হাড় ভেঙেছে বা চটে গেছে বলে মনে হয়নি।জাতীয় দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, ‘চোটটা সম্ভবত সফট টিস্যুতে। তাই এক্স-রে করিয়ে কিছু বোঝা যাবে না। আগামীকাল (আজ) সকালে এমআরআই করানোর পর আসলে বোঝা যাবে, চোট কতটা গুরুতর।’আজকের জন্য অপেক্ষায় আছেন মুশফিকুরও। যন্ত্রণা জড়ানো কণ্ঠেই বলছিলেন, ‘যন্ত্রণা এখনো আছে। তবে আশা করছি, খুব বড় কিছু হয়নি। আসলে কালকের (আজকের) পরীক্ষার পরই বুঝতে পারব, কী হতে যাচ্ছে।’এই পরীক্ষার দিকে ক্রিকেট-অঙ্গনের সবাই তাকিয়ে আছে। দলের অধিনায়ক, চিকিৎসক থেকে শুরু করে প্রধান নির্বাচক; সবাই আশায় বুক বাঁধছেন, মুশফিকুরের চোট গুরুতর কিছু হবে না। যদি হয়? মাশরাফি এই প্রশ্নের যেন জবাবই খুঁজে পাচ্ছিলেন না, ‘আমি ভাবতে পারছি না। ও না থাকলে উইকেটকিপিংয়ে তো বিপদ আছেই, ব্যাটিংয়ের কথাটা ভাবুন। এমনিতেই তামিম নেই। এখন যদি মুশফিক না থাকে, তাহলে মহা বিপদ। তবে আমার দৃঢ় বিশ্বাস, ও দুই-এক দিনেই সুস্থ হয়ে যাবে।’মাশরাফির মতোই শঙ্কিত প্রধান নির্বাচক রফিকুল আলম, ‘খারাপ কিছুর কথা আমি ভাবতে পারছি না। আমি এখন কোনো বিকল্পের কথা ভাবছি না। নিতান্ত ভাবতে হলে দলে অমি (জহুরুল ইসলাম) আছে। একটা সুবিধা হলো, নিউজিল্যান্ডের বিপক্ষে এটা হোম সিরিজ। তাই আমরা দলে পরেও পরিবর্তন আনতে পারব। তবে সেটা লাগবে না বলেই আশা করি।’এই একই আশায় আজ সকালের অপেক্ষায় ছিলেন মুশফিকুরও, ‘কাঁধের এই জায়গাতে এর আগেও দুই-তিনবার চোট পেয়েছি। তেমন গুরুতর কিছু কখনো হয়নি। এবার যন্ত্রণাটা বেশি। কিন্তু আশা করছি, সব ঠিক হয়ে যাবে।’মুশফিকুরের আশাটা সত্যি হওয়া খুব জরুরি।