তামিমের ব্যাটে স্বাধীনতার গান
বাংলাদেশ দলে একজন ‘খুনি’ ক্রিকেটার আছেন। যখন ইচ্ছা যাঁকে-তাঁকে খুন করে ফেলতে পারেন ‘তরবারি’ দিয়ে। ‘গডফাদার’-এর কাছ থেকে সেই ‘সুপারি’ তিনি পেয়ে গেছেন।এই ‘খুনি’র নাম তামিম ইকবাল। ‘গডফাদার’ জেমি সিডন্স। ‘খুনি’ তামিমের ‘তরবারি’ কাঠের। নাম ব্যাট। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু বিশ্বকাপে তামিম তাঁর তরবারি চালাবেন ইচ্ছামতো। সিডন্সের কাছ থেকে বোলার খুন করার লাইসেন্স যে পেয়ে গেছেন!‘আমাকে লাইসেন্স দেওয়া হয়েছে যেকোনো শট খেলার। যখন ইচ্ছা মারার। কোনো স্ট্রোকে বাধা নেই। এই লাইসেন্স পুরোপুরি কাজে লাগাতে চাই’—কাল বলছিলেন তামিম।গত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই ক্রিকেট-বিশ্ব চিনেছিল তামিমকে। মুনাফ প্যাটেলরা তখনই বুঝেছিলেন, ব্যাট তাঁর হাতে তলোয়ার। বোলাররা হন রক্তাক্ত। চার বছর পর ২০১১ বিশ্বকাপে তামিম আরও পরিণত ‘খুনি’। এমন পরিণত হাতে ‘লাইসেন্স টু কিল’ তো উঠবেই!তামিম আত্মবিশ্বাসী, তাঁর খুনে চেহারা দেখা যাবে এবারের বিশ্বকাপেও, ‘আমার সবচেয়ে বড় সুবিধা আমাকে কোনো টার্গেট দেওয়া হচ্ছে না। ১০ ওভারে ৫০-৬০ রান লাগবে, এ রকম কিছু নেই। আমিই ঠিক করব আমি কী করব।’অথচ এই কিছুদিন আগেই তামিমের হাতে সেভাবে ব্যাট ধরার শক্তি ছিল না। হাতের উল্টো পিঠে ব্যথা দর্শক বানিয়ে রাখল নিউজিল্যান্ড সিরিজে। অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচার করিয়ে মুক্ত হয়েছেন সেই ঝামেলা থেকে। চিকিৎসকেরা যদিও বলেছিলেন, বাকি জীবন একটা ব্যথা বয়ে বেড়াতে হতে পারে, এখন পর্যন্ত আশঙ্কাটা সত্যি হয়নি। তামিমের কণ্ঠে তাই স্বস্তি ঝরে, ‘অপারেশন করিয়ে আসার পর একবারও হাতে বরফ দিতে হয়নি, ওষুধ খেতে হয়নি। অথচ যখন ব্যথা নিয়ে খেলতাম, প্রতিদিন বরফ দিতাম। দিনে ৩-৪টা পর্যন্ত পেইন কিলার খেতে হতো।’দুই সময়ের মধ্যে এর চেয়েও বড় পার্থক্য—আগে ব্যাটিং করার সময় সারাক্ষণ টেনশনে থাকতাম। এখন উইকেটে গিয়ে কেবল ব্যাটিংয়েই মনোযোগ। তবে টেনশন একবার হয়েছিল। হাতে ওই ব্যথাটা পেয়েছিলেন জিম্বাবুয়ের পেসার পোফুর বলে। ফেরার ম্যাচেও সামনে যখন সেই জিম্বাবুয়ে আর পোফুকেই পেলেন—দুঃস্মৃতিটা ফিরে এসেছিল মনে!বিশ্বকাপে শতভাগ দিতে প্রতিদিন নিজেকে একটু একটু করে তৈরি করছেন তামিম। প্রতিদিনের অনুশীলনে একেকটা বিষয় নিয়ে কাজ করছেন। প্রস্তুতিতে কোনো খুঁত নেই বলেই তামিম ঘোষণা দিতে পারছেন, ‘প্রতিদিনই কোনো না কোনো দুর্বলতা নিয়ে কাজ করছি। আমি যদি আমার খেলাটা খেলতে পারি, এ রকম কেউ নেই যে আমাকে আউট করতে পারে।’বয়স আর অভিজ্ঞতা মিলিয়ে কিছুটা সংযমীও হয়েছেন। আগের মতো এখন আর কিছুক্ষণ শট না খেলতে পারলেই অস্থির হয়ে পড়েন না, ‘শেবাগের মতো ব্যাটসম্যানও কিন্তু সব সময় মারতে পারে না। আগে আমি এটাতে বিরক্ত হতাম। এ রকম হলে উল্টোপাল্টা শট খেলতাম। এখন সমস্যাটা কাটিয়ে উঠছি। ৮০ বলে ৫০ করলেও আমার আপত্তি নেই। কারণ জানি, শেষ পর্যন্ত বড় ইনিংস খেলতে পারলে পুষিয়ে দিতে পারব।’৫০-৬০-ও এখন আর কোনো রান নয়—নিজেকে তাহলে বড় আয়নায় দেখতে শুরু করেছেন তামিম! কানাডার বিপক্ষে পরশুর প্রস্তুতি ম্যাচে ওরকম ধুন্ধুমার ফিফটি করেও ম্যাচ শেষে নিজের ওপরই বিরক্ত ছিলেন তামিম। ‘আরও তো মারতে পারতাম...জিতিয়েই ফেরা যেত’—এ রকম কত না আফসোস!তবে ওই ম্যাচে যেটুকু দিয়েছেন, তাতেই নেচে উঠেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। তামিম নিজের শহর চট্টগ্রামকে আরও বড় আনন্দে ভাসানোর উপলক্ষ এনে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। চট্টগ্রামের মাঠে সেঞ্চুরির অপূর্ণতা দূর করে দেবেন বিশ্বকাপেই।